নতুন ভোটার ৬৯ লাখ ৩০ হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে নতুন ভোটারের সংখ্যা ৬৯ লাখ ৩০ হাজার ৩০৩ জন। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে করা ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ শেষে এই হিসাব দাঁড়িয়েছে। সব মিলিয়ে এখন দেশের ভোটার সংখ্যা নয় কোটি ২১ লাখের বেশি। এ বছরের ১০ মার্চ ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হয়ে ১৫ ডিসেম্বর শেষ হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ আগারগাঁওয়ে কমিশনের সম্মেলনকক্ষে আজ মঙ্গলবার সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ২০১৩ সালের জানুয়ারির মধ্যে যাঁদের বয়স ১৮ হবে, এ তালিকায় তাঁদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া তালিকা থেকে মৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। আগামী ২ জানুয়ারি খসড়া এবং ৩১ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। সিইসি আরও জানান, গত মার্চ পর্যন্ত ভোটার সংখ্যা ছিল আট কোটি ৫৮ লাখ ৬৫ হাজার ৯২৫ জন। হালনাগাদে ছয় লাখ ৭৩ হাজার ৮৯৬ জন মৃত ভোটারকে বাদ দেওয়া হয়েছে। সব মিলিয়ে এখন মোট ভোটার নয় কোটি ২১ লাখ ২২ হাজার ৩৩২ জন। তবে চলমান প্রক্রিয়া হিসেবে নির্বাচনের আগ পর্যন্ত যে কেউ ভোটার হতে পারবেন। কমিশন সচিবালয়ের তথ্য অনুযায়ী নতুন অন্তর্ভূক্ত ভোটারের মধ্যে নারী ২৮ লাখ ১৮ হাজার ৬৩৮ এবং পুরুষ ৪১ লাখ ১১ হাজার ৬৬৫ জন। ভোটার স্থানান্তর হয়েছেন চার লাখ ৪০ হাজার ৭০৪ জন। খসড়া তালিকা প্রকাশের পর ১৭ জানুয়ারির মধ্যে দাবি, আপত্তি ও সংশোধনের জন্য আবেদন করা যাবে। এ আবেদন ২২ জানুয়ারির মধ্যে নিস্পত্তি করা হবে।