নতুন প্রধানমন্ত্রী রাজাকেও একই নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে দুর্নীতির মামলা পুনরুজ্জীবিত করতে সুইস কর্তৃপক্ষকে অনুরোধে নবনির্বাচিত প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফকে নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। অন্যথায় তাঁরও পূর্বসূরি ইউসুফ রাজা গিলানির পরিণতি হবে। আজ শুক্রবার আল জাজিরা অনলাইনে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়।আদালত অবমাননার দায়ে ইউসুফ রাজা গিলানি গত মাসে প্রধানমন্ত্রী পদ থেকে সরে যান। এর পর রাজা পারভেজ আশরাফ নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত হন।বিচারক আসিফ সাঈদ খোসা গতকাল বৃহস্পতিবার বলেন, আদালতের দেওয়া নির্দেশনা প্রধানমন্ত্রী মানতে বাধ্য। একই সঙ্গে খোসা ২৫ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছেন। এ নির্দেশ পালনে ব্যর্থ হলে আদালত সংবিধান ও আইনের আওতায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।তবে জারদারির এ মামলার বিষয়ে সুইস কর্তৃপক্ষকে অনুরোধ না করার সিদ্ধান্ত আগেই নিয়ে নিয়েছে ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)।বিচার বিভাগ অনেক দিন ধরেই জারদারির বিরুদ্ধে কয়েক কোটি ডলারের এ দুর্নীতির মামলাটি পুনরুজ্জীবিত করার নির্দেশ দিয়ে আসছেন। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি আদালতের নির্দেশ অমান্য করায় গত ১৯ জুন তাঁকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যেতে বাধ্য করা হয়। এরপর মামলাটি পুনরুজ্জীবিত করার আবেদন জানিয়ে সুইস কর্তৃপক্ষকে চিঠি দেওয়ার জন্য নতুন প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফকে দুই সপ্তাহ সময় দেন আদালত।