নতুন বার্তা পেল ভারত
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আলোচিত ঢাকা সফরে ভারতকে কার্যত নতুন বার্তা দিয়েছে বাংলাদেশ। আর একে মাথায় রেখেই এখন সাম্প্রতিক বছরগুলোর ধারাবাহিকতায় এগিয়ে যেতে হবে দুই নিকট-প্রতিবেশীর সম্পর্ক। এ লক্ষ্যে অব্যাহত রাখতে হবে আলোচনার প্রক্রিয়াও।পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ঢাকা শীর্ষ বৈঠক নিয়ে খানিকটা হতাশা তৈরি হলেও নতুন বার্তা পৌঁছে দেওয়া গেছে ভারতকে। ভারতের সঙ্গে দর-কষাকষির মূল অস্ত্রটি যে ট্রানজিট, তা তারা জানে। কিন্তু ট্রানজিট পেতে হলে বাংলাদেশের স্বার্থের বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখতে হবে—এ বিষয়টিকে হালকাভাবে নিয়েছে তারা।তিস্তা ও ট্রানজিটের মতো মূল বিষয়গুলো অমীমাংসিত থাকলেও হাসিনা-মনমোহনের আলোচনা ব্যর্থ হয়েছে—এমনটা মানতে রাজি নন বাংলাদেশের কর্মকর্তারা। তাঁদের দাবি, সাফল্যের জন্য আলোচনার প্রক্রিয়া চালু রাখতে হবে।শীর্ষ বৈঠকের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র দাবি করছে, মনমোহনের সফরের দুই দিন আগে হঠাৎ করে গুরুত্বপূর্ণ অবস্থানে চলে আসে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতেই নাকি আলোচনার দৃশ্যপটে পরিবর্তন আসে। সরকারি কর্মকর্তাদের ভাষ্য, শেষ মুহূর্তে সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর অবস্থানের কারণে ট্রানজিট নিয়ে যেমন সিদ্ধান্ত হয়নি, তেমনি ’৭৪-এর সীমান্ত চুক্তি বাস্তবায়নের প্রটোকলটিও সই হয়েছে অনেক নাটকীয়তার পর।গত মঙ্গলবার হাসিনা-মনমোহন শীর্ষ বৈঠকে উপস্থিত বাংলাদেশের দুই প্রতিনিধি গতকাল সকালে এ প্রতিবেদককে বলেন, তিস্তার চুক্তি হয়নি, এটা ঠিক। এ নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত অনিশ্চয়তা ছিল। তবে এতে অসন্তুষ্ট হওয়ার কারণ নেই। চুক্তি সইয়ের প্রক্রিয়ায় বেশ অগ্রগতি হয়েছে। যেখানে বিষয়টি আটকে গেছে, সেখান থেকে আলোচনার মাধ্যমে চুক্তি সই খুব শিগগির হবে বলে আশা করছেন তাঁরা।আলোচনার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘এবারকার বৈঠকে গত বছরের দিল্লি শীর্ষ বৈঠকের মতো অর্জন হয়নি, এটা ঠিক। তবে এতে যে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেছে, এমনটা ভাবার সুযোগ নেই। বরং আমরা মনে করি, আলোচনা শেষে সিদ্ধান্ত বাস্তবায়নের প্রক্রিয়া আগামী দিনগুলোতে আরও বেগবান হবে। গত ১৯ মাসের অভিজ্ঞতা দুই দেশকে তো সে শিক্ষাই দিচ্ছে।’ঢাকার এক কূটনীতিক স্বীকার করেন, প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা মসিউর রহমান ও গওহর রিজভীই সরকারের পক্ষ থেকে ভারতের সঙ্গে আলোচনায় সমন্বয়ের কাজটি করেছেন। এমনকি মসিউর রহমানের নেতৃত্বেই আন্তমন্ত্রণালয়ের প্রস্তুতি বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। ‘তিস্তা চুক্তি হচ্ছে না’—গত সোমবার দুপুরে ভারতের পররাষ্ট্রসচিব রঞ্জন মাথাইয়ের এ ঘোষণার পর থেকেই সরকারের শীর্ষ নেতৃত্বের বোধোদয় ঘটে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন রাতে গণভবনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিসহ কয়েকজন মন্ত্রী ও উপদেষ্টাকে নিয়ে বৈঠক করেন। ওই বৈঠকে সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা শেষে সিদ্ধান্ত হয়, ট্রানজিটের সম্মতিপত্র সই হবে না। পাশাপাশি ছিটমহল বিনিময়ের সুনির্দিষ্ট সময়সীমা দেওয়া না হলে ’৭৪-এর স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নের প্রটোকল সই না করার পক্ষে অবস্থান নেয় বাংলাদেশ। সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে কঠোর অবস্থান নিতে বলা হয় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিকে।