পরিবেশের জন্য নতুন হুমকি হিসেবে দেখা দিয়েছে ইলেকট্রনিক বর্জ্য। আয়ু ফুরিয়ে যাওয়ামাত্রই মানুষ ইলেকট্রনিক যন্ত্র বা যন্ত্রাংশ ফেলে দেয়। ইলেট্রনিক যন্ত্র বা যন্ত্রাংশ পচে না, সহজে মাটির সঙ্গে মেশে না। এই বর্জ্য নতুন উপদ্রব হিসেবে দেখা দিয়েছে। পরিবেশবাদীরা এর নাম দিয়েছেন ই-বর্জ্য।পরিবেশ নিয়ে কাজ করে বেসরকারি প্রতিষ্ঠান এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো)। প্রতিষ্ঠানটির এক সমীক্ষায় দেখা গেছে, দেশে বছরে প্রায় ২৮ লাখ টন ইলেট্রনিক বর্জ্য তৈরি হয়। এর মধ্যে ২৫ লাখ টন আসে পুরোনো জাহাজভাঙা শিল্প থেকে। ‘বাংলাদেশের ইলেকট্রনিক বর্জ্য-পরিস্থিতি-২০১০’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ই-বর্জ্য ব্যবহারের কোনো নীতিমালা নেই, ব্যবস্থাপনার বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। ফলে এই বর্জ্য থেকে দূষণ ও ক্ষতি দিন দিন বাড়ছে।এসডো দাবি করছে, এ ধরনের সমীক্ষা দেশে এটাই প্রথম। ঢাকা ও চট্টগ্রাম শহরের ওপর করা এ সমীক্ষায় দেখা গেছে, এই বর্জ্যের ব্যবসা ও সংশ্লিষ্ট কাজের সঙ্গে প্রায় এক লাখ মানুষ জড়িত। অন্যদিকে ৫০ হাজার শিশু ইলেকট্রনিক বর্জ্য সংগ্রহ ও পুনরুৎপাদনের (রিসাইক্লিং) কাজ করে। দেশে যত শিশুশ্রমিকের মৃত্যু হয়, তার ১৫ শতাংশ পুনরুৎপাদনশিল্পে।ইলেকট্রনিক বর্জ্য ও পুনরুৎপাদনকাজের সঙ্গে জড়িত ব্যক্তিরা সিসা, মার্কারি, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, জিংক, পিসিবি, ডাই-অক্সিন ও ফিউরানের মতো ক্ষতিকারক রাসায়নিক পদার্থ ও গ্যাসের সংস্পর্শে আসে নিয়মিত। এসব রাসায়নিক মাটি ও পানির ক্ষতি করে।জানা গেছে, ইলেকট্রনিক বর্জ্যের ব্যবস্থাপনাবিষয়ক আন্তর্জাতিক ভেসেল কনভেনশনে স্বাক্ষর করেছে বাংলাদেশ। কনভেনশনের শর্ত অনুযায়ী ইলেকট্রনিক বর্জ্যবিষয়ক একটি নীতিমালা বাংলাদেশের তৈরি করার কথা। কিন্তু বাংলাদেশ এখনো তা তৈরি করেনি।পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মিহির কান্তি মজুমদার প্রথম আলোকে বলেন, ‘ই-বর্জ্যবিষয়ক একটি নীতিমালা তৈরির জন্য কাজ করছি। যত দ্রুত সম্ভব তা তৈরি করা হবে।’ তিনি জানান, জাহাজভাঙা শিল্পের জন্যও একটি আইন ও গাইডলাইন তৈরি করছে সরকার।ই-বর্জ্যের খতিয়ান: কম্পিউটার, মোবাইল ফোনসেট, টেলিভিশন, রেফ্রিজারেটর, ভিসিআর, ফ্যাক্স মেশিন, বৈদ্যুতিক বাল্ব, বিনোদনকাজে ব্যবহূত অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতি এবং গৃহস্থালি সামগ্রী নষ্ট হলে মানুষ ফেলে দেয়। এগুলো পুরোনো সামগ্রী বিক্রির দোকান বা ভাঙারির ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়। কিছু যন্ত্রপাতির অংশবিশেষ পুনরায় ব্যবহার করার জন্য রাখা হয়, বাকিটা ফেলে দেওয়া হয়।ই-বর্জ্য তৈরির ক্ষেত্রে পরিমাণের দিক থেকে জাহাজভাঙা শিল্পের পরে আছে পুরোনো টেলিভিশন। সমীক্ষায় দেখা গেছে, প্রতিবছর দেশে কমপক্ষে ৫৯ লাখ ৮৫ হাজার টেলিভিশন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। এ থেকে ৮৮ হাজার ৩৫৭ মেট্রিক টন বর্জ্য তৈরি হয়। মোবাইল ফোনসেট থেকে ই-বর্জ্য তৈরি হয় ১০ হাজার ৫০৪ টন।প্রতিবছর দেশে ব্যবহূত বৈদ্যুতিক সামগ্রীর ১৫ শতাংশ অর্থাৎ ৪৭৫ টন পুনর্ব্যবহার করা হয়। বাকিটা খোলা জায়গায়, ভাগাড়, নদী, পুকুর, নালা, জলাশয় ও খালে ফেলে দেওয়া হয়। গান শোনার যন্ত্রপাতি, ডিভিডি প্লেয়ার, ভিডিও ক্যামেরা, ফ্যাক্স ও ফটোকপি মেশিন, ভিডিও গেমস এবং মেডিকেল ও ডেন্টাল সরঞ্জামাদি থেকে এক লাখ টনেরও বেশি ই-বর্জ্য হয়।