নতুন ব্যাটে নতুন আশা
শতকোটি মানুষের ২৮ বছরের স্বপ্নপূরণ, না নিজের মহাকাব্য রচনার প্রস্তুতি? জানা যায়নি। হতে পারে দুটোই। তবে তার আগে শত্রুকে সেরা অস্ত্র দিয়ে ঘায়েল তো করতেই হবে। আজ মোহালি মহারণের পর জানা যাবে এই স্বপ্নপূরণ বা মহাকাব্য রচনা হলো কি না।দেশ-বিদেশের কোটি কোটি চাতক চোখ আজ যেমন দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বৈরথের দিকে তাকিয়ে থাকবে, তেমনি তাকিয়ে থাকবে শচীন টেন্ডুলকারের দিকেও। আন্তর্জাতিক শততম সেঞ্চুরিটি কি আজই করে ফেলবেন ক্রিকেটের মহানায়ক? করেন-ই যদি, কোন ব্যাটটি দিয়ে? টেপ লাগানো সেই পুরোনো ব্যাট, নাকি নতুন ব্যাটে?এই কদিন অনুশীলনে ঝাঁ চকচকে ব্যাট হাতে নিজেকে ঝালিয়ে নিয়েছেন। আর এতে সবাই একরকম ধরেই নিয়েছে, এই নতুন ব্যাটেই পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে দেখা যাবে ক্রিকেটের ‘দেবদূত’কে। যদিও নতুন ব্যাটের চেয়ে টেপ লাগানো পুরোনো ব্যাটেই আস্থা বেশি তাঁর। আরেকটা কথাও থেকে যায়, নিজের শেষ বিশ্বকাপে দলকে সেমিফাইনাল পর্যন্ত তুলে আনলেন পুরোনো যে টেপ লাগানো ব্যাট দিয়ে, সেটি সেমিফাইনালে এসে পরিত্যাগ করতে তিনি আসলে চান কি না। তবে পরশু নতুন ব্যাট দিয়েই অনুশীলন করতে দেখা গেছে তাঁকে। আবার ঐচ্ছিক অনুশীলনে টিম স্টাফদেরও কাজে লাগিয়েছেন টেন্ডুলকার। ইয়োগা ট্রেনার মনোজ কুমার তাঁকে অনেক বল করেছেন। মাঝেমধ্যে সুরেশ রায়না ও বিরাট কোহলিও টেন্ডুলকারের নতুন ব্যাট পরখ করে নিয়েছেন।উজ্জীবিত পাকিস্তানকে থামাতে হলে আজ যেমন শতকোটি মানুষ টেন্ডলকারের ব্যাটের দিকে তাকিয়ে থাকবে, তেমনি থাকবেন অনেক রথী মহারথীও। তাঁদেরই একজন ক্লাইভ লয়েড। ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী এই অধিনায়কের দৃষ্টিতে টেন্ডুলকার ভালো খেললে ভারতও ভালো খেলবে, ‘ও-ই ব্যাটিং ঈশ্বর, কোনো সন্দেহ নেই। ও রান পেলে সূচনাটা ভালো হবে, নিশ্চিতভাবে খুব ভালো একটা স্কোর পাবে ভারত।’ব্যাটিংয়ে গভীরতা থাকলেও ভারতের বোলিং নিয়ে আর ১০ জনের মতোই চিন্তিত লয়েড, ‘প্রতিদ্বন্দ্বিতার মান অনুযায়ী তাদের বোলিংটা যেমন শক্তিশালী হওয়া উচিত ছিল, তেমন নয়। ব্যাটিংয়ে ভারত এগিয়ে থাকলেও ফিল্ডিং ও বোলিংয়ে পাকিস্তান এগিয়ে।’শক্তি যা-ই থাক, আজ যারা ভালো খেলবে, তারাই জিতবে, সেটাই মনে করছেন ১৯৭৫ ও ১৯৭৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক, ‘কিন্তু নিজেদের দিনে যারা ভালো খেলবে, তারাই জিতবে। আমি নিশ্চিত, ম্যাচটি হবে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।’ ওয়েবসাইট।