জানতে চাইলে বাংলাদেশের একজন কর্মকর্তা বলেন, শীর্ষ বৈঠক শুরুর আগে প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী ’৭৪-এর স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নের প্রটোকল সই করার তাগিদ দেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী তাঁকে বলেন, অপদখলীয় জমি ২০১২ সালের মার্চে বাস্তবায়নের কথা বলা হয়েছে। কিন্তু ছিটমহল বিনিময়ের কোনো সময়সীমা নির্ধারিত হয়নি। এমন অবস্থায় তো এ প্রটোকল সই হতে পারে না। দীপু মনি উপদেষ্টাকে এ-ও বলেন, তিস্তা চুক্তি যেহেতু সই হচ্ছে না, সীমান্তসংক্রান্ত প্রটোকল সই করতে তাড়াহুড়ার তো প্রয়োজন নেই। শেষ পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রীর যুক্তি মেনে নেন অন্যরা। শেষ পর্যন্ত শীর্ষ বৈঠকে বিষয়টির সুরাহা হলো না। দুই প্রধানমন্ত্রী আবারও অন্য কয়েকটি বিষয়ের পাশাপাশি এ বিষয়ে আলোচনায় বসেন। পরে বাংলাদেশের মত মেনে নিয়ে ছিটমহল ও অপদখলীয় জমি একসঙ্গে হস্তান্তর করতে রাজি হয় ভারত। কিন্তু তাতেও সময় নির্দিষ্ট করা নেই। কিন্তু ততক্ষণে সেটি আর ছাপানো সম্ভব না হওয়ায় পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস হাতে লিখে প্রটোকলে সংশোধনী আনেন। আর সেই প্রটোকলটি সই করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী।মূল বিষয়গুলো অমীমাংসিত থাকছে, এটা নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। স্বাভাবিকভাবেই গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকস্থলের পরিবেশটা তেমন উৎসাহজনক ছিল না। এমন এক বিষণ্ন পরিবেশেও একেবারেই ভিন্ন আমেজে দেখা গেল সরকারের শীর্ষপর্যায়ের কয়েকজন ব্যক্তিত্বকে। শীর্ষ বৈঠক মাত্র আধা ঘণ্টার মধ্যেই শেষ হয়ে গেছে। ’৭৪-এর স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নের প্রটোকল সই হচ্ছে না, এটা নিশ্চিত হয়ে গেছে। তাই সই হওয়া যে ১০টি চুক্তি, প্রটোকল ও সমঝোতা স্মারকের তালিকা সাংবাদিকদের কাছে বিলি করা হয়, তাতেও ছিল না সীমান্তসংক্রান্ত প্রটোকলটি।দুই প্রধানমন্ত্রী তখন আবারও আলোচনায় বসেছেন। হঠাৎ করে সংবাদ সম্মেলনস্থলে উপস্থিত হয়ে গত ২০ মাসের আলোচনায় চালকের আসনে থাকা এক উপদেষ্টা আরেক উপদেষ্টার দিকে বৃদ্ধাঙ্গুলি উঁচিয়ে ধরেন। বিষয়টি চোখে পড়ে অনেকের। একটু পরই সেখানে এসে স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদারের কাছে ’৭৪-এর স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নের প্রটোকলের কপি চান মিজারুল কায়েস। ছাপানো কপি নিয়ে তাতেই ঘষামাজা করেন তিনি। উল্লসিতরা তখনো জানেন না, বাইরে যে প্রটোকলটিতে পরিবর্তন আনা হচ্ছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, ‘কূটনীতিকদের দক্ষতা নিয়ে হয়তো প্রশ্ন তোলা যায়। কিন্তু বৈদেশিক সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা রয়েছে। কাজেই যেকোনো দেশের সঙ্গে আলোচনার প্রক্রিয়ায় মন্ত্রণালয়কে গুরুত্ব দেওয়াটা বাঞ্ছনীয়। তাই বৈদেশিক সম্পর্কের মাধ্যমে ফলপ্রসূ অর্জনের ক্ষেত্রে সরকারের শীর্ষপর্যায়ের নেতৃত্ব বিশেষ কাউকে কোনো দায়িত্ব দিলেও তাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে যুক্ত করাটাও বাঞ্ছনীয়।