নতুন বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি তেল রাখার জায়গা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন ২৭টি বিদ্যুৎকেন্দ্রের জন্য বছরে বাড়তি সাত লাখ মেট্রিক টন ডিজেল ও ফার্নেস অয়েলের প্রয়োজন হবে। ইতিমধ্যে এগুলো আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে। এ ব্যাপারে মালয়েশিয়ার পেটকো, চীনের পেট্রোচায়না, মিসরের মাইডর ও মালদ্বীপের এমএনওসিএলের কাছ থেকে প্রস্তাব পাওয়া গেছে। কিন্তু এই বাড়তি জ্বালানি তেল কোথায় রাখা হবে এবং কীভাবে কেন্দ্রগুলোতে পৌঁছানো হবে, তা নিয়ে সংকট দেখা দিয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কর্মকর্তারা মনে করছেন, আমদানি করা বাড়তি তেলের জন্য দেশে জ্বালানি তেল মজুদের ক্ষমতা দ্বিগুণ করতে হবে। এ ছাড়া রেল ও নৌপথে তেল পরিবহনের জন্য রেললাইন সংস্কার ও নৌপথের খনন দরকার। এই তিনটি কাজ সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। গত ২০ বছরে বিপিসির তেল মজুদ ক্ষমতা খুব বেশি হলে ২০ হাজার টন বাড়ানো গেছে। এ অবস্থায় এক বছরের মধ্যে সাত লাখ টন মজুদ ক্ষমতা বাড়ানোকে অসম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্র জানায়, ২৭ কেন্দ্রের মধ্যে পাঁচটি গত জুলাই মাস থেকে চালু হয়েছে। এগুলো হলো ৫৫ মেগাওয়াট ক্ষমতার খুলনা কুইক রেন্টাল, ৫০ মেগাওয়াটের ঠাকুরগাঁও রেন্টাল, ১৪৫ মেগাওয়াট ক্ষমতার ঘোড়াশালের দুটি কুইক রেন্টাল ও ভেড়ামারার ১১০ মেগাওয়াট রেন্টাল কেন্দ্র। ডিসেম্বরের মধ্যে চালুর কথা আছে নারায়ণগঞ্জের পাগলায় ৫০ মেগাওয়াটের কুইক রেন্টাল, সিদ্ধিরগঞ্জে ১০০ মেগাওয়াটের কুইক রেন্টাল, যশোরের নওয়াপাড়ায় ১১০ মেগাওয়াটের রেন্টাল এবং ৫০ মেগাওয়াটের বরিশাল রেন্টাল।আগামী বছরের এপ্রিলের মধ্যে উৎপাদন শুরুর কথা আছে আরও ১০টি কেন্দ্রের। এগুলো হলো ১০২ মেগাওয়াটের মদনগঞ্জ কুইক রেন্টাল, ১০০ মেগাওয়াটের মেঘনাঘাট আইইএল, খুলনার ১১৫ মেগাওয়াটের কুইক রেন্টাল, ১০০ মেগাওয়াটের কেরানীগঞ্জ কুইক রেন্টাল, ১০০ মেগাওয়াটের মেঘনাঘাট কুইক রেন্টাল, ৪০ মেগাওয়াটের নওয়াপাড়া কুইক রেন্টাল, চট্টগ্রামে ১০০ মেগাওয়াটের জুলদা কুইক রেন্টাল, ১০০ মেগাওয়াটের সিদ্ধিরগঞ্জ রেন্টাল, ৫০ মেগাওয়াটের চাঁপাইনবাবগঞ্জ কুইক রেন্টাল এবং ৫০ মেগাওয়াটের কাটাখালি কুইক রেন্টাল। বাকি আটটি আগামী বছরের ডিসেম্বরের মধ্যে চালুর কথা। এর মধ্যে আছে ফরিদপুরের ৫০ মেগাওয়াট পিকিং প্লান্ট, ১০০ মেগাওয়াটের দোহাজারি পিকিং প্লান্ট, ১০০ মেগাওয়াটের গোপালগঞ্জ পিকিং প্লান্ট, চট্টগ্রামের হাটহাজারীতে ১০০ মেগাওয়াটের পিকিং পাওয়ার প্লান্ট, দাউদকান্দির ৫০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্লান্ট, ৫০ মেগাওয়াটের বাঘাবাড়ী পিকিং প্লান্ট, ভেড়ামারায় ৭০ মেগাওয়াট পিকিং প্লান্ট ও শান্তাহারের ৫০ মেগাওয়াট পিকিং প্লান্ট।মজুদে সংকট হবে: পিডিবি সম্প্রতি বিপিসিকে চিঠি দিয়ে তাদের মাসভিত্তিক বাড়তি ডিজেল ও ফার্নেস অয়েলের চাহিদার কথা জানিয়েছে। এর মধ্যে ডিসেম্বরের মধ্যে প্রতি মাসে ৩৭ হাজার ৫২০ মেট্রিক টন ডিজেল এবং ১২ হাজার ২১৬ মেট্রিক টন করে ফার্নেস অয়েল সরবরাহ করতে বিপিসিকে অনুরোধ করা হয়। এই বাড়তি তেল আমদানি করা সম্ভব হলেও এসব তেল মজুদ রাখা নিয়ে সংকট দেখা দিতে পারে বলে বিপিসির কর্মকর্তারা মনে করছেন।