নতুন বসতি নির্মাণ অব্যাহত রাখার ঘোষণা নেতানিয়াহুর
ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদি বসতি নির্মাণের পরিকল্পনা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের দখল করে নেওয়া ফিলিস্তিনি ভূমি থেকে বসতিবিরোধী বিক্ষোভকারীদের পুলিশ হটিয়ে দেওয়ার কয়েক ঘণ্টা পর নেতানিয়াহু এ ঘোষণা দিলেন।জাতিসংঘের সাধারণ পরিষদে ভোটাভুটির পর ফিলিস্তিন জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা লাভ করে। ফিলিস্তিনকে এ ধরনের উদ্যোগ নিতে নিষেধ করে আসছিল ইসরায়েল। কিন্তু ফিলিস্তিন কর্তৃপক্ষ নিজেদের সিদ্ধান্তে অটল থাকায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয় ইসরায়েল। এরপর পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরের মাঝামাঝি একটি এলাকায় নতুন করে ইহুদি বসতি নির্মাণের ঘোষণা দেয় ইহুদি রাষ্ট্রটি। এলাকাটি ই১ নামে পরিচিত। এ এলাকায় ইহুদি বসতি গড়ে উঠলে ফিলিস্তিনিরা জেরুজালেম থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে। নেতানিয়াহু আজ রোববার ইসরায়েলের সেনা রেডিওকে বলেন, ই১-এর কাজ এগিয়ে চলেছে এবং অচিরে নির্মাণকাজ শুরু হবে। মন্ত্রিপরিষদের এক সভায় নেতানিয়াহু বলেন, ‘ওই এলাকায় ফিলিস্তিনিরা জড়ো হতে শুরু করেছে, এটা জানার পরই আমি সেখান থেকে তাদের উচ্ছেদ করার নির্দেশ দিই। এরপর গত রাতে যতটা ভালো আচরণের সঙ্গে পারা যায় ওইসব লোককে উঠিয়ে দেওয়া হয়েছে।’গত শুক্রবার ই১-এর বাব আল-শামস (আরবিতে যার অর্থ সূর্যদ্বার) এলাকায় প্রায় ২০০ ফিলিস্তিনি ইসরায়েলের পরিকল্পনার বিরোধিতা করে বিক্ষোভ করতে থাকেন। তাঁরা ওই এলাকায় প্রায় ৫০টি তাঁবু টানিয়ে প্রতিবাদ জানান। বিক্ষোভকারীরা ইসরায়েলি কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে বাব আল-শামসে অবস্থান করতে থাকেন। পরে স্থানীয় সময় শনিবার দিবাগত রাত আড়াইটার সময় পুলিশ তাঁদের ওপর হামলা চালায়। ফিলিস্তিনি আইনপ্রণেতা মুস্তাফা বার্গোতি বলেন, ‘চারদিক থেকে শত শত ইসরায়েলি পুলিশ তাঁবুর লোকেদের ঘিরে ফেলে। এরপর এক এক করে গ্রেপ্তার করে।’ইসরায়েলি পুলিশের মুখপাত্র মিকি রোজেনফেল্ড বলেন, ‘কাউকে গ্রেপ্তার করা হয়নি। তাঁদের বলা হয়েছে, আপনারা অবৈধভাবে অনুপ্রবেশ করেছেন। তাই প্রত্যেককে ধরে ধরে ওই এলাকা থেকে বের করে দেওয়া হয়েছে। কোনো পক্ষেরই কেউ আহত হয়নি।’ ওই অভিযানে প্রায় ৫০০ পুলিশ অংশ নিয়েছিল বলে তিনি জানান।প্রতিবাদকারীদের এক সংগঠক জানিয়েছেন, পুলিশের হামলায় ছয়জন বিক্ষোভকারী আহত হয়েছেন। তবে তিনি বলেন, বিক্ষোভ এ চেহারায় অব্যাহত থাকবে না। পপুলার স্ট্রাগেল কো-অর্ডিনেশন কমিটির এক বিবৃতিতে বলা হয়, ‘এটা ঐক্যবদ্ধ আন্দোলনের সমাপ্তি নয়। সর্বোচ্চ শক্তি নিয়ে এ আন্দোলন অব্যাহত থাকবে।’আল জাজিরা জানায়, রোববার ভোরে উচ্ছেদ চলার সময় কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে কালানদিয়া সেনা চৌকিতে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। বাব আল-শামসে গণমাধ্যমের কোনো কর্মীকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এ কারণে, ওই এলাকায় টানানো তাঁবুগুলো ভেঙে ফেলা হয়েছে কি না, তা জানা যায়নি।খবরে বলা হয়, ওই এলাকা থেকে কাউকে উচ্ছেদ না করার নির্দেশ ছিল ইসরায়েলি সুপ্রিম কোর্টের। তবে প্রধানমন্ত্রীর কার্যালয় গতকাল শনিবার আদালতের কাছ থেকে অনুমতি আদায় করে। ই-১ এলাকায় ইসরায়েলের বসতি নির্মাণের পরিকল্পনা ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রও এ পরিকল্পনার বিরোধিতা করে আসছে।