নতুন ভবনে পাল্টে গেল নাম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের চালিবন্দর এলাকায় আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠান ‘সরকারি তিব্বিয়া কলেজ’-এর পাঠদান ও প্রশাসনিক কাজ চলছে তিন দশকেরও বেশি সময় ধরে। এখানে স্থান সংকুলান না হওয়ায় পাশের এলাকায় কলেজের দ্বিতল ভবন নির্মাণ করা হচ্ছে। বিস্ময়ের ব্যাপার হলো, নির্মাণাধীন ভবনের সামনে সম্প্রতি কলেজের নতুন নামকরণ করে একটি সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষ বলছে, ‘বশিরুল হক ইউনানি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল’ নামে নতুন নামকরণ করেছে কলেজের ছাত্র সংসদ। তবে ছাত্র সংসদের নেতারা বলছেন, কর্তৃপক্ষের সম্মতিক্রমে নতুন নামকরণ করা হয়েছে। কলেজ সূত্র জানায়, যাঁর নামে কলেজের নির্মাণাধীন ভবনের (বশিরুল হক) সামনে সাইনবোর্ড টানানো হয়েছে, তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমান সহকারী পরিচালক (প্রশাসন) ইহতেশামুল হক চৌধুরীর বাবা। বশিরুল হক কলেজটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। ইহতেশামুল হক স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সিলেটের সভাপতি ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কেন্দ্রীয় সহসভাপতি। কলেজ সূত্রে জানা গেছে, দেশে মাত্র দুটি সরকারি আয়ুর্বের্িদক চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানের একটি হচ্ছে সিলেটের সরকারি তিব্বিয়া কলেজ। ১৯৪৫ সালে সিলেট নগরের জিন্দাবাজারে একটি ভাড়া ঘরে কলেজটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ ছিলেন সিলেটের প্রয়াত হাকিম বশিরুল হক চৌধুরী। ১৯৮০ সালে চালিবন্দর এলাকায় ১৫ শতক খাসভূমি বন্দোবস্ত নিয়ে চলে কার্যক্রম। ৭৩ জন শিক্ষার্থীর স্থান সংকুলান না হওয়ায় তিন বছর পর কলেজের নিজস্ব তহবিল থেকে শাহজালাল উপশহরের ডি ব্লকে এক একর জমি ক্রয় করে কর্তৃপক্ষ। এই জমিতে ভবন নির্মাণের কাজ শুরু হয় ২০০৭ সালের অক্টোবরে। নির্মাণকাজ শেষ না হতেই চলতি মাসে আকস্মিক নতুন নামকরণের সাইনবোর্ড টানানো হয়। সাইনবোর্ডে লেখা হয়েছে—‘বশিরুল হক ইউনানি মেডিকেল কলেজ হাসপাতাল’ (সাবেক সরকারি তিব্বিয়া কলেজ)।নির্মাণকাজ তদারকের কর্তৃপক্ষ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (এইচইডি) সিলেট কার্যালয়ের সূত্র জানায়, তিব্বিয়া কলেজের বর্তমান টিনশেড ভবনে শিক্ষার্থীদের পাঠদান ও শিক্ষানবিশ চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাই শাহজালাল উপশহর এলাকায় কলেজের দ্বিতল ভবন নির্মাণসহ প্রায় পাঁচ কোটি টাকার দুটি প্রকল্পের কাজ চলছে।সংশ্লিষ্ট সূত্র মতে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন করতে হলে একাধিক শর্ত পূরণ করে দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে তা করতে হয়। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সিলেটের একাধিক সাইট কর্মকর্তা জানান, নতুন নামটি তাঁরা চলতি মাস থেকে দেখছেন। হঠাৎ করে বিধিবহির্ভূতভাবে নাম বদল করায় ক্ষোভ ও হতাশা ব্যক্ত করে ওই কলেজের নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, ‘হাকিম সাহেব (বশিরুল হক) এ কলেজ প্রতিষ্ঠায় বিশাল অবদান রেখেছিলেন, এটা সত্য এবং তা সবারই জানা। কিন্তু তাঁর নামে এভাবে নামকরণ করা তাঁকে অসম্মান করার শামিল।’ সরকারি তিব্বিয়া কলেজের অধ্যক্ষ এ কে সায়েফউদ্দিন আহমদ নতুন নামকরণ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘নির্মাণাধীন ভবনের সামনে নতুন নামকরণের সাইনবোর্ড ঝোলানো হয়েছে, ভবনটি এখনো নির্মাণ কর্তৃপক্ষ সিলেট স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীন। তাঁদের অধীন থাকায় সেখানে এখন কী নাম আছে, তা আমাদের দেখার বিষয় নয়। আমাদের কাছে হস্তান্তর হলে তখন দায়টা আমাদের ওপর বর্তাবে। আমরা অবশ্য সরকারি তিব্বিয়া কলেজ নামেই সব দাপ্তরিক কাজ সম্পন্ন করছি।’ এ নামকরণ কারা করল? জবাবে তিনি বলেন, ‘কলেজ ছাত্র সংসদ এ নামকরণ করেছে বলে শুনেছি।’মুঠোফোনে যোগাযোগ করা হলে কলেজ ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) আখতার হোসেন দাবি করেন, কলেজ কর্তৃপক্ষের সম্মতিক্রমে ছাত্র সংসদ নতুন নামকরণ করেছে। নতুন নামকরণ কীভাবে হলো—জানতে চাইলে আখতার হোসেন প্রথম আলোকে বলেন, ‘কলেজটি সরকারি হলেও নানাভাবে অবহেলিত। এ জন্য প্রয়োজন একজন অভিভাবকের। যাঁর প্রচেষ্টায় কলেজ হয়েছে, আমরা তাঁর ছেলেকে (ইহতেশামুল) গত ২৭ জুন কলেজে এনেছিলাম। তখন একটি সভার মাধ্যমে তাঁকে জানিয়ে নামকরণ করা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠিয়েছি। সেটি এখন অনুমোদনের অপেক্ষায়।’ প্রস্তাব অনুমোদনের আগেই নামকরণের সাইনবোর্ড টানানো প্রসঙ্গে আখতার হোসেন বলেন, ‘আমাদের বিশ্বাস, এ প্রস্তাব অনুমোদন হবেই। তাছাড়া কলেজের “তিব্বিয়া” নামটি কেউ বোঝে না। এ জন্য নতুন নামকরণ যুক্তিযুক্ত।’ বিএমএর কেন্দ্রীয় নেতা ইহতেশামুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমার আব্বার নামে কলেজের নামকরণ হয়েছে—সো হোয়াট? ওনার (বশিরুল হক) নামে রাস্তা হতে পারে, যেকোনো কিছুরই নামকরণ হতে পারে।’ তিনি আরও বলেন, ‘আমি গত ২০ বছরে ওই কলেজে যাইনি, কোনো অনুদান দিইনি, এমনকি আমি ওই প্রতিষ্ঠানের কোনো সদস্যও নই। তাহলে আমাকে জিজ্ঞেস করছেন কেন?’ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (এইচইডি) সিলেট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী এ কে এম বদরুল ইসলাম প্রথম আলোকে জানান, নাম বদলের প্রস্তাব করা হলে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিকভাবে অনুলিপি দিয়ে তাঁদের জানানো হয়। কিন্তু গত রোববার পর্যন্ত সরকারি তিব্বিয়া কলেজের নতুন নামকরণ বা এ-সংক্রান্ত কোনো প্রস্তাবের কাগজপত্র তাঁরা পাননি।