নতুন বিমানবন্দর পদ্মার ওপারে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মার ওপারে নতুন বিমানবন্দর নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা বাদ দেওয়ার কথা ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘যেহেতু ওই এলাকার জনগণ চাচ্ছে না, সরকার জনগণের ইচ্ছার বিরুদ্ধে কিছু করবে না। তা ছাড়া বিরোধীদলীয় নেত্রীও চাচ্ছেন না। তাঁর দাবির প্রতি তো সম্মান দেখাতেই হবে। আমরা তাঁর দাবি মেনে নিলাম।’প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেত্রীর প্রতি এও বলেন, ‘দাবি মেনে নিয়েছি। উসকানি দেওয়া বন্ধ করুন। তবে আড়িয়ল বিল এলাকার মানুষকে উন্নয়ন থেকে যে বঞ্চিত করলেন, সে ক্ষতিপূরণ তাঁদের দেন। ওই এলাকাবাসীকে বঞ্চিত করার জন্য একদিন তাদের কাছে আপনার জবাবদিহি করতে হবে।’দেড় ঘণ্টারও বেশি সময় ধরে চলা সংবাদ সম্মেলনে শেখ হাসিনা নানা তথ্য-উপাত্ত দিয়ে নতুন বিমানবন্দর নির্মাণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন। যুক্তরাজ্য সফর নিয়ে সংবাদ সম্মেলন ডাকা হলেও বর্তমান প্রধানমন্ত্রী দেশের রাজনৈতিক পরিস্থিতি, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, সংসদের পরিবেশ, শেয়ার কেলেঙ্কারি, দ্রব্যমূল্য, নির্বাচন অঙ্গীকার নিয়ে নানা প্রশ্নের তিনি জবাব দেন। সংবাদ সম্মেলনে তাঁর দুই পাশে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। প্রধানমন্ত্রীর সংস্থাপন উপদেষ্টা এইচ টি ইমাম, গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান, প্রেস সচিব আবুল কালাম আজাদসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রী বলেন, প্রস্তাবিত বিমানবন্দর নির্মাণকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে রক্তপাত ঘটানো হয়েছে। একজন পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। একটি উন্নয়ন পরিকল্পনাকে ঘিরে এ ধরনের ঘটনা নজিরবিহীন। কিছু স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় আড়িয়ল বিল এলাকার জনগণ নিজেদের যে ক্ষতি করেছে, তা তারা পরে বুঝতে পারবে।শান্তিপূর্ণভাবে পৌরসভা ও উপনির্বাচন: প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা প্রমাণ করেছি, সরকার আন্তরিক হলে, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হলে দলীয় সরকারের আমলেও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব। নির্বাচন কমিশন স্বাধীন ও সস্পুর্ণ নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করেছে। এবারের পৌরসভা নির্বাচনের মতো শান্তিপূর্ণ নির্বাচন অতীতে আর কখনো হয়নি। ২০০৪ সালে পৌরসভা নির্বাচনে ছয়জন মানুষ নিহত এবং কয়েক হাজার মানুষ আহত হয়েছিল। আল্লাহর রহমতে এবারের নির্বাচনে একজন মানুষও মারা যায়নি। এর পরও বিরোধী দল গণরায় মানতে পারেনি। ভোটে হেরে ব্রাহ্মণবাড়িয়ায় তারা হরতাল ডেকেছে। তিনি প্রশ্ন রেখে বলেন, হবিগঞ্জের আসন সব সময় আওয়ামী লীগের ছিল, এটা সবাই জানেন। সেখানে মাত্র ১২০০ ভোটে হেরেও আমরা ফলাফল মেনে নিয়েছি। এটা দুভাগ্য যে তারা কখনো গণতন্ত্র মেনে নিতে পারে না।’সংসদের বিরোধী দলের জন্য ভালো পরিবেশ: প্রধানমন্ত্রী বলেন, বিরোধীদলীয় নেত্রী সংসদে আসেন না। কিন্তু উপনির্বাচনে যান। তবে আসন রক্ষার জন্য এবার সংসদে আসতেই হবে। এসে নাটক করবেন। তারপর আবার চলে যাবেন। তিনি বলেন, ‘বিরোধী দলে থাকাকালে আমি মাইক পেতাম না। তখনকার প্রধানমন্ত্রী বিরোধী দলের কোনো প্রশ্ন নিতেন না। আর বর্তমান সংসদে বিরোধীদলীয় নেত্রী সংসদে এসেছেন মাত্র পাঁচ দিন। এক দিন তিনি বিনা বাধায় পৌনে দুই ঘণ্টা বক্তৃতা করেছেন। একটি বিলে বিরোধী দলের সংশোধনী পর্যন্ত গ্রহণ করা হয়েছে। সুতরাং সংসদে যথেষ্ট পরিবেশ আছে।’বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সম্পর্কে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা প্রাণপণ চেষ্টা করছি তা বন্ধ করতে। কিন্তু এটা ২০০৪ সালে শুরু হয়। তখন কেউ এর বিরুদ্ধে সোচ্চার ছিলেন না, এখন যতটা সোচ্চার। আমার বাবার হত্যার বিচার সাধারণ আইনে হয়েছে। আমি সব সময় বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে ছিলাম। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড দীর্ঘদিন ধরে চলছে। রাতারাতি বন্ধ করা সম্ভব নয়। বন্ধের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি।’শেয়ারবাজারে কারসাজি-সম্পর্কিত এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে বিরোধী দল এখন তদন্ত কমিটির বিরোধিতা করছে, অর্থাত্ ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না।’প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা পাঁচ বছর পর আবার জনগণের মুখোমুখি হব। আমরা ভালো কাজ করলে জনগণ আমাদের আবারও নির্বাচিত করবে। যদি ভালো কাজ করতে না পারি, জনগণ প্রত্যাখ্যান করবে। জনগণের রায় মেনে নিতে আমরা কাপর্ণ্য করব না।’