নতুন ভিসাচুক্তি করল ভারত-পাকিস্তান
ভারত ও পাকিস্তান আজ শনিবার সহজে ভিসা পাওয়ার এক নতুন চুক্তিতে স্বাক্ষর করেছে। এ চুক্তিতে প্রথমবারের মতো দলগত দর্শনার্থী ও তীর্থযাত্রীদের জন্য ভিসা, ব্যবসায়ীদের জন্য পৃথক ভিসা এবং ৬৫ বছরের বেশি বয়সীদের জন্য উপস্থিতি ভিসার বিধান রাখা হয়েছে। টাইমস অব ইন্ডিয়ার এক খবরে এ তথ্য জানানো হয়।ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক নতুন চুক্তিতে স্বাক্ষর করেন। ৩৮ বছরের পুরোনো নিয়ন্ত্রিত ভিসা চুক্তির পরিবর্তে এ চুক্তিটি করা হয়েছে। এ চুক্তি নির্দিষ্ট সময়ের মধ্যে ভিসা অনুমোদন, ব্যক্তি থেকে ব্যক্তিতে যোগাযোগ এবং দ্বিপক্ষীয় বাণিজ্যের দ্বার উন্মোচন করবে। অকূটনৈতিক ভিসা অনুমোদনের ক্ষেত্রে নতুন চুক্তিতে কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। তবে আবেদনের ৪৫ দিনের মধ্যে আবেদনকারীকে ভিসা হস্তান্তর করতে হবে। ভিসা প্রদানের নতুন নীতিমালা অনুযায়ী, একজন দর্শনার্থী তিনটি স্থানের পরিবর্তে পাঁচটি স্থানে ভ্রমণ করতে পারবে। ৬৫ বছরের বেশি বয়সী, ১২ বছরের কম বয়সী কিংবা খ্যাতনামা ব্যবসায়ীদের ওপর পুলিশি নজরদারি না করার বিধান রাখা হয়েছে এ নীতিমালায়। নতুন এ চুক্তি অনুযায়ী, একক ব্যক্তি ভিসা ছয় মাসের জন্য দেওয়া হবে। তবে এককালীন তিন মাসের বেশি সময় কোনো ব্যক্তি অবস্থান করতে পারবে না। এই সময়ে ওই ব্যক্তি পাঁচটি স্থানে ভ্রমণ করতে পারবে। চুক্তিতে বলা হয়েছে, দলগতভাবে দর্শনার্থী ভিসা পেতে হলে অবশ্যই দলের সদস্যসংখ্যা ১০ থেকে ৫০ জনের মধ্যে থাকতে হবে। এই ভিসার মেয়াদ হবে ৩০ দিন। এই ভিসা পেতে ভ্রমণ অপারেটররা আবেদন করতে পারবে এবং এ বিষয়টি দুই দেশের সরকারের নথিভুক্ত হতে হবে।