নতুন বছরে নতুন প্রত্যাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইশরাক আরাচতুর্থ বর্ষ (অষ্টম সেমিস্টার), ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়পুরোনো বছরের প্রত্যাশা ও প্রাপ্তির ব্যবধানকে পেছনে ফেলে নতুন আশা ও সম্ভাবনার বার্তা নিয়ে এল ২০১৩ সাল। ২০১৩ সালটা যেন বাংলাদেশের অর্থনীতির জন্য সমৃদ্ধির বছর হয়, এটাই আমার প্রথম প্রত্যাশা। একটি সমৃদ্ধ দেশ চাই, যেখানে দুর্নীতির কোনো কালো ছায়া থাকবে না। সে ক্ষেত্রে নাগরিকদের সচেতনতার পাশাপাশি সরকারও দায় এড়াতে পারে না। কারণ, দুর্নীতিমুক্ত অর্থনৈতিক সমৃদ্ধিশালী দেশ গড়তে হলে নাগরিক ও সরকারের সমান অংশগ্রহণ প্রয়োজন। দুর্নীতির ধাক্কায় আমাদের অর্থনীতি মুখ থুবড়ে পড়ুক, এটা কারও কাম্য হতে পারে না। চাই শিক্ষার উন্নয়ন ও নারীর ক্ষমতায়ন, যা আমাদের দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। গত বছরের কিছু ঘটনা, যেমন: তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ড, চট্টগ্রামের বহদ্দারহাটের ফ্লাইওভারের গার্ডার ধসে পড়া, বিশ্বজিৎ হত্যা; ফলাফলস্বরূপ অনেক মানুষের আহাজারি ২০১২ সালকে কলুষিত করেছে। চাই না ২০১৩ সালে সেসব ঘটনার পুনরাবৃত্তি। সঙ্ঘমিত্রা লাবণ্য মজুমদার পঞ্চম বর্ষ, স্থাপত্য বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়গত বছর বেশ কিছু ঘটনা আমাদের নাড়া দিয়েছে। আশপাশে তাকালেই অন্যায়ভাবে ঘটে যাওয়া অনেক বিষয় চোখে পড়ছে। বিশ্বজিৎ হত্যাকাণ্ডটিও সে রকম একটি ঘটনা ছিল। এর সঙ্গে জড়িত অপরাধীদের এখন পর্যন্ত বিচার হয়নি। নতুন বছরে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই। চারপাশে ধর্ষণের মতো ন্যক্কারজনক ঘটনাও ঘটছে প্রতিনিয়ত। আমার চাওয়া, তাদের যেন যথাযথভাবে শাস্তির ব্যবস্থা করা হয়। দেশের মানুষের কাছ থেকে প্রত্যাশা, আমরা যেন নতুন প্রজন্মের মধ্যে মূল্যবোধ তৈরি করে দিতে পারি। ফারিয়া বিনতে আশরাফ এমবিএ শিক্ষার্থী, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি২০১২ সালটি ছিল নারীদের জন্য এগিয়ে যাওয়ার একটি বছর। শুধু মাধ্যমিক-উচ্চমাধ্যমিক নয়, জেএসসি ও পিএসসিতে ভালো ফলে এগিয়ে গেছে মেয়েরা। সৈয়দা রিজওয়ানা হাসানের ম্যাগসাইসাই পুরস্কার, নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরীনের এভারেস্ট বিজয়ের মতো অর্জনগুলো সব ক্ষেত্রে এ দেশের নারীদের দৃঢ় অবস্থানকে প্রতিনিধিত্ব করেছে। তাঁদের মতো হয়ে ওঠার নিরাপত্তা দিক এই সমাজ— নতুন বছরে এটাই প্রত্যাশা।নিসা চাকমাএমএসএস (প্রথম সেমিস্টার), লোকপ্রশাসন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়২০১২ সালের অনাকাঙ্ক্ষিত নানা ঘটনার পরও স্বাগত জানাই ২০১৩ সালকে। নতুন বছরের কাছে আজ প্রত্যাশা অনেক। রাঙামাটির সহিংসতা, রাজনৈতিক অস্থিতিশীলতা, রামুর নিষ্ঠুরতার মতো ঘটনাগুলোর পুনরাবৃত্তি আর যেন না হয়। সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বাঁচতে চাই আমরা। মাতৃভাষায় কথা বলতে ও পড়ালেখা করতে কে না চায়? নতুন বছরে অন্তত সব প্রাথমিক বিদ্যালয়ে আমাদের নিজ নিজ আদিবাসী ভাষায় লেখাপড়ার সুযোগ সৃষ্টি করে দেওয়া হবে, এ প্রত্যাশা সরকারের কাছে।সামারা শামীমনর্থ সাউথ ইউনিভার্সিটি, বিবিএ, চতুর্থ বর্ষএকজন নারী হিসেবে আমাদের নিরাপত্তার বিষয়টিই এখন অনেকটা মুখ্য হয়ে দাঁড়িয়েছে। গত কয়েক বছরে দেখেছি, নির্বাচনের আগে ছিনতাইয়ের প্রবণতা বেড়ে যায়। আশা করছি, এ বছর ছিনতাইয়ের হার কমে যাবে। এসব অপরাধের সঙ্গে যারা জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। জনজীবনে হরতাল একটি বড় বাধা সৃষ্টি করে। হরতালের কারণে পড়াশোনার অনেক ক্ষতি হচ্ছে। চার বছরে স্নাতক সম্পন্ন করতে পারব কি না, এটা এখন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। চাকরির ক্ষেত্রে চেনাজানা বা অন্য কোনো যোগাযোগের থেকে যোগ্যতার বিচারে যেন চাকরি পাওয়া যায়, সেটা নিশ্চিত করতে হবে।শতাব্দী হাওলাদারবিডিএস, পঞ্চম বর্ষ, ইউনিভার্সিটি ডেন্টাল কলেজআমাদের দেশে মেয়েদের প্রতি যে দৃষ্টিভঙ্গি কাজ করে, তার পরিবর্তন দরকার। মেয়েদের নিরাপত্তার বিষয়টিও সুনিশ্চিত হওয়া প্রয়োজন। নতুন বছরে এসেও মানসিকভাবে আমরা শান্তি পাচ্ছি না। প্রতিদিন যানজটে আমাদের মূল্যবান সময় চলে যাচ্ছে। এর পাশাপাশি সিএনজিচালিত অটোরিকশা, রিকশার ভাড়া বেড়েই চলেছে। সাধারণ নাগরিকদের এই যানজট, অতিরিক্ত ভাড়ার কারণে স্বাভাবিক ও সাধারণ জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেকাংশেই। স্নাতক পর্যায়ে পড়াশোনা করার জন্য পর্যাপ্ত পরিমাণে ভালো মানের শিক্ষাপ্রতিষ্ঠান নেই। বিশ্ববিদ্যালয়গুলোতে আসনসংখ্যা বৃদ্ধি করা উচিত। সীমিত আসনসংখ্যার কারণে অনেক শিক্ষার্থী ভালো মানের উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। সরকারি ও বেসরকারি পর্যায় থেকে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা দরকার। এতে করে পরবর্তী প্রজন্মের চিন্তা কমবে।