নতুন ভাড়া মানেননি বাসমালিকেরা, ঠকানো হচ্ছে যাত্রী
রাজধানীর বাসমালিকেরা সরকারের সিদ্ধান্ত মানছেন না। জ্বালানির দাম বাড়ার পর ইচ্ছামতো যে ভাড়া নির্ধারণ করা হয়েছিল, গতকাল বৃহস্পতিবারও সেই ভাড়াই যাত্রীদের কাছ থেকে আদায় করতে দেখা গেছে।সরকারি ঘোষণা অনুযায়ী, গতকাল থেকে বাস ও অটোরিকশার নতুন ভাড়ার হার কার্যকর হয়েছে। কিন্তু সরেজমিনে রাজধানীর কমলাপুর, প্রেসক্লাব, আজিমপুর, কলাবাগান, মোহাম্মদপুর এলাকা ঘুরে সরকার-নির্ধারিত ভাড়ার টিকিট পাওয়া যায়নি। এসব এলাকায় পুরোনো টিকিটে ইচ্ছামতো ভাড়া হাতে লিখে বসিয়ে বিক্রি হয়।মোহাম্মদপুর থানার কাছাকাছি রাস্তার পাশে একটি ব্যানার চোখে পড়ে। এতে সিএনজির দাম বাড়া ও খুচরা যন্ত্রাংশের মূল্যবৃদ্ধির ফলে যে ভাড়া নির্ধারণ করেছেন বাসমালিকেরা, তাতে যাত্রীদের সহযোগিতা চাওয়া হয়েছে। মোহাম্মদপুর সিএনজি বাসমালিক সমিতির এই ব্যানারে বলা হয়েছে, ওই এলাকা থেকে চলাচলকারী সব বাসে সায়েন্স ল্যাবরেটরি পর্যন্ত ১২ টাকা এবং গুলিস্তান পর্যন্ত ২০ টাকা ভাড়া ধার্য করা হয়েছে।গতকাল নতুন ভাড়া কার্যকর হলেও মোহাম্মদপুর থেকে চলাচলকারী তরঙ্গ প্লাস, মিডওয়ে, মালঞ্চ, মৈত্রীসহ সব পরিবহনে ব্যানারে উল্লেখ করা ভাড়াই আদায় করা হচ্ছে।এমনকি এই পরিবহনগুলোতে ধানমন্ডির স্টার কাবাব থেকে দুই কিলোমিটার দূরের সায়েন্স ল্যাবরেটরি পর্যন্তও ১২ টাকা ভাড়া আদায় করা হচ্ছে।দূরত্ব চুরি: ইচ্ছামতো ভাড়া আদায়ের পাশাপাশি কৌশলে ‘দূরত্ব চুরি’র মাধ্যমে যাত্রীদের ঠকাচ্ছেন বাসমালিকেরা। টিকিটে ভাড়া এক কিন্তু যাত্রা শুরুর ও গন্তব্যের স্থান একাধিক রেখে নিজেদের খুশিমতো টিকিট বিক্রি করার কৌশল নিয়েছেন তাঁরা। ফলে কম দূরত্বে যাতায়াত করেও যাত্রীদের বেশি দূরত্বের ভাড়া দিতে হচ্ছে।গতকাল দুপুরে প্রেসক্লাবের সামনে কথা হয় বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা (এনজিও) মাহবুবুর রহমানের সঙ্গে। তিনি অভিযোগ করেন, শতাব্দী পরিবহনে তিনি প্রেসক্লাব থেকে ফার্মগেট যাওয়ার টিকিট কিনতে গেলে তাঁকে ১২ টাকার টিকিট ধরিয়ে দেওয়া হয়। টিকিট হাতে নিয়ে দেখেন, এই টিকিটে লেখা আছে গুলিস্তান-পল্টন-প্রেসক্লাব থেকে ফার্মগেট-মহাখালী। অর্থাৎ, গুলিস্তান থেকে মহাখালী পর্যন্ত গেলে যে ভাড়া গুনতে হতো, প্রেসক্লাব থেকে ফার্মগেট পর্যন্ত একই ভাড়া দিতে হচ্ছে তাঁকে।একই চিত্র দেখা গেছে অন্য পথেও। আজিমপুর থেকে আবদুল্লাহপুর পথে চলে সূচনা পরিবহন। এই পরিবহনের কলাবাগান, সোবহানবাগ কিংবা মানিক মিয়া এভিনিউয়ের যেকোনো এক স্থানে উঠে বিমানবন্দর যেতে একই ভাড়া গুনতে হয়। কলাবাগান থেকে মানিক মিয়া এভিনিউর দূরত্ব আড়াই কিলোমিটার। অথচ মানিক মিয়া এভিনিউর যাত্রীকে কলাবাগানের ভাড়া গুনতে হয়।এক টিকিটে একাধিক যাত্রা ও গন্তব্যের স্থান লিখে যাত্রী ঠকাতে দেখা গেছে রাজধানী এক্সপ্রেস, তরঙ্গ প্লাস, রংধনু, মৈত্রী, আজমেরীসহ একাধিক পরিবহনে।