স্বাগত ২০১১, বিদায় ২০১০।নতুন বছর নতুন বার্তা নিয়ে আসে। নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে। মানুষের মনে জাগায় নতুন স্বপ্ন, নতুন উৎসাহ-উদ্দীপনা। তবে ২০১১ সালের অন্য রকম একটি বিশিষ্টতা রয়েছে। আমাদের স্বাধীনতার ৪০ বছর পূর্ণ হবে এ বছর। একই সঙ্গে আমাদের জাতীয় সংগীতের রূপকার, বিশ্বজুড়ে বাংলা ভাষার বরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের সার্ধশত বর্ষ উদ্যাপিত হচ্ছে এ বছরই।স্বাধীনতার ৪০ বছরের সূচনালগ্নে দাঁড়িয়ে আমরা আরও প্রত্যয়ী হতে চাই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। বিগত দিনের প্রাপ্তি-অপ্রাপ্তির সমীকরণ থেকে সামনে এগোতে চাই। আরও শাণিত করতে চাই বদলে যাওয়ার অঙ্গীকারকে। বিদায়ী বছরে আমাদের অর্জনের তালিকা একেবারে কম নয়। ছোট-বড় নানা ক্ষেত্রে আমাদের সাফল্য রয়েছে।কিছু কিছু ক্ষেত্রে বড় সাফল্য এসেছে, যার জন্য আমাদের অনেক দিন অপেক্ষা করতে হয়েছে। বেশ কটি ঐতিহাসিক রায় ঘোষণার বছর ছিল গত বছর, যাতে জনগণের প্রত্যাশার বিরাট প্রতিফলন ঘটেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের বিচারের রায় কার্যকর হয়েছে। মোশতাক-সায়েম-জিয়ার সামরিক শাসনকে চূড়ান্তভাবে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন আপিল বিভাগ। বাহাত্তরের সংবিধান পুনঃপ্রবর্তনের পথে বিরাট অগ্রগতি এসেছে। সংবিধানের সপ্তম সংশোধনী বাতিলের মাধ্যমে হাইকোর্ট জেনারেল এরশাদের সামরিক শাসনকেও অবৈধ ঘোষণা করেছেন।গত বছর জাতীয় রাজনীতিতে বড় কোনো সংঘর্ষ না ঘটলেও, ইতিবাচক কোনো পরিবর্তন দেখা যায়নি। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে পীড়াদায়ক অশান্তি ও অস্থিরতা লক্ষ করা গেছে। সব থেকে বেদনাদায়ক ছিল বিরোধী দলের সংসদবিমুখতা আরও প্রকট হওয়া। দুই দলের মধ্যে কোনোরূপ সমঝোতা কিংবা মতৈক্যের সম্ভাবনা তিরোহিত হয়েছে। জাতীয় সংসদ মোটামুটি খুঁড়িয়ে খুঁড়িয়ে সময় পার করেছে, সংসদীয় গণতন্ত্রে যা খুবই বেমানান। জাতীয় রাজনীতিতে যেমন ইতিবাচক কিছু ছিল না, তেমনই স্থানীয় সরকারেও তেমন কোনো সুসংবাদ বয়ে আনেনি। বরং নির্বাচিত উপজেলা চেয়ারম্যানরা তাঁদের ভবিষ্যৎ প্রশ্নে নানা আশঙ্কা ব্যক্ত করেছেন। স্থানীয় সরকার শক্তিশালী করার কোনো উদ্যোগ ছিল না। এ বিষয়ে বিকেন্দ্রীকরণবিমুখ সরকারি দলের সঙ্গে বিরোধী দলের অলিখিত সখ্য চোখে পড়ে।বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে নির্বাচনী আইনে নানামুখী সংস্কার ঘটে। এর অন্যতম উদ্দেশ্য ছিল রাজনৈতিক দলগুলোতে অভ্যন্তরীণ গণতন্ত্রচর্চা বৃদ্ধি করা। কিন্তু দুই বড় দলের বিভিন্ন পর্যায়ের কমিটিগুলোর গঠন-পুনর্গঠন কিংবা শুদ্ধিকরণ-প্রক্রিয়ায় গণতন্ত্র ও স্বচ্ছতার অভাব আগের মতোই প্রকট ছিল।