নতুন বিজ্ঞাপনে নিপুন
চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র অভিনেত্রী নিপুন নাটক এবং বিজ্ঞাপনের কাজও করেন। সম্প্রতি একটি নতুন বিজ্ঞাপনের কাজ করলেন তিনি। মেহেদী প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনটির কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। প্রথম আলো ডটকমকে নিপুন বলেছেন, ‘এর আগেও আমি একই প্রতিষ্ঠানের দুটি বিজ্ঞাপনচিত্রের কাজ করেছি। সেগুলো কিন্তু বেশ প্রশংসিত হয়েছে। এবার শুটিং করে যে অভিজ্ঞতা হয়েছে, তাতে মনে হয় ভালোই হয়েছে বিজ্ঞাপনচিত্রটি। বাকিটা আসলে দর্শকেরা কীভাবে গ্রহণ করবেন তার ওপরই নির্ভর করছে।’৪ মে নিপুনের নতুন ছবি ‘বাজারের কুলি’ মুক্তি পাবে। মনতাজুর রহমান আকবর পরিচালিত এ ছবিতে নিপুন অভিনয় করেছেন ঢালিউডের খল অভিনেতা হিসেবে পরিচিত ডিপজলের বিপরীতে।এ ছাড়া নিপুন বর্তমানে ছয়টিরও বেশি ছবিতে অভিনয় করছেন। যার মধ্যে উল্লেখযোগ্য হলো ‘জান তুমি প্রাণ তুমি’, ‘এই তো ভালোবাসা’, ‘কাছে এসো ভালোবাসো’, ‘আত্মদান’, ‘অন্তর্ধান’, ‘শোভনের দিনরাত্রি’ প্রভৃতি।কথার প্রসঙ্গে নিপুন জানান, গতবারের মতো এবারও কিন্তু মেরিল-প্রথম আলো তারকা জরিপের একটি মনোজ্ঞ পরিবেশনায় আমি অংশগ্রহণ করেছি। চার দশকের জনপ্রিয় সিনেমার গান ‘সব সখীরে পার করিতে’, ‘বেদের মেয়ে জোছনা আমায়’, ‘পড়ে না চোখের পলক’, ‘খায়রুন লো’ এবং ‘প্রেমী ও প্রেমী’ গানগুলোর সঙ্গে সমবেত নৃত্য পরিবেশনে আমার সঙ্গে ছিলেন শাহেদ। এসব নৃত্যে আরও অংশ নেন নীরব, সারিকা, ইমন, শখ, শুভ ও মীম। তিনি বলেন, ‘সমবেত এ পরিবেশনাটার জন্য কিন্তু উপস্থিত সকলের কাছ থেকে বেশ প্রশংসা পেয়েছি।’