মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান পুলিশ, চিকিত্সক ও কারা কর্তৃপক্ষের উদ্দেশে বলেছেন, ‘আইন রক্ষা বা প্রয়োগ করতে গিয়ে ২০১২ সালে আপনারা এমন কিছু করবেন না, যাতে আইন লঙ্ঘিত হয়। হাসপাতালের দরিদ্র মানুষের ওষুধ যেন গরিবেরা পায়। কারাবন্দীদের বরাদ্দ ও অধিকার নিশ্চিত করুন। তাঁদের বরাদ্দে যেন আপনাদের পরিবারের বরাদ্দ না বাড়ে।’মিজানুর রহমান আজ শনিবার মাগুরা জেলা আইনজীবী সমিতি আয়োজিত গুণীজন সংবর্ধনা ও মানবাধিকারবিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।গুপ্তহত্যা সম্পর্কে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘গুপ্তহত্যার ঘটনা যেন আর না ঘটে। অনেকে নিখোঁজ হচ্ছেন, হারিয়ে যাচ্ছেন। লাশ নদীতে ভাসছে। এভাবে কারও মৃত্যু আমরা আর দেখতে চাই না। নতুন বছরে এমন ঘটনা ঘটলে আমরা কমিশন থেকে তদন্ত করে জনগণের সামনে উপস্থাপন করব, যেন জনগণ প্রতিরোধ গড়ে তুলতে পারে।’মিজানুর রহমান বলেছেন, ‘নতুন বছর থেকে আর মানবাধিকার ক্ষুণ্ন হতে দেব না। যে যেখানে আছেন, তাঁদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। আর তা না হলে আমরা আমাদের দায়িত্ব পালনে দ্বিধান্বিত হব না।’আইনজীবী সমিতির সভাপতি মো. আবদুল মজিদের সভাপতিত্বে সভায় সমিতির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ, সাবেক সভাপতি মো. শফিকুল ইসলাম, হাসান সিরাজ, মুখ্য বিচারিক হাকিম মো. আবু সাঈদ জোয়ার্দার প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে মাগুরার শ্রীপুর উপজেলার তারাউজিয়াল গ্রামের আলী আজমকে আমেরিকার ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় থেকে ‘পর্যটনশিল্প বিকাশের বিষয়ে ডক্টরেট ডিগ্রি’ অর্জন করায় সংবর্ধনা দেওয়া হয়।