নতুন বসন্তের অপেক্ষায়
সূর্যোদয়ের পরপরই চারুকলা অনুষদে যন্ত্রসংগীতের সুর। উৎসবপ্রিয় বাঙালির বসন্তবরণের আনুষ্ঠানিকতার শুরু। আর এই অনুষদেরই দেয়ালে তখন ঝুলছে বাংলাদেশের অভ্যুদয়ের ওপর আঁকা ধারাবাহিক সব ছবি। শাহবাগ চত্বরে গতকাল বুধবার বসন্ত-বন্দনার পরিবর্তে ফাগুনের আগুন ঝরালেন লাখো তরুণ। ইতিহাসের দায় মেটাতে উদ্গ্রীব জনতা যেন নতুন এক বসন্তের অপেক্ষায়।বরাবরের মতোই রাজধানী ঢাকা ও ঢাকার বাইরে থেকে আসা মানুষ পয়লা ফাল্গুন উদ্যাপন করতে ছুটে গিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। অনেকে বলেছেন প্রতিবছর তাঁরা চারুকলায় আসেন, বইমেলায় যান। এ বছরই ব্যতিক্রম। মানুষ প্রাণের টানে ছুটে এসেছেন শাহবাগ চত্বরে। তরুণেরা যে দ্রোহের আগুন জ্বেলেছেন, তা ছড়িয়ে গেছে সবখানে। ‘আহা আজি এ বসন্তে কত ফুল ফোটে, কত পাখি গায়’—এমন সব গানের পরিবর্তে দিনভর শাহবাগ চত্বরে মানুষ রাজাকারের ফাঁসির দাবিতে স্লোগান দিয়েছেন। লাখো কণ্ঠে উচ্চারিত হয়েছে, ‘তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা’, ‘একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’, ‘এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন’। বেজেছে প্রতিবাদী গান, ‘তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে’, গানে গানে আহ্বান জানানো হয়েছে ‘পথে নামো, হাত ধরো, ভুলে যাও যত ভয়’। চারুকলা ইনস্টিটিউটের দেয়ালে এখন বাংলাদেশের অভ্যুদয়ের ওপর আঁকা ছবি। কাঁচি দিয়ে ভারত ভাঙছেন মোহাম্মদ আলী জিন্নাহ, এরপর একে একে এসেছে বিষাক্ত সাপের মতো ফনা তুলে পাকিস্তানি সেনানায়কেরা বাঙালিদের ওপর কীভাবে ঝাঁপিয়ে পড়ছে, বাংলার শিশুরা কতটা অসহায়, রাজাকারেরা পাকিস্তানি সেনাদের আশ্রয়-প্রশ্রয়ে স্বজাতির ওপর হত্যা, ধর্ষণে সহযোগিতা করছে এমন সব ছবি, আছে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ছবি, ফাঁসিতে ঝোলা রাজাকারের ছবি। ধারাবাহিক এ ছবির শেষ হয়েছে বাঘের তাড়ায় পলায়নপর রাজাকারদের ছবি দিয়ে। গৃহিণী শিপ্রা হাওলাদার প্রথম আলোকে বলেন, এবারের ফাগুন একেবারে আলাদা। তাঁর জীবদ্দশায় প্রথমবারের মতো ফাগুন মাসে আপামর জনতা দেশকে অপরাধমুক্ত করার প্রতিজ্ঞা করেছে। সফটওয়্যার ডেভেলপার নিলুফা আক্তার ও তাঁর স্বামী মুনতাসীর ওয়ালী বলছিলেন, প্রতিদিনই তাঁরা আন্দোলনে যোগ দিতে আসেন। অন্যান্য বছর পয়লা ফাল্গুনে সন্তানসহ বেড়াতে বের হন, এবার সন্তানকে নিয়ে এসেছেন শাহবাগের প্রজন্ম চত্বরে। ফাল্গুনের সাজে যেমন সেজেছেন অনেকে, তেমনি ব্যতিক্রম ছিল সাধারণ মানুষের পোশাক-আশাক আর সাজসজ্জাতেও। অনেকে বাসন্তী রঙের শাড়ির পরিবর্তে কালো শাড়ি পরেছিলেন। মিরপুর থেকে আসা এক গৃহিণী ফরিদা আক্তার বলেন, যত দিন না যুদ্ধাপরাধীদের ফাঁসি হচ্ছে তত দিন পর্যন্ত তিনি বাসন্তী রঙের শাড়ি পরবেন না। আবার বাসন্তী রঙের শাড়ি আর মাথায় হলুদ গাঁদার ফুলের অলংকারে সেজে শাহবাগে আসেন অনেকেই। তাঁদের কণ্ঠেও ছিল যুদ্ধাপরাধীদের বিচারের দাবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সায়ন্তিনী বললেন, ‘পয়লা বসন্তে সব সময় আনন্দ করি। এবার শাহবাগে এসেছি। মনে হয়েছে, এবার এখানেই থাকা প্রয়োজন। আরেকটি নতুন বসন্তের অপেক্ষায় আছি। সেই বসন্ত যখন আসবে, তখন অন্য রকম আনন্দে মেতে উঠব।’ বিশ্ববিদ্যালয় এলাকায় প্রায় এক যুগ ধরে চুড়ি বিক্রি করেন মাফিয়া। তিনি বলেন, এবার পয়লা ফাল্গুনে সাজসজ্জার দিকে নারীদের অত নজর নেই। তাঁরা এবার পতাকা কিনেছেন, রাজাকারের ফাঁসি চাই লেখা ব্যান্ড পরেছেন মাথায়। গণজাগরণ মঞ্চে গতকালও সংহতি প্রকাশ করতে আসেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। এসেছিলেন বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। ৩০ জন গোরখোদকও আসেন সেখানে। তাঁরা সংহতি জানিয়ে বলেন, ‘বাংলার মাটিতে কোনো যুদ্ধাপরাধীর কবর খোঁড়া হবে না। একাত্তরে রাজাকারদের ইন্ধনে অনেক মা-বোনকে হত্যা করা হয়েছে, যাঁদের আমরা কবর দিতে পারিনি। তাই এদের কবরও বাংলার মাটিতে হবে না।’ একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধারাও গতকাল সংহতি প্রকাশ করেন। গতকাল বেলা তিনটা থেকে গণজাগরণ মঞ্চে প্রতিবাদী গান করেন দেশের বিশিষ্ট শিল্পীরা। সন্ধ্যা সাতটায় মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। গতকাল মঞ্চে গান করেন ফকির আলমগীর ও তিমির নন্দী। আবৃত্তি করেন আহকামউল্লাহ। এ ছাড়া স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরাও সংগীত পরিবেশন করেন।