নতুন প্রাপ্তি ভেন্যু
বক্সিংএসএ গেমসের জন্য বছরখানেক আগে থেকে প্রস্তুতি শুরু করেছেন বাংলাদেশের বক্সাররা। বনানী আর্মি স্টেডিয়ামে অনুশীলন করলেও স্বাগতিক হওয়ার আসল মজাটা উপভোগই করতে পারছিলেন না আবদুর রহিম, নাদিম হোসেনরা। অবশেষে গেমস এসে দুয়ারে কড়া নাড়তে শুরু করলেই জুটেছে নিজেদের স্থায়ী ঠিকানা। দেরিতে নির্মাণকাজ সমাপ্ত হলেও শেষ পর্যন্ত নিজেদের রিংয়ে প্র্যাকটিস করতে পেরেছেন বক্সাররা। বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে ঢিল ছোড়া দূরত্বে মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়াম, যেটির চেহারাই এখন বদলে গেছে। পুরোনো গ্যালারি ভেঙে করা হয়েছে নতুন গ্যালারি। মাঝখানে রিং। চারপাশটা সুসজ্জিত। জিমনেসিয়ামপুরোনো জিমনেসিয়ামকে অনেকেই ‘গুদামঘর’ বলে উপহাস করত। মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামের পাশের ওই জিমনেসিয়ামে ঢুকে গরমে হাঁসফাঁস করতেন খেলোয়াড়েরা। এসএ গেমস উপলক্ষে এবার একদম ঝকঝকে তকতকে উডেনফ্লোর তৈরি হয়ে গেছে। ভেতরে ঢুকলেই দেখা যাবে হাজার পাওয়ারের আলোর রোশনাই। মেঝেতে নেই কোনো দাগ। চকচকে আয়নার মতো পরিষ্কার। শীতাতপ-নিয়ন্ত্রিত পল্টনের এই উডেনফ্লোর জিমনেসিয়াম বহুদিনের স্বপ্ন পূরণ করল ব্যাডমিন্টন-টেবিল টেনিসের খেলোয়াড়দের। এখন তাঁরা ভালো একটা পরিবেশ পাবেন। আধুনিক সুযোগ-সুবিধা আছে এতে।কাবাডিআগে যেখানে ছিল খোলা মাঠ, হকি স্টেডিয়ামের পূর্ব পাশের সেই জায়গায় উঠেছে সুদৃশ্য অট্টালিকা। মাঠের মাঝখানে ম্যাট বিছানো। ওপরে আর শামিয়ানা টানাতে হয় না এখন। টিনের ছাদঢাকা ত্রিভুজাকৃতির কাবাডি স্টেডিয়ামও এবারের এসএ গেমসের উপহারই বলতে পারেন খেলোয়াড়েরা। নতুন স্টেডিয়াম, নতুন ম্যাট—বাংলাদেশের কাবাডির জন্য এটা বড় পাওয়াই। আগে মাটিতে খেলা হতো, একটা সময় দর্শকেরা রাস্তার পাশের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে খেলা দেখতেন। তারপর গ্যালারি হয়েছে, এখন সেই গ্যালারিতেও পরিবর্তনের ছোঁয়া। দুরবস্থা কাটিয়ে একটু ভদ্রস্থ পরিবেশ অবশেষে পেল কাবাডি!শুটিংগুলশানে জাতীয় শ্যুটিং কমপ্লেক্সের বিবর্ণ চেহারা মুছে এখন সেখানে অত্যাধুনিক রেঞ্জ। ১০ মিটার এয়ার রাইফেল, ৫০ মিটার রাইফেল, পিস্তল রেঞ্জ হয়েছে। আগে এই রেঞ্জে সবকিছু হাতে করতে হতো, এখন সব কম্পিউটারাইজড। ডিজিটাল টার্গেট পেপারের মাধ্যমে সব করা হচ্ছে। আগের মতো গুলি নিজে গিয়ে তুলে আনতে হবে না। স্কোর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে। এখন আর আধুনিক প্রশিক্ষণের জন্য শ্যুটিং দলকে আগের মতো বিকেএসপির রেঞ্জেও যেতে হবে না। এসএ গেমস শ্যুটিংকে আর কিছু দিতে না পারুক, একটা আধুনিক রেঞ্জ কিন্তু দিয়ে গেল!হ্যান্ডবলসোনা-রুপা যাই অর্জন হোক প্রাপ্তির খাতায়, এসএ গেমসের আগেই একটা জয় পেয়ে গেছে হ্যান্ডবল দল। সেটি হলো, তাঁরা এই গেমস উপলক্ষে নতুন একটা স্টেডিয়াম পেয়েছেন, যা হ্যান্ডবল খেলোয়াড়-কর্মকর্তাদের বহুদিনের স্বপ্ন পূরণ। হ্যান্ডবলের জন্য আলাদা স্টেডিয়াম, তাতে আবার গ্যালরি—দারুণ ব্যপার! বঙ্গবন্ধু স্টেডিয়ামের কোল ঘেঁষে তৈরি এই স্টেডিয়ামের একপাশে অনুশীলনের জন্য বিশাল জায়গা। আরেক পাশে কোর্ট। তাতে বসানো হয়েছে সিনথেটিক টার্ফ। কর্মকর্তাদের জন্য আছে আলাদা কক্ষ। মোটকথা, এখন আর কাজের পরিবেশ নেই, মাঠের অভাব আছে—এমন অভিযোগ করার সুযোগ কমে যাবে কর্মকর্তাদের সামনে। বদিউজ্জামান