নয়াদিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে মোড়ক উন্মোচন করা হলো অধ্যাপক রেহমান সোবহানের বই চ্যালেঞ্জিং দ্য ইনজাস্টিস অব পভার্টির।বৃহস্পতিবার ভারতের সাবেক কূটনীতিক ও নয়াদিল্লির কাউন্সিল ফর সোশ্যাল ডেভেলপমেন্টের প্রেসিডেন্ট মুচকুন্দ দুবে বইটির মোড়ক উন্মোচন করেন। উপস্থিত বিশিষ্টজনেরা বাংলাদেশের গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যানের লেখা বইটির ভূয়সী প্রশংসা করেন। নোবেলজয়ী অর্থনীতিবিদ মুুহাম্মদ ইউনূসও একে ‘অবশ্যপাঠ্য’ বলে অভিহিত করেছেন।অনুষ্ঠানে বক্তব্য দেন ভারতের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক প্রধান উপদেষ্টা ড. কৌশিক বসু, নয়াদিল্লিভিত্তিক ইনস্টিটিউট অব ইকোনমিক গ্রোথের পরিচালক ড. বিনা আগরওয়াল, শ্রীলঙ্কার ইনস্টিটিউট অব পলিসি স্টাডিজের নির্বাহী পরিচালক সামান কেলেগামা।বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে মুচকুন্দ দুবে বলেন, দক্ষিণ এশিয়ার দারিদ্র্যের মূল নিহিত এ অঞ্চলের সমাজে বিদ্যমান অসাম্য ও অবিচারের মধ্যে। এ বইটি দারিদ্র্যের ব্যাপারে একটি নতুন অন্তর্দৃষ্টি জুগিয়েছে।বইটি সম্পর্কে ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অধ্যাপক রেহমান সোবহান দৃঢ়ভাবে বিশ্বাস করেন, প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা পেলে দরিদ্র মানুষ নিজেরাই তাদের জীবনের নাটকীয় উন্নতি ঘটাতে পারে। বইটিতে তিনি এই বিষয়টিই যথাযথভাবে তুলে ধরেছেন। মুহাম্মদ ইউনূস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। তাঁর এ বক্তব্য আয়োজকেরা উপস্থিত সুধীমণ্ডলীকে পড়ে শোনান।জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক অমিত ভাদুড়ী এক শুভেচ্ছা বার্তায় বলেন, ‘অধ্যাপক রেহমান সোবহান দক্ষিণ এশিয়ার দারিদ্র্য এবং অর্থনৈতিক ও রাজনৈতিক প্রক্রিয়া উপলব্ধি করতে অনেক দিন ধরেই কাজ করে যাচ্ছেন। এই বইটি সত্যিই চমৎকার।’শ্রীলঙ্কার গবেষক সামান কেলেগামা বলেন, বইটি গবেষণায় একটি পথিকৃতের কাজ করেছে, যা এর আগে আলোচিত হয়নি এমন নীতি নিয়ে কাজ করেছে। উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে আগ্রহীদের জন্য এটি একটি অবশ্যপাঠ্য গ্রন্থ।চ্যালেঞ্জিং দ্য ইনজাস্টিস অব পভার্টি বইটিতে দক্ষিণ এশিয়ার দারিদ্র্যসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু আলোচিত হয়েছে। এতে দারিদ্র্যের উৎস অনুসন্ধানের চেষ্টার পাশাপাশি নীতিনির্ধারকদের জন্য দিকনির্দেশনাও রয়েছে।একটি ভিন্নধর্মী ও নতুন দৃষ্টিভঙ্গি থেকে দারিদ্র্য নিয়ে আলোচনা করেছে নতুন এই বই। এতে দারিদ্র্যের কাঠামোগত কারণের পাশাপাশি তা দূর করার জন্য নীতিগত ও প্রাতিষ্ঠানিক সংস্কারের ওপর জোর দেওয়া হয়েছে। দক্ষিণ এশিয়ায় দারিদ্র্যসংক্রান্ত ইস্যুগুলোকে বইটিতে দুভাবে ব্যাখ্যা করা হয়েছে—প্রথমত, অসম ও অন্যায্য সমাজব্যবস্থা কর্তৃক অবিচার সৃষ্টি এবং তা চিরস্থায়ী হওয়ার প্রক্রিয়া আলোচনা করা হয়েছে এবং দ্বিতীয়ত, নীতিনির্ধারকেরা এসব অবিচার দূর করায় কীভাবে অগ্রসর হতে পারেন, সে বিষয়ে সুনির্দিষ্ট পরামর্শ দেওয়া হয়েছে।দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে সম্পাদিত সমীক্ষা থেকে পাওয়া তথ্যের আলোকে এই বই দারিদ্র্যকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। এতে বলা হয়েছে, দারিদ্র্য এমন একটি প্রক্রিয়া, যাতে উন্নয়নের সুযোগ-সুবিধা এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে সমাজের কিছু অংশ বাদ রাখা হয়।