নতুন বিদ্যুৎ-সংযোগ শুরু হয়নি, গ্রাহক অন্ধকারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ওজোপাডিকো) ছাড়া আর কোনো বিতরণ কোম্পানি এখন পর্যন্ত বিদ্যুতের নতুন সংযোগ দেওয়া শুরুই করতে পারেনি। ওজোপাডিকোও সংযোগ দিচ্ছে অত্যন্ত সীমিত পরিসরে। অথচ নতুন বিদ্যুৎ-সংযোগ দেওয়ার ওপর সরকারি নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে দুই সপ্তাহ আগে, গত ৭ নভেম্বর।এদিকে, প্রতিদিন অনেক গ্রাহক সংশ্লিষ্ট বিতরণ কোম্পানির কার্যালয়ে যোগাযোগ করছেন। জানতে চাইছেন, কবে তাঁরা বিদ্যুৎ-সংযোগ পাবেন। কিন্তু তাঁদের যেসব শর্ত পালনের কথা বলা হচ্ছে, তা শুনে তাঁরা অনেকটাই বিভ্রান্ত। কয়েকটি কোম্পানির সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকার নতুন বিদ্যুৎ-সংযোগ দেওয়ার ক্ষেত্রে যে শর্ত আরোপ করেছে, গ্রাহককে বুঝিয়ে সে অনুযায়ী ব্যবস্থা নিতে তাদের সময় লাগছে।গ্রাহকদের বিভ্রান্ত হওয়ার আরেকটি কারণ সৌরবিদ্যুতের প্যানেলের দাম। এ ব্যাপারে বিতরণ কোম্পানিগুলোর পরামর্শ সেল থেকে গ্রাহকদের যে তথ্য দেওয়া হচ্ছে, বিভিন্ন আকার ও ক্ষমতার সৌর প্যানেল যে দামে বাজারে পাওয়া যাবে বলে বলা হচ্ছে, বাজারে দাম তার চেয়ে অনেক কম। এ অবস্থায় বিতরণ কোম্পানিগুলো থেকে পাওয়া তথ্যাদি অনেক গ্রাহক আস্থায় নিতে পারছেন না।সৌর প্যানেল প্রসঙ্গ: নতুন বিদ্যুৎ-সংযোগ পাওয়ার ক্ষেত্রে সরকারের আরোপ করা প্রধান শর্ত হচ্ছে, দুই কিলোওয়াটের বেশি চাহিদা হলেই সংশ্লিষ্ট গ্রাহককে প্যানেল বসিয়ে একটি নির্দিষ্ট ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবহার করতে হবে। এ ক্ষেত্রে গ্রাহকদের সহায়তা করার জন্য প্রতিটি বিতরণ কোম্পানির কার্যালয়গুলোতে সৌরবিদ্যুতের বিভিন্ন ক্ষমতার প্যানেলের দামের একটি তালিকা রাখা হয়েছে।এই তালিকা অনুযায়ী, কোনো নতুন গ্রাহকের বিদ্যুতের চাহিদা তিন কিলোওয়াট হলে তাঁকে ৯০ ওয়াট ক্ষমতার একটি সৌর প্যানেল বসাতে হবে, যার দাম বলা হয়েছে ৪৫ হাজার টাকা। একইভাবে কোনো গ্রাহকের চাহিদা ৮০ কিলোওয়াট হলে তাঁকে এক কিলোওয়াট ক্ষমতার একটি সৌর প্যানেল বসাতে হবে, যার দাম বলা হচ্ছে পাঁচ লাখ টাকা।কিন্তু ডিপিডিসি ও ডেসকোর কয়েকজন গ্রাহক প্রথম আলোকে বলেন, এক কিলোওয়াট ক্ষমতার একটি সৌর প্যানেল তিন লাখ টাকারও কমে পাওয়া যায় বলে তাঁরা বাজারে খোঁজ নিয়ে দেখেছেন।এ ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ সোলার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশনের (বিএসআরইএ) সভাপতি ও ব্রাইট গ্রিন এনার্জি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দীপাল চন্দ্র বড়ুয়া জানান, পাঁচটি ব্যাটারি (একটানা মোট চার ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাবে), একটি ইনভার্টার (এসি বিদ্যুৎকে ডিসি বিদ্যুতে রূপান্তরিত করার যন্ত্র) এবং স্থাপনা খরচসহ এক কিলোওয়াট ক্ষমতার একটি সৌর প্যানেলের দাম পড়বে দুই লাখ ৩০ হাজার টাকার মতো। তিনি বলেন, ব্যাংক ঋণের সুবিধা থাকলে গ্রামের মতো শহরেও কিস্তিতে দাম পরিশোধের সুযোগ রেখে যেকোনো ক্ষমতার সৌরবিদ্যুতের প্যানেল স্থাপন করা যায়।