সরকারি দলের উল্লেখযোগ্য এমন কোনো অর্জন দেখা যায়নি, যা তাদের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারে। বরং ছাত্রলীগ, যুবলীগসহ ক্ষমতাসীন দলের কিছু সহযোগী সংগঠনের নেতা-কর্মীর নামধাম গণমাধ্যমে প্রায় বছরজুড়েই নেতিবাচক শিরোনাম হয়েছে। টেন্ডারবাজি-চাঁদাবাজি-দখলসহ নেতিবাচক নানা কর্মকাণ্ড সরকারি দলকে বিব্রত করেছে, বিশেষ করে ক্যাম্পাসে সহিংসতা ও মাস্তানিতে ছাত্রলীগের সম্পৃক্ততার প্রমাণ অব্যাহত থাকলেও প্রচলিত আইনের স্বাভাবিক প্রয়োগ তাদের ক্ষেত্রে থমকে ছিল।অন্যদিকে বিরোধী দলের ভূমিকাও জনগণকে আশাহত করেছে। দলীয় লাভ-অলাভের প্রশ্নের বাইরে দেশের ব্যাপক জনগোষ্ঠীর স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সোচ্চার হতে বিরোধী দল অসমর্থ থাকে। কিন্তু হাইকোর্টের রায় অনুযায়ী অবৈধ উপায়ে ইজারা পাওয়া একটি বাড়িকে কেন্দ্র করে দেশজুড়ে হরতাল পালন করতে তাদের বাধেনি।আবার বেতন-ভাতা, বিদেশ ভ্রমণ, সংসদীয় কমিটিতে অংশগ্রহণসহ সব ধরনের সুযোগ-সুবিধা নিলেও টানা ৫০ কার্যদিবস অনুপস্থিত থাকার রেকর্ড গড়েছে বিরোধী দল। এ ক্ষেত্রে সরকারি দলেরও উৎসাহব্যঞ্জক কোনো তৎপরতা দেখা যায়নি। সরকারি দলের অনেক সাংসদ নামকাওয়াস্তে সংসদে হাজিরা দেন এবং কাঙ্ক্ষিত ভূমিকা পালনে অপারগ থাকেন। মানুষের জন্য রাজনীতি, মানুষের কল্যাণের জন্য রাজনীতি—এই শুভবোধ গৌণ হয়ে আসার প্রবণতাই বাড়ছে। বিরোধী দলের এমন কোনো রাজনৈতিক কার্যক্রম বা কর্মসূচি ছিল না, যা জনগণকে আশাবাদী করে। বছরজুড়ে তারা ছিল লক্ষ্যহীন।বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়াকে মইনুল রোডের বাড়ি থেকে উচ্ছেদের বিষয়টি অনভিপ্রেত বিতর্কের সম্মুখীন হয়। প্রচলিত আইনে আদালতের মাধ্যমে এর নিষ্পত্তি ঘটে। কিন্তু শেষমুহূর্তে মূলত প্রক্রিয়াগত দিক নিয়ে সরকারি ও বিরোধী দল রাজনৈতিক কূটচাল ও কূটতর্কে লিপ্ত হয়।এ রকম হতাশা যেমন রয়েছে, তেমনই আশাব্যঞ্জক কিছু কার্যক্রমও সাধিত হয়েছে গত বছর। গঠিত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, শুরু হয়েছে যুদ্ধাপরাধের বিচার-প্রক্রিয়া। গ্রেপ্তার করা হয়েছে সন্দেহভাজন কয়েকজন যুদ্ধাপরাধীকে। তদন্তকাজ চলছে। যদিও এ নিয়ে কিছু প্রশ্ন, কিছু সন্দেহ রয়েছে জনমনে এবং এ বিষয়ে পর্যবেক্ষকদের মধ্যে। আমাদের প্রত্যাশা, সর্বাধিক নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রেখে বিচারকাজ সম্পন্ন করা হবে।সরকারের একটি বড় অগ্রগতি হলো জাতীয় শিক্ষানীতি প্রণয়ন। সংবিধানের নির্দেশনা অনুযায়ী, সর্বজনীন, সুপরিকল্পিত, বিজ্ঞানমনস্ক ও মানসম্মত শিক্ষাদানে সক্ষম শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ভিত্তি হিসেবে প্রণীত হয় জাতীয় শিক্ষানীতি ২০১০। দেশের প্রায় সবার কাছেই এ নীতি গ্রহণযোগ্য হয়েছে।কৃষিতে উল্লেখযোগ্য সাফল্য এলেও নিত্যপ্রয়োজনীয় বেশ কিছু পণ্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস অবস্থা বিরাজমান ছিল বছরজুড়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতিতে বড় রকমের বিপর্যয় না ঘটলেও বেশ কিছু অপ্রত্যাশিত ঘটনা সার্বিক পরিস্থিতিকে নাজুক করে রেখেছিল। বিচারবহির্ভূত ‘হত্যাকাণ্ড’ বন্ধে সরকারের প্রতিশ্রুতি থাকলেও এমন মানবতাবিরোধী ঘটনা ঘটেই চলেছে। এসব দেশে-বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করছে।