নতুন বিদ্যুৎকেন্দ্রও গ্যাস পাচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাসের অভাবে পুরোনো বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন ব্যাহত হচ্ছে। এর ধারায় যুক্ত হয়েছে তিনটি নতুন কেন্দ্রও। এগুলোর নির্মাণ শেষ হলেও গ্যাসের অভাবে চলছে না। বর্তমান সরকার ক্ষমতায় এসেই এই কেন্দ্রগুলো স্থাপনের কাজ শুরু করেছিল।বিদ্যুৎ মন্ত্রণালয় ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সূত্রগুলো জানায়, চলতি বছরের শেষ নাগাদ গ্যাসের অভাবে চালু হতে না পারা নতুন বিদ্যুৎকেন্দ্রের সংখ্যা সাতটিতে উন্নীত হতে পারে। বিদ্যুৎ উৎপাদনে বর্তমানে গ্যাসের সর্বোচ্চ চাহিদা দৈনিক প্রায় ১০০ কোটি ঘনফুট। সরবরাহ ৭৫ কোটির মতো।অপরদিকে, ভোলার শাহবাজপুর ক্ষেত্রের গ্যাস অব্যবহূত পড়ে আছে। অথচ সেখানে নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা ক্রমেই পিছিয়ে যাচ্ছে। ৩৫ মেগাওয়াটের যেটি আছে, সেটিও চলছে না।শিকলবাহা ১৫০ মেগাওয়াট: গত বছরের আগস্ট মাসে কেন্দ্রটি স্থাপনের কাজ শেষ হয়। চুক্তি অনুযায়ী নির্মাণ ঠিকাদার কেন্দ্রটি সুষ্ঠুভাবে চলার ক্ষেত্রে এক বছরের নিশ্চয়তা (ওয়ারেন্টি) দেওয়ার কথা। কিন্তু গ্যাসের অভাবে কেন্দ্রটি মাত্র চার মাসের মাথায় বন্ধ করে দেওয়ায় ওই নিশ্চয়তা আর পাওয়া যাবে না। পরে কেন্দ্রটিতে কোনো যান্ত্রিক গোলযোগ হলেও তার দায় সরকার তথা পিডিবিকেই বহন করতে হবে। কেন্দ্রটি সরকারি খাতের।চাঁদপুর ১৫০ মেগাওয়াট: গত বছরের সেপ্টেম্বর মাসে কেন্দ্রটির নির্মাণ শেষ হওয়ার পর থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাস সরবরাহের আবেদন জানাতে থাকে। মাত্র সপ্তাহখানেক আগে কেন্দ্রটি পরীক্ষা-মূলকভাবে চালানোর জন্য গ্যাসের একটি সংযোগ দেওয়া হয়েছে। তাতে এখন সীমিত পরিমাণ গ্যাস পাওয়া যাবে। কেন্দ্রটি পূর্ণ ক্ষমতায় চালানোর মতো সংযোগ কবে পাওয়া যাবে তা অনিশ্চিত। এই কেন্দ্রটিও সরকারি খাতের।দোহাজারী ১০০ মেগাওয়াট: চট্টগ্রামের দোহাজারীতে ওই কেন্দ্রটি স্থাপনের কাজও শেষ পর্যায়ে। কিন্তু পরীক্ষামূলকভাবে চালানোর মতো গ্যাস সরবরাহও অনিশ্চিত। কেন্দ্রটি বেসরকারি খাতের হওয়ায় চুক্তি অনুযায়ী জ্বালানি সরবরাহ করতে না পারলে বিদ্যুৎ তো পাওয়া যাবেই না, উপরন্তু পিডিবি ক্ষতিপূরণ দিতে বাধ্য হবে।আরও চারটি: সিরাজগঞ্জ ১৫০ মেগাওয়াট কেন্দ্রটি চালু হবে আগামী মে-জুন মাসে। কেন্দ্রটিতে গ্যাস সংযোগ দেওয়ারও প্রস্তুতি আছে। কিন্তু আশুগঞ্জ ও এলেঙ্গায় সঞ্চালন লাইনে কম্প্রেসার বসানোর আগে রাজশাহীগামী ওই লাইনে বিদ্যুৎকেন্দ্রটি পূর্ণ ক্ষমতায় চালানোর মতো গ্যাসের চাপ পাওয়া যাবে না।