নতুন বিদ্যুৎ সংযোগ আরও তিন মাস বন্ধ
সরকার আরও তিন মাসের (জুলাই-সেপ্টেম্বর) জন্য সারা দেশে নতুন বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। চাহিদার তুলনায় প্রায় দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতির কারণে এর আগে জুন পর্যন্ত নতুন সংযোগ বন্ধ রাখা হয়েছিল। ঘাটতি তেমন না কমায় আরও তিন মাস নতুন সংযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলো। সংশ্লিষ্ট সরকারি সূত্রে এ তথ্য জানা গেছে।এদিকে গ্যাসের নতুন সংযোগও শিগগির চালু করা যাচ্ছে না। গ্যাসের সংযোগ বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তে বলা হয়েছিল, গ্যাসের উৎপাদন ২২০ কোটি (২২০০ মিলিয়ন) ঘনফুটে উন্নীত না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। গ্যাসের উৎপাদন এখন পর্যন্ত ২০০ কোটি ঘনফুটের কম থাকায় আগের সিদ্ধান্তই বহাল থাকবে।এ সম্পর্কে জানতে চাইলে বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক প্রথম আলোকে বলেন, ঘাটতির কারণে বর্তমান গ্রাহকদেরই ঠিকমতো বিদ্যুৎ দেওয়া সম্ভব হচ্ছে না। তাই নতুন সংযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, তিন মাস পর এই সিদ্ধান্ত পরিবর্তন করা যাবে কি না, তা এখনই বলা যাচ্ছে না। নতুন বিদ্যুৎ গ্রিডে কবে আসে, তার ওপর নির্ভর করবে নতুন সংযোগ চালু করার বিষয়টি।দেশের পাঁচটি বিতরণ কোম্পানি থেকে আলাদাভাবে পাওয়া হিসাব থেকে জানা গেছে, সারা দেশে প্রায় ৬০ হাজার নতুন বিদ্যুৎ সংযোগের আবেদন পড়ে আছে। এর মধ্যে ৫০ হাজারের মতো গৃহস্থালির সংযোগ। বাকিগুলো নানা শ্রেণীর (বড়, মাঝারি, ক্ষুদ্র ও কুটির) শিল্প ও বাণিজ্যিক সংযোগের আবেদন।সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির একটি সূত্র জানায়, তাদের এলাকায় একজন শিল্পোদ্যোক্তা প্রায় ছয় মাস আগে একটি কারখানা স্থাপন করে বসে আছেন। নারী-পুরুষ মিলে প্রায় ৩০০ শ্রমিক-কর্মচারীর কর্মসংস্থানও নিশ্চিত। কিন্তু বিদ্যুতের সংযোগ না পাওয়ায় এটি চালু হচ্ছে না।বিতরণ কোম্পানিগুলোর সূত্রে জানা যায়, চট্টগ্রামসহ দেশের অনেক স্থানে এ রকম অনেক শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বিদ্যুতের সংযোগ না পাওয়ায় চালু হচ্ছে না।পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) চেয়ারম্যান ভূঁইয়া সফিকুল ইসলাম বলেন, ‘একদিকে বর্তমান গ্রাহকদের বিদ্যুৎ দিতে পারছি না, অন্যদিকে নতুন সংযোগের জন্য হাজার হাজার মানুষের চাপে অতিষ্ঠ হয়ে পড়েছি। কিন্তু কিছুই করার নেই।’বিতরণ কোম্পানিগুলোর কয়েকজন কর্মকর্তা বলেন, নতুন গৃহস্থালি সংযোগ চালু রাখতে পারলেও চাপ অনেক কমত। তা ছাড়া গৃহস্থালি সংযোগে খুব বেশি বিদ্যুৎ দরকারও হয় না। সর্বোপরি শহরাঞ্চলে অনেক সময়ই প্রতি ঘণ্টায় এবং গ্রামাঞ্চলে দিনের অধিকাংশ সময় লোডশেডিং হয় জেনেও গৃহস্থালি গ্রাহকেরা সংযোগ পেতে চান।