অপরদিকে, জঙ্গি দমনে সরকারের সাফল্য প্রশংসার দাবি রাখে। জঙ্গি কার্যক্রম একেবারে নির্মূল না হলেও এদের তৎপরতা অনেকাংশেই কমে এসেছে। কঠোর হস্তে দমন অব্যাহত রাখলে আশা করা যায়, নতুন বছরে পরিস্থিতির আরও উন্নতি ঘটবে।বিদ্যুৎ, গ্যাসের মতো নিত্যপ্রয়োজনীয় জ্বালানির ক্ষেত্রে তেমন কোনো আশার আলো দেখা যায়নি। বিদ্যুৎ উৎপাদনে বড় কয়েকটি পদক্ষেপ নেওয়া হলেও তার বাস্তবায়ন কবে নাগাদ হবে, তা নিশ্চিত নয়। সরকার প্রশাসনে গতিশীলতা আনতে সক্ষম হয়েছে বলে বাস্তব দৃষ্টে মনে হয় না। বরং আস্থাহীনতার ব্যাপারটা কখনো কখনো প্রকট হয়ে দেখা দিয়েছে। প্রশাসনে দলীয় প্রভাব সৃষ্টির বিষয়টি কমেনি।স্বাধীনতার ৪০ বছরে এসে এমন একটা দুঃখ ও বেদনার কথা উল্লেখ করতে হচ্ছে, যার মাত্রা গত বছরে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। নারীর প্রতি উত্ত্যক্তকরণ বা ইভ টিজিং ছিল গত বছরের আলোচনার কেন্দ্রবিন্দুতে। রাজধানীসহ সারা দেশে ভয়াবহভাবে বেড়ে যায় সামাজিক এই ব্যাধি। বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির এক পরিসংখ্যানে দেখা যায়, গত বছর দেশে ইভ টিজিংয়ের শিকার হয়ে আত্মহত্যা করেছে ৩৪ কিশোরী ও তরুণী। ইভ টিজিংয়ের ঘটনা ঘটেছে ২৯৪টি। অন্যদিকে, নারী নির্যাতন, নারীর ওপর এসিড নিক্ষেপ প্রভৃতি বন্ধ হয়নি। সারা বছর ধরে গাড়ি, রেল, নৌ বা অন্যান্য দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছে। বিদায়ী বছরে হঠাৎ করেই দেখা যায় অ্যানথ্রাক্স-আতঙ্ক। জনস্বাস্থ্য সমস্যা হিসেবে তা প্রকট রূপ নেয়।পররাষ্ট্রনীতিতে গত বছরের একটি উল্লেখযোগ্য দিক হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর, যা বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করছে। একইভাবে চীনের সঙ্গেও সম্পর্ক জোরদার হচ্ছে। যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক উন্নত হয়েছে। তবে অভ্যন্তরীণ কিছু বিষয়ে তাদের মধ্যে সরকারের কাজে সমালোচনা রয়েছে।সমস্যা ও সংকটের মধ্যেই আশার আলো থাকে, গত বছরও যেমনটা ছিল। তবে সব হতাশা, দুঃখ, কষ্ট, গ্লানি ঝেড়ে ফেলে সামনে এগিয়ে যাওয়ার সময় এখনই। নতুন বছর যেহেতু আমাদের স্বাধীনতার ৪০ বছর, এ কারণে আমাদের সার্বিক উপলব্ধিতে তার একটা বিশেষ জায়গা থাকা আবশ্যক। অনেক বড় চ্যালেঞ্জের, অনেক বেশি কিছু অর্জনের বছর হিসেবে এখনই একে আমরা ধারণ করতে পারি। অতীত অর্জনগুলোকে পাথেয় করে আমাদের এবার সামনের দিকে এগিয়ে যেতে হবে। ভুলে গেলে চলবে না যে যত হতাশাই থাকুক না কেন, বিগত বছরে আমাদের অর্জন কোনো অংশে কম নয়। আমরা গত বছরই পাটের জিন আবিষ্কারের মতো বিস্ময়কর সাফল্য অর্জন করেছি। আমাদের দেশের আইসিডিডিআরবির বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, একাধিক ভাইরাসে আক্রান্ত হয়ে ব্যাকটেরিয়া কীভাবে কলেরার জীবাণুতে পরিণত হয়। রক্ত পরীক্ষা করে যক্ষ্মা রোগ নির্ণয়ের পন্থাও আবিষ্কার করেছেন একই প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা। পৃথিবীর দেশে দেশে আমাদের বিজ্ঞানী ও প্রকৌশলীরা বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে কৃতিত্বের সঙ্গে তাঁদের মেধা ও শ্রমের স্বাক্ষর রেখে চলেছেন। এভারেস্টের চূড়ায় পৌঁছেছেন মুসা ইব্রাহীম। ক্রিকেট-বিশ্বে আমরা এখন স্বীকৃত এক প্রতিদ্বন্দ্বী এবং সম্ভাবনার এক নাম। এশিয়ান গেমসের কয়েকটি খেলায় আমাদের সাফল্য রয়েছে।