নতুন বিজ্ঞপ্তি দিয়েই এসআই নিয়োগ করবে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বিজ্ঞপ্তি দিয়েই পুলিশ বাহিনীতে উপপরিদর্শক (সাব-ইন্সপেক্টর বা এসআই) নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতিমধ্যে একটি জাতীয় দৈনিকে এ নিয়োগের জন্য বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সিদ্ধান্ত নিয়েছিলেন লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে ২০০ এসআই নিয়োগ দেওয়া হবে। গত ২৪ মার্চ প্রথম আলোতে এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। পরে সরকার এ সিদ্ধান্ত থেকে সরে এসে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার মাধ্যমেই আরও এসআইসহ পুলিশের অন্যান্য পদে লোক নিয়োগের সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক প্রথম আলোকে বলেন, ‘আমরা চেয়েছিলাম লিখিত পরীক্ষায় যাঁরা উত্তীর্ণ হয়েছেন, তাঁদের মধ্য থেকে মেধাবীদের শূন্য পদে নিয়োগ দিতে। এ ছাড়া আরও জনবল নেওয়ার ব্যাপারে সরকারের অনুমোদনও রয়েছে। এ বিবেচনায় এক সাথে বেশিসংখ্যক লোক নিতেই এ নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।’তবে পুলিশ সদর দপ্তরে যোগাযোগ করা হলে কয়জন এসআই নিয়োগ দেওয়া হতে পারে, এ বিষয়ে তারা কোনো তথ্য দিতে পারেনি।