শীত এবার যেমন জাঁকিয়ে বসেছিল, তেমনি আবার চলেও গেল দ্রুতই। মাঘ শেষ না হতেই রাজধানী শীতের প্রভাবমুক্ত। আমগাছের শাখা ভরে উঠেছে মুকুলে। মাঝে মাঝে ঘূর্ণি হাওয়ার ঝাপটা। তাতে ঝরঝর করে ঝরে পড়ছে বিবর্ণ পাতার রাশি। উতলা কোকিলও ডাকছে মাঝে মাঝে। প্রকৃতিতে বসন্তের আবহ। বিকেলে বাংলা একাডেমীর বইমেলায় আসতে-যেতে আশপাশের গাছগাছালির দিকে তাকালে ঋতুর পালাবদলের রূপটি চোখে পড়ে।গতকাল সোমবার বেশ নিরিবিলি ছিল মেলার পরিবেশ। যাঁরা এসেছেন, বই কেনার চেয়ে ঘুরেফিরে সময় কাটানো আর তার ফাঁকে নতুন বইয়ের খোঁজখবর নেওয়ার দিকেই ঝোঁক ছিল বেশি। সন্ধ্যায় নজরুলসংগীতের অনুষ্ঠান ছিল মঞ্চে। গান শুনে প্রাণ ভরিয়েছেন মেলার দর্শকদের অনেকে।দুটি মলাট দিলেই বই হয় না: বারোয়ারি থেকে শুধুই প্রকাশকদের মেলা হলো বটে, কিন্তু বইয়ের মান কি তাতে বাড়াল? অ্যাডর্ন পাবলিকেশনের প্রকাশক ও প্রধান নির্বাহী সৈয়দ জাকির হোসাইন মনে করেন, প্রকাশনার গুণগত মানের তেমন উন্নতি হয়নি। তাঁর মন্তব্য, দুটি মলাট দিলেই বই হয় না। পাণ্ডুলিপিকে বই করে তুলতে হলে যে ধরনের সম্পাদনা, বানানের সংশোধনী, নকশা এসব বিষয় রয়েছে, সেখানে আমাদের এখানে তেমন বিশেষ উন্নতি হয়নি। জনপ্রিয় লেখকদের বই প্রকাশ করার কোনো কৃতিত্ব নেই। পাঠকদের শ্রেণী অনুসারে সেই ধরনের বই প্রকাশ করা, তাদের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা—এ দিকগুলো নিয়ে ভাবতে হবে। বই বিক্রি করাই প্রকাশকদের একমাত্র কাজ নয়। প্রায় একই ধরনের মন্তব্য করলেন আগামী প্রকাশনীর প্রকাশক ওসমান গণিও। তিনি বললেন, মেলার সময় দ্রুত বই প্রকাশ করার যে তাড়াহুড়ো শুরু হয়, তা অনেকটা পাগলামির পর্যায়ে পড়ে। এ প্রবণতা থেকে বের হতে হবে। সারা বছর প্রকাশনা অব্যাহত না রাখলে ত্রুটিমুক্ত বই প্রকাশ করা সম্ভব নয়।বই ও প্রযুক্তি: আইটি প্রযুক্তির অগ্রগতির প্রভাবে ছাপা বইয়ের পাঠক কমছে। তবে কি ছাপা বইয়ের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ল? এ নিয়েই ছিল গতকাল মেলা মঞ্চের আলোচনা। করুণাংশু বড়ুয়া মূল প্রবন্ধ উপস্থাপন করেন। ‘প্রযুক্তিবিপ্লব ও মুদ্রিত বইয়ের ভবিষ্যৎ’ শীর্ষক এ সেমিনারে সভাপতিত্ব করেন অধ্যাপক শামসুল বারি। আলোচনা করেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তাফা জব্বার, কবি অসীম সাহা ও মজিদ মাহমুদ। আলোচকেরা বলেন, প্রযুক্তির বিপ্লব ও মুদ্রিত বইয়ের মধ্যে কোনো বিরোধ নেই। ই-বুক যে মুদ্রিত বইয়ের জগৎকে সংকুচিত করে দিয়েছে, তা নয়। বরং ই-বুক দেশের সীমা অতিক্রম করে বইকে সারা বিশ্বে পৌঁছে দিয়েছে।আলোচনার পর গান শোনান শিল্পী নাশিদ কামাল, ইয়াকুব আলী খান, ইয়াসমিন মুশতারী, এ কে এম শহীদ কবীর, প্রিয়াংকা গোপ, নাসিমা শাহীন ও রাজিয়া সুলতানা। আবৃত্তি করেন মুস্তাফা ওয়ালীদ ও ডালিয়া আহমেদ।