তবে কয়েকজন গ্রাহক বলেন, তাঁরা বিদ্যুৎ-সংযোগের জন্য আবেদন করেছেন প্রায় আট মাস আগে। এখন যদি সৌরবিদ্যুতের প্যানেল স্থাপন করে সংযোগ পেতে হয় তা হলে এ জন্য বড় অঙ্কের ব্যয় যেমন হবে, তেমনি সময়ও লাগবে অনেক। অথচ বিদ্যুতের অভাবে তাঁদের শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠান চালু করতে পারছেন না। অনেকে নিজের বাড়িতে বসবাস করতে পারছেন না।সংযোগ পাবেন অল্প কজন: বিতরণ কোম্পানিগুলোর সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন বিদ্যুৎ-সংযোগ দেওয়ার জন্য সরকার যেসব শর্ত আরোপ করেছে, তাতে খুব কম সংখ্যক গ্রাহকই নতুন সংযোগ পাবেন। কারণ, নতুন সংযোগ পাওয়ার জন্য যে চাহিদাপত্র (ডিমান্ড নোট) বরাদ্দ করা হয়, তা বন্ধ রাখা হয়েছে। সরকারি শর্তে বলা হয়েছে, গত ৬ নভেম্বর পর্যন্ত যাদের চাহিদাপত্র বরাদ্দ করা হয়েছে তারাই কেবল নতুন সংযোগ পাওয়ার ক্ষেত্রে বিবেচিত হবেন। ৬ নভেম্বরের পর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন করে আর কোনো চাহিদাপত্র বরাদ্দ করা যাবে না।ডেসকোর একটি বিক্রয় ও বিতরণ বিভাগের হিসাব থেকে জানা গেছে, সেখানে নতুন সংযোগের জন্য আবেদন জমা পড়ে আছে প্রায় ৭৫০টি। এর মধ্যে চাহিদাপত্র বরাদ্দ করা আছে ৭৬টি। তবে এদের সবারই চাহিদা দুই কিলোওয়াটের বেশি হওয়ায় সৌরবিদ্যুতের প্যানেল স্থাপন না করে একজনও সংযোগ পাবেন না।অবশ্য ডেসকো বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, কোনো অ্যাপার্টমেন্ট ভবনে যে কটি ফ্ল্যাট থাকবে তার প্রতিটিতে দুই কিলোওয়াট করে চাহিদা থাকলে সেখানে সংযোগ দেওয়া যাবে। তবে সব নতুন সংযোগের ক্ষেত্রেই বিদ্যুতের চাহিদা (লোড) হিসাব করা হবে বিদ্যুৎসাশ্রয়ী (সিএফএল) বাল্ব জ্বালানোর জন্য বিদ্যুতের প্রয়োজনীয়তা হিসাব করে (প্রতি কক্ষের বাল্ব পয়েন্টে ২৩ এবং বাথরুমের বাল্ব পয়েন্টে ১৪ ওয়াট)।সংস্থাগুলোর উদ্যোগ: ঢাকায় ডিপিডিসি ও ডেসকো এবং ঢাকার বাইরে পল্লী বিদ্যুতের (আরইবি) নতুন বিদ্যুৎ-সংযোগ দেওয়ার কাজ গতকাল সোমবার পর্যন্ত শুরু হয়নি। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ঢাকায় দুই কিলোওয়াট চাহিদার কোনো গ্রাহক নেই। এর বেশি চাহিদা যাঁদের, তাঁদের সৌরবিদ্যুতের প্যানেল বসানোর প্রক্রিয়া শুরু করার পরামর্শ দেওয়া হচ্ছে। আরইবির আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতিগুলোতে দুই কিলোওয়াট চাহিদার গ্রাহক যথেষ্ট আছেন। দু-একদিনের মধ্যেই তাঁদের সংযোগ দেওয়ার কাজ শুরু করা হবে। ওজোপাডিকোর আওতাধীন এলাকায় মোট আড়াই হাজার গ্রাহক প্রত্যেকে দুই কিলোওয়াট পর্যন্ত বিদ্যুৎ চেয়ে আবেদন করেছেন। তাঁদের সংযোগ দেওয়া শুরু হয়েছে। আর প্রতিটি ক্ষেত্রেই যাঁদের চাহিদা দুই কিলোওয়াটের বেশি এবং ৬ নভেম্বরের আগে চাহিদাপত্র বরাদ্দ করা হয়েছে তাঁদের সৌর বিদ্যুতের প্যানেল বসানোর পরামর্শ দেওয়া হচ্ছে।