নতুন বইয়ের রঙিন আনন্দ দেশজুড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে শুরু হয়েছে নতুন বই পাওয়ার আনন্দ ‘পাঠ্যপুস্তক উৎসব’। নতুন বছরের প্রথম দিনে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের অধিকাংশ শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বই। এক সপ্তাহের মধ্যে সারা দেশের সব শিক্ষার্থীর হাতে বিনা মূল্যের নতুন বই পৌঁছে দেওয়া হবে।এবারই প্রথম উৎসবের মধ্য দিয়ে বছরের প্রথম দিন বেশির ভাগ শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া হলো। বছরের প্রথম দিনটি পালন করা হলো ‘পাঠ্যপুস্তক উৎসব দিবস’ হিসেবে।গতকাল শনিবার ঢাকায় মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজে কেন্দ্রীয়ভাবে সপ্তাহব্যাপী উৎসবের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ ছাড়া বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।কেন্দ্রীয় কর্মসূচি উদ্বোধনকালে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্বে বাংলাদেশই একমাত্র দেশ, যেখানে একসঙ্গে ২৩ কোটির বেশি বিনা মূল্যে বই ছাপিয়ে বিতরণ করা হচ্ছে। এক সপ্তাহের সব শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে শিক্ষামন্ত্রী বলেন, ‘যদি কোথাও ১ শতাংশ বইও কম পৌঁছে থাকে, তাহলে আমরা আমাদের বাফার স্টকের ৫ শতাংশ বই থেকে ওই বই পৌঁছে দেব।’ শিক্ষকদের উদ্দেশে মন্ত্রী বলেন, দয়া করে আপনারা শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের ভালো করে বোঝানোর চেষ্টা করুন। নোট বই না কিনে সন্তানদের পাঠ্যপুস্তক অনুসরণ করে শিক্ষা দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানান তিনি।এ বছর স্কুল ও মাদ্রাসার প্রথম থেকে নবম শ্রেণীর তিন কোটি ২২ লাখ ৩৬ হাজার শিক্ষার্থীর জন্য ২৩ কোটি ২২ লাখ বিনা মূল্যের বই বিতরণ করা হচ্ছে। গত বছর ১৯ কোটির বেশি বিনা মূল্যের বই বিতরণ করা হয়।অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নোমান উর রশিদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ প্রমুখ বক্তব্য দেন। মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।উৎসবের উদ্বোধন শেষে শিক্ষামন্ত্রী টিকাটুলী সরকারি কামরুননেছা বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে বই বিতরণ করেন। অন্যদিকে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন চট্টগ্রাম মহানগরের লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং প্রতিমন্ত্রী মোতাহার হোসেন ঢাকায় সেনপাড়া পর্বতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করেন।বিনা মূল্যে বই বিতরণ কর্মসূচির বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রতন সিদ্দিকী প্রথম আলোকে বলেন, সারা দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম দিনই শিক্ষার্থীদের বই দিতে বলা হয়েছে। কিন্তু অনেক প্রতিষ্ঠানে এখনো ফলাফল ঘোষণা এবং ভর্তি কার্যক্রম শেষ হয়নি। তারা জাতীয় শিক্ষাক্রম ও পাঠপুস্তক বোর্ডের (এনসিটিবি) কাছে কিছু সময় চেয়েছে। এ কারণে কোথাও কোথাও বই দিতে সময় কিছু বেশি লাগতে পারে।রঙিন উৎসব: বছরের প্রথম দিন নতুন বই, তার ওপর ঝকঝকে চকচকে চার রঙা বই পেয়ে শিশুদের আনন্দ যেন বেড়ে গেছে কয়েক গুণ। নতুন রঙিন বই শিশুদের উৎসবকে করে তুলেছে রঙিন।প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের চার রঙের রঙিন বই দেওয়া হচ্ছে এবারই প্রথম। বইয়ের প্রতি শিশুদের আকৃষ্ট করতে নেওয়া হয়েছে এই উদ্যোগ।জীবনে প্রথম বিনা মূল্যে নতুন বই পেয়েছে সেনপাড়া পর্বতা প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী মৌটুসী। সঙ্গে ছিলেন তার মা। মৌটুসী জানাল, নতুন বই পেয়ে খুব ভালো লাগছে তার। বইগুলো খুব সুন্দর। মৌটুসীর মতো সারা দেশের বিপুলসংখ্যক শিশুর মধ্যে কাজ করেছে অন্য রকম ভালো লাগা।