নতুন বছরের শুরুতেই আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বছরের শুরুতেই রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের এবারের আসর। এটি উত্সবের দ্বাদশ আসর। বর্তমানে চলছে উত্সবের শেষ মুহূর্তের প্রস্তুতি। দ্বাদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব উপলক্ষে আজ বুধবার রাজধানীর ঢাকা ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উত্সব পরিচালক আহমেদ মুজতবা জামালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্সব কমিটির চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান হায়দার রিজভী, ভাইস চেয়ারম্যান সৈয়দ সাজিদুর রহমান ও উত্সব কমিটির সদস্য আজিজুর রহমান, কবি রবিউল হোসাইন, আবু মুসা দেবু, রফিকুজ্জামান এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স বিটপী দাস চৌধুরী।উত্সব পরিচালক আহমেদ মুজতবা জামাল বলেন, দ্বাদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে বাংলাদেশসহ বিশ্বের ৫৫টি দেশের ২০০টি অধিক চলচ্চিত্র এবারের উত্সবে প্রদর্শিত হবে। এ ছাড়া চলচ্চিত্র বিষয়ক একাধিক সেমিনারও অনুষ্ঠিত হবে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স বিটপী দাস চৌধুরী বলেন, ‘আমরা গত চার বছর ধরে ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সঙ্গে সেলিব্রেটিং লাইফ নামের একটি অনুষ্ঠানের আয়োজন করে আসছি। এ অনুষ্ঠানের মাধ্যমে এ ক্ষেত্রের তরুণ প্রতিভাবানদের একটি প্লাটফর্ম করে দেওয়ার চেষ্টা করছি। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক যেহেতু বাংলাদেশের সুস্থ সংস্কৃতির বিকাশে অবদান রাখার চেষ্টা করছে তাই এ ধরনের একটি উত্সবের সঙ্গে আমাদের যুক্ত হওয়া। দেশের সংস্কৃতির বিকাশের কথা ভেবেই আমরা কিন্তু বাংলাদেশ প্যানেরমা বিভাগের সঙ্গে থাকছি।’উত্সবে মোট ১১টি বিভাগে বিশ্বের বিভিন্ন দেশের বিখ্যাত চলচ্চিত্রগুলো দেখানো হবে। দ্বাদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব আয়োজনে বিভিন্নভাবে সহযোগিতা করছে চ্যানেল আই, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, মাছরাঙা প্রোডাকশনস, ঢাকা ক্লাব, আলিয়ঁস ফ্রঁসেজ, ঢাকার সুইস দূতাবাস, সিগনিস ও আমস্টারডাম ডকুমেন্টরি ফিল্ম ফেস্টিভ্যাল।