আজ: মঙ্গলবার আলোচনার বিষয় ‘সারস্বত ড. মুহম্মদ এনামুল হকের সারাৎসার’ সভাপতিত্ব করবেন অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম।এখনো একাত্তরের চিঠি: একাত্তরের চিঠি প্রকাশিত হয়েছিল ২০০৯ সালে। মুক্তিযোদ্ধাদের চিঠির এ সংকলনের ১৬তম মুদ্রণ এসেছে এবার প্রথমা প্রকাশনে। এবারও এ বইটির চাহিদা প্রচুর। প্রথমার স্টলের বিক্রয় প্রতিনিধি জানালেন, পুরোনো বইয়ের মধ্যে একাত্তরের চিঠির বিক্রিই তুলনামূলক বেশি। গতকাল প্রথমায় নতুন এসেছে সৈয়দ ওয়ালীউল্লাহর অগ্রন্থিত রচনা। বইটিতে রয়েছে তাঁর আগে কোনো বইতে অন্তর্ভুক্ত হয়নি এমন গল্প, প্রবন্ধ, সমালোচনা, স্মৃতিকথা ও চিঠি। শরিফুল ইসলাম ভুঁইয়ার শিশুতোষ গ্রন্থ বিড়ালের মমি। নাসরীন জাহানের উপন্যাস সিসেম দুয়ার খোলো। নতুন অন্য বইয়ের মধ্যে হুমায়ূন আহমেদের বসন্ত বিলাপ, মশিউল আলমের উইকিলিকসে বাংলাদেশ, বিবিসি জানালা ইংরেজি শেখার বই মজায় মজায় শেখা, সাজ্জাদ শরিফ অনূদিত ফেদরিকো গারসিয়া লোরকার কবিতা রক্ত ও অশ্রুর গাথা ভালো বিক্রি হয়েছে।মোড়ক উন্মোচন ও নতুন বই: নজরুল মঞ্চে পাঁচটি বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে গতকাল। নতুন বইয়ের তালিকাভুক্ত হয়েছে ১১০টি। উল্লেখযোগ্য নতুন বইয়ের মধ্যে রয়েছে অ্যাডর্ন থেকে জয়শ্রী সরকারের মাঠপর্যায়ের গবেষণাগ্রন্থ প্রান্তবাসী হরিজনদের কথা, শামসুল আলম সাঈদের গবেষণাগ্রন্থ পদাবলি সাহিত্যের উদ্ভব ও বিকাশ, আগামী থেকে হাসনাত আবদুল হাইয়ের উপন্যাস ইউটোপিয়া, তসলিমা নাসরিনের উপন্যাস ব্রহ্মপুত্রের পাড়ে, মিনার মনসুরের সাহিত্য সমালোচনা কবি ও কবিতার সংখ্যা, খান ব্রাদার্স থেকে ড. গোলাম কিবরিয়া ভুঁইয়ার প্রবন্ধ বাংলায় মুসলিম মধ্যবিত্ত শ্রেণীর বিকাশ, নবযুগ থেকে মাহফুজুর রহমানের প্রবন্ধ বাংলার নৃত্যকলা উদ্ভব ও ক্রমবিকাশ, আহমদ পাবলিশিং হাউস থেকে ড. নাজমুল আহসান কলিম উল্লাহর ধর্মবিষয়ক সুফি দর্শন ও তরিকা প্রসঙ্গ, দিব্য প্রকাশ থেকে মঈনুল আহসান সাবেরের উপন্যাস সীমাবদ্ধ, অনন্যা থেকে মুহাম্মদ হাবিবুর রহমানের প্রবন্ধ সভ্যতার সংকট ও রবীন্দ্রনাথ, আনিসুল হকের কিশোর উপন্যাস একাত্তরের একদল দুষ্টু ছেলে, শাহরিয়ার কবিরের প্রবন্ধ বাংলাদেশ-ভারত সম্পর্ক, বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা। যুক্ত থেকে এসেছে রিজিয়া রহমানের গল্প সবুজ পাহাড়, অনিন্দ্য থেকে জাকির তালুকদারের উপন্যাস ছায়া বাস্তব। অন্যপ্রকাশ থেকে এসেছে সৈয়দ মনজুরুল ইসলামের উপন্যাস শকুনের ডানা। সুলেখা থেকে এসেছে হাসান হাফিজের কবিতা টুকরো টাকরা কষ্ট ব্যথাফুল এবং কাশবন প্রকাশন থেকে ছড়া ফুল ফোটানোর ছড়া।