নতুন বছরের নতুন খাতা
ফুরিয়ে আসছে বসন্তের দিন। আরও একটি নতুন বছর আসছে বাঙালির জীবনে। এই বর্ষপঞ্জি বাঙালির একান্তই আপন। দীর্ঘকালের পরিক্রমায় নতুন বছরের প্রথম দিনটি এখন বাঙালির জীবনে জাতীয় চেতনার অন্যতম প্রধান উৎসবে পরিণত। ধর্মবর্ণ-নির্বিশেষে অভিন্ন হূদয়াবেগে স্পন্দিত ও চেতনায় প্রাণিত হয়ে আনন্দে শামিল হওয়ার মতো এত বিপুল আয়োজন পহেলা বৈশাখ ছাড়া আর নেই। এই উৎসবের মধ্যে দিয়ে বাঙালি এখন তার আপন সাংস্কৃতিক ঐতিহ্যের আলোকে জাতিসত্তার পরিচয়টিকেই নতুন তাৎপর্যে উপলব্ধি করে গৌরবান্বিত বোধ করে থাকে।মহানগর থেকে ছোট শহর হয়ে দেশের প্রান্তবর্তী গ্রামাঞ্চল অবধি বিপুল উদ্দীপনা এবং সাড়ম্বরে পহেলা বৈশাখ পালিত হয়ে থাকে। দিনে দিনে এর ব্যাপ্তি যেমন সম্প্রসারিত হচ্ছে, তেমনি গুণগত দিক থেকেও সাংস্কৃতিক পরিমণ্ডলকে অতিক্রম করে এই উৎসবের তাৎপর্য বহুমাত্রিকতা লাভ করছে।বাংলা নববর্ষের উৎসবের অন্যতম আয়োজন ছিল রাজপুণ্যাহ ও হালখাতা। পুণ্যাহ এখন সম্পূর্ণ বিলুপ্ত। ইতিহাসের পাতায় তার আছে তার মনোহর বয়ান। হালখাতা টিকে থাকলেও নতুন যুগে তার অবস্থাও মলিন।ঐতিহাসিকদের অনুসন্ধান থেকে আমাদের জানা যে, বৈদিক যুগে বাংলা বছরের প্রথম মাস হিসেবে অগ্রহায়ণকে গণ্য করা হতো। বর্তমান বাংলা বর্ষপঞ্জি প্রবর্তিত হয়েছিল মোগল বাদশা আকবরের সময় । তখন ছিল খোরাকি অর্থনীতি।বাংলার প্রধান ফসল ধান। আর তা ওঠে প্রধানত বৈশাখ মাসে। কৃষকের হাতে নগদ অর্থ বিশেষ ছিল না। খাজনা পরিশোধ ও দৈনন্দিন জীবনের কেনাকাটার জন্য ফসলই ছিল তার একমাত্র সম্পদ এবং বিনিময়ের মাধ্যমও। ফসল ঘরে উঠতেই খাজনা আদায় করার সুবিধার্থে সম্রাট আকবর বৈশাখ মাসকে বছরের প্রথমে এনে দিনপঞ্জিকার প্রবর্তন করেন। নবাব মুর্শিদকুলি খান পহেলা বৈশাখ থেকে বাংলায় খাজনা আদায় শুরু করেন। বছর পহেলা খাজনা আদায়ের এই আয়োজনে নামটিই ছিল রাজপুণ্যাহ। পুণ্যাহ ছাড়া পয়লা বৈশাখের আরেকটি অনুষ্ঠান অল্পকিছু পরে চালু হয়েছিল, সেটি হালখাতা। আগেই বলা হয়েছে তখন ছিল খোরাকি অর্থনীতি। সে কারণে গ্রামের কৃষকেরা সাধারণত তাদের দৈনন্দিন প্রয়োজনের কেনাকাটা করতেন বাকিতে। ফসল ঘরে উঠলে তাঁরা ফসল দিয়েই ঋণ শোধ করতেন। মুদি দোকানিরা লম্বা খাতায় খাতকদের নাম লিখে রাখতেন। দোকানিরা বছরের শুরুতে পুণ্যাহর অনুসরণে নিজ নিজ দোকানে আমন্ত্রণ জানাতেন খাতকদের। খাতকেরা পুরোনো বকেয়া শোধ করে কিছু আগাম হিসেবেও কিছু শস্য দিতেন। ব্যবসায়ীরা ভালোমন্দ পানাহারের ব্যবস্থা রাখতেন। এ দিন বেচাকেনা তেমন হতো না। দোকানটি ধুয়েমুছে তকতকে করে তোলা হতো। পঞ্চবটির পাতা ভেজানো পবিত্র জল ছিটানো হতো। দোকানের ফটকে আমপাতা বেলপাতা সুতলিতে বেঁধে ঝুলিয়ে রাখা হতো।