নতুন ভোরে নতুন আশা
‘ডিজিটাল’ সময়টা বহাল থাকলে আমরা হয়তো ভোর দেখতাম এক ঘণ্টা আগে। কিন্তু নতুন বছরের প্রথম প্রহরেই সময় ফিরে গেল ‘অ্যানালগে’। তার মানে আবারও সেই পুরোনো সময়, নতুন সকালটাকে কুয়াশা জড়িয়ে রাখতে পারল না বেশিক্ষণ!নুতন এই ভোরে বাংলাদেশের ফুটবলের কাছে এটাই হতে পারে সবচেয়ে প্রার্থিত চিত্রকল্প। কুয়াশার আস্তরণটা একটু কাটুক না। আর কত কুয়াশা দেখবে বাংলাদেশের ফুটবল?কিন্তু কুয়াশা কি কাটবে আদৌ? মহাকালের বহমান বুক থেকে একটি বছরকে কেবল ভাগ করে নেওয়া হয় ৩৬৫টি দিন দিয়ে। আসলে তো এটি অন্তহীন সময়ের ফিতে। বাংলাদেশের ফুটবলও তাই। এখানে নতুন বছর জড়িয়ে থাকে তার আগের বছরের সঙ্গে, আগের বছর যুক্ত থাকে তারও আগের বছরের সঙ্গে, তার আগের বছর...। এখানে নতুন বছর আসে শুধু একটা নতুন অনুভূতি নিয়ে। কিন্তু পরে দেখা যায়, নতুন দিনগুলোর গায়েও সেই পুরোনো আবিলতা। কিছুই বদলাতে পারে না। একই ভূগোলের মধ্যে ঘুরে ফেরা।সুতরাং পুরোনো পরিকল্পনাহীনতার, ব্যর্থতার জের টানতে টানতেই হয়তো বাকি ৩৬২ দিন (এরই মধ্যে খরচ হয়ে গেছে তিন দিন) ফুরিয়ে যাবে। আমরা নতুন খেলোয়াড় তুলে আনতে ব্যর্থ হব আবারও। আবারও নাড়াচাড়া করবও হাতেগোনা ২৮-৩০ জন খেলোয়াড় নিয়ে। আরেকটি টুর্নামেন্ট আসবে। ওই খেলোয়াড়গুচ্ছ থেকে ২০ জনের দল নির্বাচন করতে গিয়ে ‘মহাপ্রলয়ে’র ধ্বংসের তীব্রতা অনুভব করব মনের মধ্যে। কোচের ঘাড়ে ফেলব খড়্গ। জয়ের মিথ্যা আশায় বুক বেঁধে দেব দেশবাসীর। তারপর চূড়ান্ত ব্যর্থতায় ডুবে গিয়ে ছাঁটাই করা কোচকেই চড়াব শূলে—‘কেষ্টা ব্যাটাই চোর!’এ বছর টুর্নামেন্ট একটি নয়, দুটি। ২৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া দক্ষিণ এশীয় গেমসকেই পাওয়া যাচ্ছে সবচেয়ে আগে। আদতে এটি এখন ‘ছোটদের’ টুর্নামেন্ট হয়ে পড়ায় এর ওপর যতটা না গুরুত্বের প্রলেপ থাকবে, তার চেয়ে বেশি থাকবে আবেগের। একসময় এটিই ছিল দক্ষিণ এশীয় ফুটবল শ্রেষ্ঠত্বের মঞ্চ। যে মঞ্চে আমাদের শিরোপাভূষিত হতে অপেক্ষা করতে হয়েছিল গেমসের প্রথম সাতটি আসর। তত দিনে অবশ্য সাফ গেমস ফুটবলের গুরুত্ব ফিকে হয়ে পড়েছে এএফসি অনুমোদিত সাফ চ্যাম্পিয়নশিপের আত্মপ্রকাশে। আমরা পরে নিজেদের ঘরে সাফ চ্যাম্পিয়নশিপও জিতে