নতুন বাজার অনুসন্ধান করুন ও শ্রমিকদের জীবনমান বাড়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহির্বিশ্বে বাংলাদেশি পণ্যের নতুন নতুন বাজার অনুসন্ধানের জন্য শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক বাণিজ্যে দেশের অবস্থান সুসংহত করতে পণ্যের উত্পাদনশীলতা ও গুণগত মান বাড়ানোরও আহ্বান জানান তিনি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মাসব্যাপী ষষ্ঠদশ ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১১’ উদ্বোধনকালে আজ শনিবার প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে চলতি জানুয়ারি মাসজুড়েই চলবে এ মেলা। মেলার আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান, বাণিজ্যসচিব মো. গোলাম হোসেন, এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ এবং ইপিবির ভাইস চেয়ারম্যান জালাল আহমেদ উপস্থিত ছিলেন। মেলা উদ্বোধনকালে বাজার অনুসন্ধান ও পণ্যের মান বাড়ানোর পাশাপাশি শ্রমিকদের জীবনমান উন্নয়নে খেয়াল রাখারও আহ্বান জানান শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার নয়, ব্যবসা করবেন ব্যবসায়ীরা। সরকার শুধু সহায়তা দেবে। কোনো প্রতিবন্ধকতা থাকলে সরকার তা দূর করে দেবে। তবে শ্রমিকদের ছেলেমেয়েরা যেন ভালভাবে বাঁচতে পারে, সেদিকে লক্ষ রাখতে হবে।’ ব্যবসায়ীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘শ্রমিকদের সুন্দর পরিবেশ দেবেন, তাঁরা শ্রম দিয়ে আপনাদের ভালো রাখবে।’প্রধানমন্ত্রী বলেন, ডব্লিউটিও (বিশ্ব বাণিজ্য সংস্থা) বাংলাদেশের মতো দেশগুলোর জন্য একদিকে যেমন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে, অন্যদিকে এনে দিয়েছে অপার সুযোগও। রপ্তানি বাড়াতে তাই নতুন নতুন কৌশল নিয়ে এগিয়ে যেতে হবে। এলডিসি (স্বল্পোন্নত দেশ) হিসেবে শুল্কমুক্ত পণ্য রপ্তানির সুযোগের জন্য যুক্তরাষ্ট্রসহ সম্ভাবনাময় কয়েকটি দেশের সঙ্গে বাংলাদেশ আলোচনা চালিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী জানান, রপ্তানি ও বিনিয়োগ বাড়াতে ইতিমধ্যেই ব্যাংক সুদের হার ১৬-১৭ শতাংশ থেকে কমিয়ে ১২-১৩ শতাংশ করা হয়েছে। পদক্ষেপ নেওয়া হয়েছে পিপিপিকে (সরকারি-বেসরকারি অংশীদারি) কার্যকর করার। বিদ্যুত্-সংকটের জন্য আগের দুই সরকারকে দায়ী করে প্রধানমন্ত্রী বলেন, তাদের সাত বছরে এক মেগাওয়াট বিদ্যুত্ও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি। অথচ চাহিদা বেড়েছে অনেক। আশার কথা যে ৩০টি বিদ্যুেকন্দ্র নির্মাণের কাজ চলছে। ১০টির নির্মাণ কার্যাদেশ দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে। এ বছর আরও ২ হাজার ৩৬১ মেগাওয়াট বিদ্যুত্ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। আর স্বাভাবিক কারণেই এতে শিল্পায়নের গতি বাড়বে বলে তিনি মনে করেন।মেলার প্রবেশমূল্য ১৫ টাকা। মাসব্যাপী এ মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।