নতুন বিনিয়োগনীতি ঘোষণা করেছে মিয়ানমার
গুরুত্বপূর্ণ সংস্কার এনে মিয়ানমারের সরকার নতুন বিদেশি বিনিয়োগনীতি প্রণয়ন করেছে। এখন থেকে যেকোনো বিদেশি কোম্পানি সেখানে নিজ মালিকানায় কারখানা স্থাপন করতে পারবে, কর দেওয়ার ক্ষেত্রে ছাড় উপভোগ করবে এবং জমির দীর্ঘমেয়াদি ইজারা নিতে পারবে। রয়টার্সের খবরে বলা হয়, আজ শনিবার সরকারি প্রচারমাধ্যমের খবরে পার্লামেন্টে পাস হওয়া ওই নতুন আইনের খুঁটিনাটি প্রকাশ করা হয়েছে। দীর্ঘদিন ঝুলে থাকার পর গত সপ্তাহে পার্লামেন্টের এক অধিবেশনে আইনটি পাস হয়।প্রেসিডেন্ট থেইন সেইন গতকাল শুক্রবার ওই আইনে স্বাক্ষর করেন। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে, পুঁজিপতিদের একচেটিয়া ব্যবসার সুবিধা করে দিতে এবং ছোট ছোট ব্যবসাপ্রতিষ্ঠান ধ্বংসের হাত থেকে বাঁচাতে গত মার্চ মাসে এ আইন প্রণয়নের কাজ শুরু হয়। ২০১১ সালের মার্চ মাসে থেইন সেইন বেসামরিক সরকারের প্রধান হিসেবে ক্ষমতায় বসেন। তাঁর ক্ষমতায় আরোহণের মধ্য দিয়ে মিয়ানমারে প্রায় অর্ধশতাব্দীর সামরিক শাসনের আপাতসমাপ্তি ঘটে।ক্ষমতায় এসে থেইন সেইন অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কারে মনোযোগ দেন। এর মধ্য দিয়ে তিনি পশ্চিমা দেশগুলোর স্বীকৃতি আদায়ের চেষ্টা করেন। দীর্ঘদিন ধরে মিয়ানমারের ওপর পশ্চিমা দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞার কারণে সেখানে বিদেশিরা বিনিয়োগ করতে পারছিল না। চলমান সংস্কার কার্যক্রমে সন্তুষ্ট হয়ে মিয়ানমারের ওপর থেকে অনেক পশ্চিমা দেশ তাদের সিংহভাগ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। মিয়ানমারের অবারিত সম্পদ, সরল অর্থনীতি ও সস্তা কাঁচামালের প্রাচুর্যের কারণে সেখানে বিপুল সম্ভাবনা দেখছে পশ্চিমা বহুজাতিক কোম্পানিগুলো। আশা করা হচ্ছে, আইনটি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে বিদেশি কোম্পানিগুলো বিপুল অর্থ নিয়ে ঝাঁপিয়ে পড়বে সেখানে। বর্মি ভাষায় প্রকাশিত একটি রাষ্ট্রায়ত্ত সংবাদপত্রের খবরে বলা হয়, নতুন আইন অনুযায়ী, মিয়ানমারের কোনো নাগরিক বা সরকারের সঙ্গে যৌথ ব্যবসায় ঢুকতে পারবে বিদেশিরা। তবে কার অংশীদারি কত হবে, তা সরকার আর নির্ধারণ করে দেবে না। ১৯৮৮ সাল থেকে কার্যকর পুরোনো আইন অনুযায়ী, দেশীয় অংশীদার ছাড়া বিনিয়োগ ছিল নিষিদ্ধ। কিন্তু, এখন যেকোনো বিদেশি নিজের শতভাগ মালিকানায় কারখানা স্থাপন করতে পারবে। পুরোনো আইন অনুযায়ী, কোনো বিদেশি তাঁর প্রতিষ্ঠানের অর্ধেকের বেশি মালিকানা রাখতে পারত না, যদিও শুরুর সময় ওই মালিককে মোট বিনিয়োগের ৩৫ শতাংশের মালিক হতে হতো।নতুন আইন কার্যকর হলে বিনিয়োগের পরিমাণ ও প্রকৃতি অনুযায়ী বিদেশিরা ৫০ বছরের জন্য জমি ইজারা নিতে পারবে। এরপর প্রয়োজনে ১০ বছর করে দুই দফায় ইজারার সময় বাড়াতে পারবে। পুরোনো আইনে ইজারার জন্য কোনো নির্দিষ্ট সময় নির্ধারিত না থাকলেও সাধারণত ৩০ বছরের বেশি সময়ের জন্য ইজারা নিতে দেওয়া হতো না।এখন থেকে বিদেশি কোম্পানিগুলো পাঁচ বছরের জন্য কর রেয়াতের অধীনে পড়বে। তবে, বিনিয়োগের প্রকৃতি অনুযায়ী বিভিন্ন উদ্যোগের জন্য নানা ধরনের করছাড় থাকবে। পুরোনো আইনে কোম্পানিগুলো মাত্র তিন বছরের জন্য কর মওকুফ পেত। পুরোনো আইনের মতো নতুন আইনেও এই নিয়ম থাকছে যে, বিনিয়োগ চুক্তি শেষ হওয়ার আগে সরকার কোনো কোম্পানি অধিগ্রহণ করতে পারবে না। এর আগে খবর রটেছিল, সরকার এ বিধি বাতিল করতে চাইছে এবং যেকোনো সময় কোম্পানি দখলে নেওয়ার বিধি নতুন আইনে অন্তর্ভুক্ত করতে যাচ্ছে