জানতে চাইলে বিপিসির পরিচালক (অপারেশন্স ও পরিকল্পনা) সৈয়দ মোহাম্মদ মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, মার্চে একসঙ্গে নয়টি পিকিং প্লান্ট চালু হবে। তখন প্রতি মাসে বাড়তি দুই জাহাজ ফার্নেস অয়েল ও দেড় জাহাজ ডিজেল লাগবে। এই তেল আমদানিতে কোনো অসুবিধা না হলেও মজুদ ও সরবরাহে কিছুটা সমস্যা হতে পারে।বিপিসির পরিচালক বলেন, আগামী বছরের আগস্টের মধ্যে বিপিসি ৪০ হাজার মেট্রিক টন ডিজেল ও ৩০ হাজার টন ফার্নেস অয়েল রাখার মতো প্রয়োজনীয় ট্যাংক নির্মাণের প্রক্রিয়া শুরু করেছে।বিদ্যুৎকেন্দ্রের জন্য জ্বালানি তেল আমদানি, মজুদ ও পরিবহনের সমস্যা নিয়ে ৭ সেপ্টেম্বর রাতে বিপিসির চট্টগ্রামের রেস্ট হাউসে জরুরি বৈঠক হয়। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী এনামুল হকের সভাপতিত্বে বৈঠক চলে প্রায় দুই ঘণ্টা। এতে জ্বালানি মন্ত্রণালয়ের সচিব, বিদ্যুৎসচিব, বিপিসির চেয়ারম্যান, রাষ্ট্রায়ত্ত তিনটি তেল বিপণন কোম্পানি ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী বিপিসির তেল মজুদ ক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন বলে জানা গেছে। সংকট হবে রেলের পরিবহনে: পিডিবি সূত্র জানায়, ২৭ কেন্দ্রের মধ্যে ১০টিতে রেলওয়ের ট্যাংক ওয়াগনে ডিজেল ও ফার্নেস অয়েল সরবরাহ দিতে হবে। বাকি ১৭ কেন্দ্রের জ্বালানি যাবে নদীপথে। এর মধ্যে নভেম্বর-ডিসেম্বর থেকে প্রতি মাসে রেলের সরবরাহ করতে হবে ৪২ হাজার ১৭২ টন করে ডিজেল ও ফার্নেস অয়েল। এই তেল পরিবহনের জন্য অনেক জায়গায় রেললাইন সংস্কার করতে হবে। কারণ তেলবাহী ট্রেনের ওজন অনেক বেশি।রেলওয়ে কর্তৃপক্ষ হিসাব করে দেখেছে, এই জ্বালানি তেল পরিবহনের জন্য অন্তত ৮০০টি নতুন ট্যাংক ওয়াগন ও ১০টি বাড়তি ইঞ্জিনের দরকার হবে। বর্তমানে ইঞ্জিন ও লোকবল-স্বল্পতার কারণে রেলের নিয়মিত সেবা কার্যক্রমই যেখানে ব্যাহত হচ্ছে, সেখানে বাড়তি তেল পরিবহনের ব্যবস্থা অসম্ভব বলে কর্মকর্তারা মন্তব্য করেন।রেলওয়ে সূত্র জানিয়েছে, বর্তমানে তেল পরিবহনের জন্য পূর্বাঞ্চলের রেলের কাছে ট্যাংক ওয়াগন আছে ৫৮১টি। কিন্তু সব সময় সচল পাওয়া যায় সর্বোচ্চ ৪৫০টি। প্রতি ট্যাংকে ২৫ থেকে ২৯ মেট্রিক টন তেল পরিবহন সম্ভব। এই ওয়াগন দিয়ে বর্তমানে চট্টগ্রাম থেকে সাতটি গন্তব্যে তেল পৌঁছাতে হিমশিম খাচ্ছে রেলওয়ে। কারণ ওয়াগন পাওয়া গেলে ইঞ্জিন পাওয়া যাচ্ছে না। আবার ইঞ্জিন পাওয়া গেলে চালকের অভাব দেখা দেয়। এসব কারণে চট্টগ্রাম থেকে সিলেটে তেল পরিবহনে দেড় দিনের পরিবর্তে পাঁচ দিন লাগছে। আবার রংপুর-পার্বতীপুর থেকে তেল আনা-নেওয়ায় লাগছে পাঁচ থেকে সাত দিন। সাধারণ অবস্থায় তিন দিনের বেশি লাগার কথা নয়।চানতে চাইলে রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যস্থাপক মো. নুরুল আমিন প্রথম আলোকে বলেন, ‘জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে আমাদের বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি তেল পরিবহন করতে হবে। এ জন্য যা যা দরকার সবই করা হবে।’ তেল পরিবহনে বাড়তি ওয়ানগন ও ইঞ্জিন কেনার দরকার হবে বলে তিনি জানান।