নতুন ফর্মুলা গণতন্ত্র ব্যাহত করতে পারে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচনের আগে নতুন নতুন ‘ফর্মুলা’ দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা ব্যাহত করতে পারে। তিনি বলেছেন, নতুন ফর্মুলা দিয়ে জটিলতা সৃষ্টি করলে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে না। গণতন্ত্র সুসংহত হবে না। আজ শনিবার গণভবনে পাবনা জেলার তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাচনকালীন সরকারের রূপরেখা উপস্থাপনের এক দিন পর প্রধানমন্ত্রী এ মন্তব্য করলেন। নির্বাচন প্রসঙ্গে শেখ হাসিনা আরও বলেন, ‘অনেকে নির্বাচন কীভাবে হবে, তার ফর্মুলা দিচ্ছেন। হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিরুদ্ধে রায় দিয়েছে। ওটা চলে গেছে। আমরা সংবিধান সংশোধন করে সংসদীয় গণতন্ত্র সুসংহত করেছি। সংসদীয় গণতন্ত্র যেখানে আছে, সেখানে নির্বাচন কীভাবে হয়? এ ক্ষেত্রে মালয়েশিয়া, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের প্রক্রিয়া অনুসরণ করা যেতে পারে। আমাদের লক্ষ্য দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখা, যাতে কেউ জনগণের গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করতে না পারে।’বিরোধী আন্দোলনকে ধ্বংসাত্মক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘উনি মনে করেন, কয়েকটা লাশ ফেললে আর্মি এসে উনাকে ক্ষমতায় বসিয়ে দেবে। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের আগে নিরাপত্তা ছাড়াই বিরোধীদলীয় নেতা তাঁর সেনানিবাসের বাসা থেকে বেরিয়ে যান। উনি যেটা ঘটাতে চেয়েছিলেন, আমরা সেটা ঠেকিয়েছি। তবে, আমরা অনেক ব্রিলিয়ান্ট অফিসারদের হারিয়েছি।’২০০১ সালে বিএনপি দেশের প্রাকৃতিক সম্পদ বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় গিয়েছিল বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। তিনি বলেন, ‘সেবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান লতিফুর রহমানের বাসায় মিটিং হয়। আমার সঙ্গে ছিলেন জিল্লুর রহমান সাহেব। আর খালেদা জিয়ার সঙ্গে ছিলেন মান্নান ভূঁইয়া। আমেরিকার পক্ষে ছিলেন সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার। আমি চলে এলাম। উনি থেকে গেলেন। মুচলেকা দিয়ে আসলেন।’সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, এ কে খন্দকার, মোহাম্মদ নাসিম, মাহবুব উল আলম হানিফ, আবুল হাসনাত আবদুল্লাহ ও জাহাঙ্গীর কবির নানক।