আমরা তো সেই জাতি, সেই মাটির সন্তান—আমাদের পূর্বসূরিরা প্রাণ দিয়ে আমাদের ভাষার মর্যাদা রক্ষা করেছেন; মুক্তিযোদ্ধারা একটা স্বাধীন দেশ দিয়ে গেছেন। আমাদের সাফল্য আর অর্জনের তালিকায় প্রায়শ যোগ হচ্ছে নতুন রেকর্ড, নতুন ঘটনা আর অভিনব সব আবিষ্কার। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য বা এমডিজি অর্জন-প্রক্রিয়ায় এই সত্যের স্বীকৃতি মেলে। অর্ধেকেরও বেশি নিচে নামিয়ে আনা সম্ভব হয়েছে আমাদের দরিদ্র জনগোষ্ঠীকে। গড় আয়ু বেড়ে ৬৬ বছরে পৌঁছেছে। নব্বইয়ের কোঠায় উন্নীত হয়েছে সর্বজনীন প্রাথমিক শিক্ষায় অংশ নেওয়ার হার। তুলনামূলকভাবে কমে এসেছে শিশু ও নবজাতকের মৃত্যুহার। এই সব পরিসংখ্যান বলে, বাংলাদেশ এগিয়ে চলেছে (আজকের বিশেষ ক্রোড়পত্র দেখুন, ৪০ বছরে ৪০ সাফল্যগাথার কাহিনি।) আশাহত হওয়ার কোনো কারণ নেই। এখন আমাদের সম্মিলিত প্রচেষ্টায় এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সময়।আমাদের উল্লেখযোগ্য অগ্রগতিগুলোকে বিবেচনায় রাখলে আমরা অবশ্যই এগিয়ে যাব। আমাদের মোট দেশজ উৎপাদন (জিডিপি) বেড়েছে, মাথাপিছু আয় বেড়েছে। বর্তমানে বাংলাদেশ খাদ্যে প্রায় স্বয়ংসম্পূর্ণ বলা যায়। রপ্তানি-আয় বেড়েছে, প্রবাসী-আয় বেড়েছে। অন্যদিকে বিশেষ সাফল্য হলো, আমরা বিদেশি সাহায্যনির্ভরতা কমিয়েছি। সুতরাং আমাদের ভয়ের কিছু নেই। বাংলাদেশ অবশ্যই এগিয়ে যাবে। স্বাধীনতার ৪০ বছরে এসে এসব অর্জন মাথায় রেখে আগামীর পথে এগিয়ে যাওয়ার চ্যালেঞ্জ মোকাবিলার বছর হলো ২০১১।এ ক্ষেত্রে আমরা আমাদের অর্জনগুলো থেকেও শক্তি নেব, প্রেরণা নেব। পৃথিবীকে আমরা দিয়েছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, দিয়েছি ক্ষুদ্রঋণের ধারণা। আমরা এনেছি শান্তিতে নোবেল পুরস্কার। গ্রামীণ ব্যাংক এবং ব্র্যাক বিশ্বজুড়ে বিভিন্ন দেশের মানুষের মধ্যে আমাদের সুনাম বৃদ্ধি করে চলেছে। আমাদের আছে পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্রসৈকত কক্সবাজার, সবচেয়ে বড় ম্যানগ্রোভ সুন্দরবন। শান্তিরক্ষায় পৃথিবীর দেশে দেশে শান্তির পতাকা নিয়ে কাজ করে চলেছেন আমাদের সাহসী সেনা ও পুলিশ সদস্য ভাইয়েরা। আমাদের সাফল্য তো কম নয়।আমরা আশাবাদী, বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা বাংলাদেশকে এক আলোকিত দেশ হিসেবে গড়ে তুলবই। ২০১১ সাল—নতুন বছরে সবার সঙ্গে আমাদেরও এই প্রত্যয় ও প্রত্যাশা—বাংলাদেশ অবশ্যই এগিয়ে যাবে। বদলে যাবে বাংলাদেশ। বাংলাদেশের স্বাধীনতার ৪০ বছরের সাফল্যকে আরও এগিয়ে নিতে হবে—নতুন বছরে এটাই আমাদের প্রত্যাশা।মতিউর রহমান: সম্পাদক, প্রথম আলো।