সত্তর ও আশির দশকে দেশে ব্যবহূত বেশির ভাগ টেলিভিশনের ওপরের কাঠামোটি কাঠ দিয়ে তৈরি ছিল। এসব টেলিভিশন কম বর্জ্য তৈরি করত। বর্তমানে কাঠামো প্লাস্টিক দিয়ে তৈরি হচ্ছে। ফলে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর পুরো টেলিভিশন বর্জ্যে পরিণত হচ্ছে।দেশের ১০টি টেলিভিশন বিক্রয়কারী প্রতিষ্ঠানের তথ্য ব্যবহার করে সমীক্ষায় বলা হচ্ছে, আটটি প্রতিষ্ঠান চীন ও মালয়েশিয়া থেকে যন্ত্রাংশ আমদানি করে নিজেরাই দেশে টেলিভিশন তৈরি করে। আমদানি করা যন্ত্রাংশের ৩০ শতাংশ ব্যবহারের উপযোগী নয়, তা সরাসরি বর্জ্য হিসেবে ফেলে দেওয়া হয়। নিম্ন আয়ের পরিবারগুলো অখ্যাত প্রতিষ্ঠানের টেলিভিশন কেনে, আর তিন থেকে পাঁচ বছর ব্যবহারের পর তা ফেলে দেয়।আশির দশক থেকে কম্পিউটার ও কম্পিউটারসামগ্রীর ব্যবহার শুরু হয়। এসব যন্ত্রের বেশির ভাগ তিন থেকে পাঁচ বছর ব্যবহারের পর নষ্ট হয়ে যায় বা যন্ত্রাংশ পাল্টাতে হয়। নষ্ট হওয়া অংশ সিটি করপোরেশনের ভাগাড়ে বা অন্য স্থানে ফেলে দেওয়া হয় বা পুরোনো সামগ্রী কেনার দোকানে বিক্রি করা হয়।সমীক্ষায় দেখা গেছে, ২০ শতাংশ কম্পিউটার যন্ত্রাংশ চীন ও তাইওয়ান থেকে আমদানি করা হয়। তিন থেকে পাঁচ বছর পর এসব যন্ত্রাংশ অকেজো হয়ে যায়। যন্ত্রাংশ আমদানি করে দেশে তৈরি করা কম্পিউটারগুলোর ওয়ারেন্টি দেওয়া হচ্ছে এক বছরের জন্য। এ কাজের সঙ্গে জড়িত ব্যবসায়ীদের ৬০ শতাংশ ইলেকট্রনিক বর্জ্য ডাস্টবিনে ফেলেন। বাকিরা নিজেদের সুবিধামতো জায়গায় ফেলেন।একটি মোবাইল ফোন কোম্পানি অকেজো মোবাইল ফোনসেট ফেরত নিচ্ছে। কিন্তু এগুলোর ব্যবস্থাপনা কী হবে, তা এখনো পরিষ্কার হয়নি বলে সমীক্ষায় বেরিয়ে এসেছে।ই-বর্জ্যের ক্ষতি: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ই-বর্জ্য ধ্বংস করার কোনো আয়োজন বা ব্যবস্থা নেই। তবে অনানুষ্ঠানিকভাবে অনেক স্থানেই বৈদ্যুতিক সামগ্রীর পুনরুৎপাদন ও পুনর্ব্যবহার করা হয়। রাজধানীর লালবাগ, কেল্লার মোড়, চকবাজার, ধোলাইখাল, সদরঘাটসহ পুরান ঢাকার বেশ কিছু জায়গায় পুরোনো ইলেকট্রনকি সামগ্রী কেনা-বেচার প্রতিষ্ঠান রয়েছে।ই-বর্জ্যের সবচেয়ে বড় উৎস পুরোনো জাহাজভাঙা শিল্প। এই শিল্পের কারখানাগুলোর বেশির ভাগই চট্টগ্রামের সীতাকুণ্ডে বঙ্গোপসাগরের তীরে গড়ে উঠেছে। জাহাজ ভাঙার সময় এর লোহার পাত, পুরোনো আসবাব, জেনারেটরসহ বেশির ভাগ সামগ্রী বিক্রি করা হয়। জাহাজ ভাঙার সময় লোহার গুঁড়ো ও টুকরো এবং রাসায়নিক দ্রব্য সমুদ্রে বা পাড়ে ফেলা হয় নিয়মিতভাবে।ই-বর্জ্যের তালিকায় নানা ধরনের ক্ষতিকারক পদার্থ ও রাসায়নিক দ্রব্য আছে। এই বর্জ্যের সংস্পর্শে যারা আসে তাদের মধ্যে কিছু কিছু রোগের প্রকোপ বেশি বলে সমীক্ষায় উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, দূষণের শিকার ব্যক্তির কিডনি নষ্ট হয়, অনেকে কানে কম শোনে। হাঁপানি, ক্যানসার, স্নায়বিক দুর্বলতাও এদের বেশি।সমীক্ষার প্রধান তত্ত্বাবধানকারী হোসেন শাহরিয়ার প্রথম আলোকে বলেন, দেশের বড় শহরগুলোতে বৈদ্যুতিক বর্জ্য বাড়ছে, এর পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা দরকার। নতুন ধরনের বৈদ্যুতিক বর্জ্য পরিবেশের জন্য হুমকি সৃষ্টি করছে।