নতুন বাজেটে বিদ্যুেক প্রাধান্য দেওয়ার তাগিদ সাংসদদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রীর সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় সাংসদেরা বলেছেন, গ্যাস, বিদ্যুত্ ও পানি—এ তিন সংকটের কবলে এখন দেশবাসী।তাঁরা বলেছেন, গ্যাস না থাকায় বিদ্যুত্ উত্পাদন করা যাচ্ছে না। আবার কয়লার মজুদ থাকা সত্ত্বেও তা উত্তোলন করে বিদ্যুত্ উত্পাদনের কাজে লাগানো হচ্ছে না। অন্যদিকে বিদ্যুতের ঘাটতিতে বিঘ্ন ঘটছে পানি সরবরাহে। অর্থাত্ সবকিছুর মূলেই রয়েছে বিদ্যুত্।সাংসদেরা আরও বলেন, বিদ্যুতের অভাবে শুধু স্থানীয় শিল্পোত্পাদনই ব্যাহত হচ্ছে তা নয়, আকর্ষণ করা যাচ্ছে না বিদেশি বিনিয়োগও। সুতরাং ২০১০-১১ অর্থবছরের বাজেটে বিদ্যুত্ উত্পাদনের প্রতি বিশেষ নজর দিতে হবে। আর এ পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানান, পানির বিষয়টি আলাদা। তবে রাতারাতি গ্যাস ও বিদ্যুত্-সংকট মোকাবিলা করা যাবে না। অর্থমন্ত্রী বলেন, কালকেই গ্যাস-বিদ্যুতের সরবরাহ বাড়িয়ে দেওয়া সম্ভব নয়। তবে সংকট মোকাবিলার চেষ্টা চলছে। এ জন্য কয়লানীতি প্রণয়নের তাগিদ দিয়ে তিনি আরও বলেন, কয়লানীতি এখনই যদি করা যায়, তার পরও প্রতিফলন পেতে সময় লাগবে চার থেকে পাঁচ বছর।অর্থমন্ত্রী বলেন, বিদ্যুত্ তো আছেই, তারপর দেশের অন্যতম সংকট মনে হচ্ছে রাস্তার আধিক্য। এটা কমাতে হবে। রাস্তা তৈরির চাহিদার কারণে কিছুই করা যাচ্ছে না। বিশ্বের কোথাও এত বেশি রাস্তা নেই এবং অর্থনীতি এত রাস্তার চাপ আর সহ্য করতে পারবে না। গতকাল বৃহস্পতিবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অর্থ, বাণিজ্য, পরিকল্পনাসহ সাতটি স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে এ প্রাক-বাজেট আলোচনা অনুষ্ঠিত হয়। বিএনপি ও জামায়াতে ইসলামীর কোনো সাংসদ এতে ছিলেন না।পাঁচ ঘণ্টা এসি বন্ধ রাখার সাম্প্রতিক সিদ্ধান্ত হাস্যকর বলে অভিহিত করেন সাংসদ অলি আহমদ। তিনি বলেন, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য কেউ হয়তো এমন বুদ্ধি দিয়েছে। কৃষিজমির ওপর বাড়ি-ঘর বানানোতে নিষেধাজ্ঞা আরোপ, বন বিভাগের জমি যথেচ্ছা ইজারা না দেওয়া, সরকারের অনুমতি ছাড়া স্কুল-কলেজ প্রতিষ্ঠা না করা, প্রকল্পের গাড়ির অপব্যবহার রোধ, বিনিয়োগের খাত চিহ্নিত করতে জরিপ চালানো এবং সাংসদদের সম্পত্তির ওপর করারোপ করার পরামর্শ দেন অলি আহমদ।কালো টাকা ও পেশিশক্তির হাত থেকে রাজনীতিকে রক্ষা করার কথা উল্লেখ করে তিনি দেশের উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে দরপত্র-প্রক্রিয়ায় গুন্ডা-পান্ডাদের প্রভাব বন্ধ রাখারও পরামর্শ দেন। এ বি এম গোলাম মোস্তফা শেয়ারবাজারে মূলধন আয়ের ওপর ভারতে ১৫ শতাংশ এবং পাকিস্তানে ১০ শতাংশের উদাহরণ টেনে তিনি বলেন, বাংলাদেশেও তা চালু করা উচিত। মোহাম্মদ সিরাজুল আকবর বলেন, সেচের জন্য বিদ্যুত্ না দিয়ে বরং ডিজেলে ভর্তুকি বাড়ানো যেতে পারে। এতে সংকট কিছুটা কমবে। চলতি বাজেটে সরকারি-বেসরকারি অংশীদারের (পিপিপি) জন্য বরাদ্দ রাখা হলেও কোনো কাজে আসেনি। বিষয়টিকে তিনি দুঃখজনক বলে মন্তব্য করেন। এ কে এম মাঈদুল ইসলাম ইটের ভাটা, গাছ কাটা ও তামাকের চাষ বন্ধের পরামর্শ দেন। জেলাভিত্তিক না পারলেও আগামী দিনে অন্তত বিভাগভিত্তিক বাজেট করার পরামর্শ দেন হাফিজ উদ্দিন আহমেদ। ছায়েদুল হক বলেন, সব সমস্যার মূলে হলো জনসংখ্যা। এত ছোট দেশে এত বেশি মানুষ। আগামী বাজেটে রাজনৈতিক লক্ষ্যকে প্রাধান্য দিতে বলেন খালিদ মাহমুদ চৌধুরী। আলোচনা শেষে অর্থমন্ত্রী বলেন, যেখানে-যেখানে আর রাস্তা ও বাড়ি বানানো যাবে না। এ বিষয়গুলো বেশি বেশি আলোচনায় আসা উচিত। মসুর ডাল ও চিনির দাম সহনশীল রাখতে ব্যর্থতার কথা স্বীকার করে অর্থমন্ত্রী চাল, আটা, ভোজ্যতেল ও সারের দাম সহনশীল রাখতে পেরেছেন বলে উল্লেখ করেন। অর্থমন্ত্রী বলেন, ‘জনসংখ্যা নিয়ন্ত্রণ একটি জটিল বিষয়। তবে এটা ঠিক, এ ক্ষেত্রে আমরা যে অর্জন করেছিলাম, তা একটু শিথিল হয়ে গেছে।’