বিচারকশূন্য সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে অবশেষে নতুন বিচারক যোগদান করেছেন। দিলীপ কুমার দেবনাথ সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক হিসেবে গত ২৫ সেপ্টেম্বর যোগদান করেন। একটানা প্রায় সাত মাস বিচারকশূন্য থাকার পর নতুন বিচারক নিয়োগ হওয়ায় গুরুত্বপূর্ণ মামলার বিচারকাজ ত্বরান্বিত হবে বলে আদালতসংশ্লিষ্ট আইনজীবীরা আশা প্রকাশ করেন। আদালত সূত্র জানায়, সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মাহবুব উল ইসলাম গত ৩১ জানুয়ারি পঞ্চগড়ের জেলা জজ হিসেবে বদলি হন। এরপর থেকে বিভাগীয় ট্রাইব্যুনাল বিচারকশূন্য থাকে। এই নিয়ে গত ৪ সেপ্টেম্বর প্রথম আলোর আইন অধিকার পাতায় ‘সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল বিচারকশূন্য: গুরুত্বপূর্ণ মামলার শুনানি হচ্ছে না’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। গত ৯ সেপ্টেম্বর আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনের মাধ্যমে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক হিসেবে দিলীপ কুমার দেবনাথকে নিয়োগ দেওয়া হয়। আদালতসংশ্লিষ্ট আইনজীবীরা জানান, সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলাসহ ২৫টি গুরুত্বপূর্ণ মামলার বিচার চলমান রয়েছে। কিন্তু এতদিন বিচারক না থাকায় ভারপ্রাপ্ত বিচারকের মাধ্যমে ওই সব মামলার শুনানি কেবল পেছানো হচ্ছিল।