ভ্রাম্যমাণ আদালত: বাড়তি ভাড়া আদায় রোধে গতকাল বিআরটিএ প্রেসক্লাবে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ইচ্ছামতো ভাড়া আদায়ের দায়ে মালঞ্চ পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো-ব-১৪-৪১৪৪) চলাচলের অনুমতি বাতিলের সুপারিশ করেছেন ভ্রাম্যমাণ আদালত।আদালতের ম্যাজিস্ট্রেট তোফায়েল ইসলাম জানান, এই পরিবহনের যাত্রীদের অভিযোগের ভিত্তিতে সর্বনিম্ন ভাড়া ১২ টাকা এবং বিভিন্ন গন্তব্যে হাতে লিখে পাঁচ থেকে সাত টাকা বাড়তি ভাড়া আদায় করার প্রমাণ পাওয়া যায়। সে জন্য দেড় হাজার টাকা জরিমানা এবং চলাচলের অনুমতি বাতিলের পরামর্শ দেওয়া হয়েছে।এ ছাড়া বাড়তি ভাড়া আদায়ের দায়ে আদালত বেলাল ও মাইলাইন পরিবহনের দুটি বাস জব্দ করে পুলিশ হেফাজতে পাঠিয়েছেন।স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বাসভ্রমণ: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক যাত্রী ঠকানো বন্ধে প্রতিটি বাস থামার স্থানে দূরত্বসহ ভাড়ার তালিকা টানিয়ে দেওয়ার জন্য বিআরটিএকে পরামর্শ দিয়েছেন। গতকাল সরকার-নির্ধারিত হারের চেয়ে বেশি ভাড়া আদায় হচ্ছে কি না, তা সরেজমিনে পর্যবেক্ষণ করে এই পরামর্শ দেন। পরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের তাঁর পর্যবেক্ষণের কথা জানান। প্রতিমন্ত্রী জানান, তিনি সকালে মোহাম্মদপুর টাউন হলের সামনে বাসস্ট্যান্ডে যাত্রীরা অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেন। এরপর তিনি যাত্রীদের অভিযোগের ভিত্তিতে মিরপুর-মতিঝিল রুটে চলাচলকারী শতাব্দী ও মোহাম্মদপুর-বনশ্রী রুটে চলাচলকারী তরঙ্গ পরিবহনে বাড়তি ভাড়া আদায়ের প্রমাণ পান।মন্ত্রীর পরামর্শে সংশ্লিষ্ট বাস কোম্পানির বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে যাত্রীরা মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। প্রতিমন্ত্রী আরও জানান, তিনি দুপুরে মোহাম্মদপুর টাউন হলের সামনে থেকে যাত্রীবেশে এটিসিএল কোম্পানির বাসে চড়ে ভাড়া আদায়ের অবস্থা পর্যবেক্ষণ করেন।বিভিন্ন সংগঠনের প্রতিবাদ: বাসভাড়া বাড়ার সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) ও বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠন দুটি সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছে। গতকাল এক বিবৃতিতে স্কপ বলেছে, যে হারে জ্বালানির দাম বাড়ানো হয়েছে, এর চেয়ে অনেক বেশি হারে যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করা হচ্ছে। যানবাহনের মালিকদের এই অরাজকতা গ্রহণযোগ্য নয়।বিবৃতিদাতা স্কপ নেতাদের মধ্যে আছেন রায় রমেশ চন্দ্র, জাফরুল হাসান, ওয়াজেদুল ইসলাম খান, শাহ মো. আবু জাফর, আবদুল কাদের হাওলাদার প্রমুখ। অন্যদিকে যাত্রী কল্যাণ সমিতি যোগাযোগমন্ত্রী ও সচিবের কাছে দেওয়া এক আবেদনে মিনিবাসে দুই টাকা ও বড় বাসে পাঁচ টাকা সর্বনিম্ন ভাড়া নির্ধারণের দাবি জানায়।