চলতি বছরের মধ্যে আরও অন্তত তিনটি গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চালু হবে। এগুলো হচ্ছে—ঘোড়াশাল ১০০ মেগাওয়াট, ফেঞ্চুগঞ্জ ১০০ মেগাওয়াট ও আশুগঞ্জ ৫০ মেগাওয়াট। এসব অঞ্চলে আপাতদৃষ্টিতে দেখা না গেলেও প্রয়োজনীয় গ্যাসের অভাব রয়েছে। এ কারণে ঘোড়াশাল, সিদ্ধিরগঞ্জ ও আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের সবগুলো ইউনিট পূর্ণ ক্ষমতায় চলছে না। সে ক্ষেত্রে নতুন এই কেন্দ্রগুলোতে গ্যাস দিতে হলে পুরোনোগুলোতে উৎপাদন আরও ব্যাহত হবে।নতুন ভাড়াভিত্তিক কেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহের ফলে পুরোনো কেন্দ্রগুলোর উৎপাদন ব্যাহত হওয়ার সমস্যা ইতিমধ্যে দেখা দিয়েছে। এ কারণে নতুন বিদ্যুৎ উৎপাদন প্রায় তিন হাজার মেগাওয়াট বাড়লেও ঘাটতি কমছে না।সরকারি হিসাবে এ বছর বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা হবে সাত হাজার ৫১৮ মেগাওয়াট (লোড ব্যবস্থাপনা কার্যক্রমের অধীনে যেসব ক্ষেত্রে সরবরাহ বন্ধ রাখা হবে, তা এই হিসাবে ধরা হয়নি)। বছর শেষে সর্বোচ্চ উৎপাদনক্ষমতা হবে সাত হাজার ১৫৮ মেগাওয়াট। কিন্তু জ্বালানি সমস্যার কারণে এর চেয়ে অন্তত এক হাজার মেগাওয়াট উৎপাদন কম হবে।কর্তৃপক্ষের বক্তব্য: নতুন বিদ্যুৎকেন্দ্রের গ্যাসের অভাব সম্পর্কে জানতে চাইলে পিডিবির চেয়ারম্যান এ এস এম আলমগীর কবির প্রথম আলোকে বলেন, প্রায় এক হাজার মেগাওয়াট ক্ষমতার পুরোনো বিদ্যুৎকেন্দ্রে গ্যাসের অভাবে উৎপাদন বন্ধ আছে। চট্টগ্রাম অঞ্চলে সরকারি একটি বিদ্যুৎকেন্দ্রও চলছে না। নতুন কেন্দ্রগুলোতেও গ্যাস সরবরাহ অনিশ্চিত অবস্থায়ই আছে।জ্বালানি মন্ত্রণালয় ও পেট্রোবাংলার সূত্রগুলো জানায়, ২০১৩ সালের মধ্যভাগের আগে গ্যাসের চাহিদা ও সরবরাহের মধ্যে সামঞ্জস্য আনা সম্ভব হবে না। কারণ, গ্যাসের উৎপাদন বাড়লেই হবে না, সরবরাহের জন্য সঞ্চালন লাইন ও কম্প্রেসার স্থাপনও অপরিহার্য।তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করে চট্টগ্রামে গ্যাস সরবাহের যে উদ্যোগ সরকারের আছে, তাও পিছিয়ে যাচ্ছে। পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর প্রথম আলোকে বলেন, মহেশখালীতে এলএনজি টার্মিনাল স্থাপন ২০১৩ সালের আগস্ট মাসের আগে শেষ হচ্ছে না। আগের পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের মধ্যে এই কাজ শেষ হওয়ার কথা ছিল।