নতুন ব্যাংকের বিপক্ষে আইএমএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বেসরকারি খাতে নতুন ব্যাংক প্রতিষ্ঠার চিন্তা আপাতত বাদ দিতে পরামর্শ দিয়েছে। তারা বলেছে, নতুন ব্যাংকের আগে গুরুত্বপূর্ণ হলো বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণ ক্ষমতা বাড়ানো এবং ব্যাংক কোম্পানি আইনের প্রয়োজনীয় সংশোধন করা।সংস্থাটি একই সঙ্গে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোতে বাইরের হস্তক্ষেপ আছে বলে উদ্বেগ প্রকাশ করেছে।আজ বৃহস্পতিবার প্রেস ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে আইএমএফের দক্ষিণ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপপ্রধান ডেভিড কাউয়েন সংস্থার পক্ষে এ মত প্রকাশ করেন। প্রেস ব্রিফিংয়ে ঢাকায় আইএমএফের প্রধান এতেরি ভিনত্রাজে উপস্থিত ছিলেন। দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনার জন্য ডেভিড কাউয়েনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ৫ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকায় অবস্থান করে। আজ তারা গণমাধ্যমের কাছে তাদের মত প্রকাশ করে।সফরকালে প্রতিনিধিদল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, অর্থসচিব মোহাম্মদ তারেক, এনবিআরের চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব এম মোশাররাফ হোসাইন ভুঞাসহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি ও বেসরকারি পর্যায়ে বৈঠক করে।নতুন ব্যাংক প্রতিষ্ঠা প্রসঙ্গে প্রেস ব্রিফিংয়ে ডেভিড কাউয়েন বলেন, বর্তমানে ব্যাংকগুলোতে তারল্যের সমস্যা রয়েছে। নতুন ব্যাংকের লাইসেন্স দেওয়ার প্রক্রিয়াটি এ পরিস্থিতির উন্নতির পরে হওয়া উচিত। তিনি বলেন, ‘আমি মনে করি, বর্তমানে যে পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছে, তাতে সরকারের উচিত হবে নতুন ব্যাংক প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত স্থগিত করা।’ তিনি আরও বলেন, ‘আমরা বরং বর্তমান পরিস্থিতিতে সরকারকে পরামর্শ দেব, প্রথমে এটা নিশ্চিত করতে হবে যে নতুন ব্যাংকের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণের সক্ষমতা থাকবে।’ কাউয়েন নতুন ব্যাংক দেওয়ার আগে সুশাসন প্রশ্নে সংস্কারের বিষয়টি নিশ্চিত করতে বলেন। তিনি বলেন, এ বিষয়ে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ সংশোধনের একটি প্রস্তাব সংসদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।লিখিত বক্তব্যে আইএমএফ বলেছে, বাংলাদেশ ব্যাংক ঝুঁকিনির্ভর কাঠামোগত সংস্কার ও তার তদারকির দিকে আরও বেশি মনোযোগী হচ্ছে। ব্যাংকগুলোকে শক্তিশালী করতে দরকার ভেতর থেকে সুশাসন নিশ্চিত করা। রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোতে বাইরের হস্তক্ষেপ ন্যূনতম পর্যায়ে এনে কেন্দ্রীয় ব্যাংকের যথাযথ নিয়ন্ত্রণের মধ্যে রাখা।শেয়ারবাজারের সাম্প্রতিক অস্থিরতা প্রসঙ্গে আইএমএফ সঠিক সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পরামর্শ দিয়েছে। তাঁরা শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগ নিয়মের মধ্যে রাখা এবং বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য বাজারকে শক্তিশালী করার পক্ষেও মত দেন।আইএমএফ বলেছে, চলতি অর্থবছর বাংলাদেশের মোট দেশজ উত্পাদনে (জিডিপি) প্রবৃদ্ধির হার হবে ৬ দশমিক ৩ শতাংশ। পোশাক রপ্তানি বৃদ্ধি, প্রবাসী আয়ে বড় প্রবৃদ্ধি ও তুলনামূলকভাবে বিদ্যুত্ সরবরাহ পরিস্থিতির উন্নতি হওয়ায় সংস্থাটি জিডিপির প্রবৃদ্ধি সম্পর্কে এ পূর্বাভাস দিয়েছে।যদিও সরকার চলতি অর্থবছরের বাজেটে জিডিপির প্রবৃদ্ধি ৭ শতাংশ হবে বলে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। আর গতকাল বুধবার এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) সরকারের এ লক্ষ্যমাত্রায় প্রবৃদ্ধি অর্জন হবে বলে পূর্বাভাস দিয়েছে।