১৯৫০ সালে জমিদারি প্রথা বিলুপ্ত হলে পুণ্যাহর আয়োজনও বন্ধ হয়ে পড়ে। কারণ এই অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষকই ছিলেন জমিদারেরা। টিকে রইল শুধু হালখাতা। দিনে দিনে অর্থনীতিরও পরিবর্তন ঘটে। খোরাকি অর্থনীতির বদলে বাণিজ্যিক অর্থনীতির প্রচলন হয়। পণ্যবিনিময়ের বদলে মুদ্রার প্রচলন বাড়তে থাকে। জীবনযাত্রা ও আর্থিক লেনদেনের জন্য ইতিমধ্যেই গ্রেগরিয়ান দিনপঞ্জিকার সঙ্গে অভ্যস্ত হয়ে পড়ে ব্রিটিশ যুগের বাঙালিরা।একটা পর্যায়ে বাকির কারবারও প্রায় বন্ধ হয়ে যায়। দোকানের ক্যাশবাক্সের ওপর ঝুলতে থাকে স্পষ্টাক্ষরে লেখা ‘বাকি চাহিয়া লজ্জা দিবেন না’, ‘বাকি দেওয়া বড় কষ্ট, বাকিতে বন্ধুত্ব নষ্ট’ এমন সব বিজ্ঞপ্তি। ফলে হালখাতার অনুষ্ঠানও তার অর্থনৈতিক গুরুত্ব হারিয়ে বিবর্ণ হয়ে পড়ে। শুধু নিয়ম রাখার দায় থেকে এখন কিছু কিছু এলাকায় স্বল্পপরিসরে পহেলা বৈশাখে হালখাতার আয়োজন করতে দেখা যায়।রাজধানীতে হালখাতার আয়োজন নিতান্তই সীমিত পরিসরে হয়ে থাকে পুরোনো ঢাকার তাঁতিবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারীবাজার এসব এলাকায়। বছরের প্রথম দিনে হালখাতার যে আয়োজন করা হয় তাতে আমন্ত্রিত হন মূলত যারা নিয়মিত কেনাকাটা করেন এমন ক্রেতা ও স্বজন সুহূদরা। মুদিদোকান থেকে বাকি বিক্রির খাতা উঠে না গেলেও সারা বছর ধরে বাকির কারবার এখান আর কোথাও চলে না। বছরের হিসেবে ঠেকেছে মাসে। সারা মাসের কেনাকাটার পর বাকির খাতায় যে অঙ্ক জমা হয় তা মাসপয়লা বেতন পেলেই শোধ করে দেন চাকুরিজীবীরা। নতুন ঢাকার পাড়া-মহল্লার মুদিদোকানের এ ধরনের বাকির কারবার চালু থাকলেও সেখানে হালখাতার রেওয়াজ চালু নেই। কারণ এক মাসের বাকি বড়জোর দু মাস অবদি টানতে রাজি বিক্রেতারা। সেটি বছরজুড়ে প্রলম্বিত হলে ব্যবসায় লাল বাতি জ্বালে ওঠার শঙ্কা ষোলোআনা। শুরুতে পয়লা বৈশাখের আয়োজনের গুরুত্ব ছিল অর্থনৈতিক। সে গুরুত্ব হ্রাস পাওয়ায় উৎসবটিও বিবর্ণ হতে হতে প্রায় হারিয়েই যায় বাঙালির জীবন থেকে। কারণ কোনো সাংস্কৃতিক চেতনা থেকে বাংলা নববর্ষ উৎসবের প্রচলন শুরু হয়নি। এমন একটা সময়ে বাঙালির নববর্ষকে আজকের দিনের মতো করে সাংস্কৃতিক চেতনার সঙ্গে সমন্বিত করে উপস্থাপনার কৃতিত্ব রবীন্দ্রনাথ ঠাকুরেরই। আরও প্রথম অনেক কিছুর মতো ঋতুভিত্তিক উৎসবের আয়োজনও করেন তিনিই প্রথম। শান্তিনিকেতনে তিনি বৈশাখ বরণের উৎসব করেছেন তো বটেই, বাংলা নববর্ষকে আবাহন করে গানে কবিতায় করে গেছেন তার নববর্ষের কালজয়ী বন্দনা।সময়ের বিবর্তনে পুণ্যাহ-হালখাতার নববর্ষকে আমরা ফিরে পেয়েছি বৈচিত্র্যময় ব্যঞ্জনায়। এটি এখন পরিণত হয়েছে বাংলাদেশের প্রধান অসাম্প্রদায়িক সাংস্কৃতিক উৎসবে। অপার আনন্দের সঙ্গে বাঙালি এর মধ্যে খুঁজে পেয়েছে তার আত্মশক্তিও।