দেখিয়েছি শ্রেষ্ঠত্বের স্বীকৃতিটা সব সময় আমাদের কাছে ‘বাঁদরের গলায় মুক্তোর মালা’ নয়। আমাদের সামর্থ্যও আছে। পর পরই অবশ্য ইতিহাস বাঁক বদলেছে। নিজেদের কৃতকর্ম ফুটবলকে ভাসিয়ে নিয়ে গেছে উল্টো স্রোতে। এক মাস আগেই দেশের মাটিতে যে স্রোত সাফ ফুটবল রূপ ধরে আমাদের হাবুডবু খাওয়াল। সে কথা পরে হবে। এখন বলি নতুন বছরের দ্বিতীয় টুর্নামেন্টের কথা—এএফসি চ্যালেঞ্জ কাপ। এটাই কিন্তু আমাদের কাছে সাফের চেয়েও বড় চ্যালেঞ্জ।১৬-২৭ ফেব্রুয়ারি কলম্বোয় অনুষ্ঠেয় ওই টুর্নামেন্টে কী করবে বাংলাদেশ? ২০০৬ সালে যে তাজিকিস্তান টুর্নামেন্টের অভিষেকে দেশের মাটিতে বাংলাদেশকে ৬ গোলে দুরমুশ করেছিল কোয়ার্টার ফাইনালে, সেই তাজিকিস্তান এবারও গ্রুপ-সঙ্গী। যে মিয়ানমার গত বছর চ্যালেঞ্জ কাপের বাছাই পর্বে ঘরের মাঠে বাংলাদেশকে গ্রুপ চ্যাম্পিয়ন হতে দেয়নি, সেই মিয়ানমার এখানেও গ্রুপ-সঙ্গী। বাংলাদেশ পারবে গ্রুপ পর্ব পেরোতে?এই চ্যালেঞ্জ কাপে কিছু করে দেখাতে পারলেই না বাংলাদেশ তার ফুটবল পৃথিবীটাকে একটু বড় করে তুলতে পারবে। ভারত যেমন করেছে। একবার তারা চ্যালেঞ্জ কাপ জিতে ডানা ঝাপটাচ্ছে এশীয় মানে উড়তে। কবে দেখব আমরা ওই ওড়ার আকাশ?আমরা নিজেদের ওড়ার বিস্তৃত আকাশ খুঁজে পাই না। অথচ নিজেদের নিচু আকাশটায় ওড়াই অন্যদের পতাকা। আবারও এসে গেল সেই পতাকা ওড়ানোর সময়। এসে গেল বিশ্বকাপ। জুন-জুলাইয়ে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ইংল্যান্ড, ইতালি, স্পেনের পতাকায় ছেয়ে ফেলব বাড়ির ছাদ। সত্যিকারের বিশ্বজনীন হয়ে উঠব আমরা। অথচ আমাদের নিজস্ব ফুটবল-বোধ আকীর্ণ হয়ে থাকবে ক্ষুদ্রতায়, খেয়োখেয়িতে।না, আমাদের আত্মশুদ্ধির আগুন এই ক্ষুদ্রতাকে পুড়িয়ে দিক। আমরা আশা করব, ২০১০ সাল ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশকে ওপরে তুলে নেবে। আমরা স্বপ্ন দেখব ২০১০ সালে দর্শক-ভরা ফুটবল মাঠ, যেখানে ক্ষোভের ‘তরলে’র বদলে ছুটবে আনন্দের ফল্গুধারা। যেখানে জোরান জর্জেভিচের চেহারা ডিডোর অবয়ব নেবে না। জেলায় জেলায় ফুটবলের দুর্দান্ত আবাদ হবে। কাজী সালাউদ্দিন, দেশের ইতিহাসের সবচেয়ে বড় তারকা ফুটবল ফেডারেশনের সর্বোচ্চ চেয়ারে বসে হতাশ না হয়ে স্বপ্নই দেখতে বলছেন। ঠিক আছে, আমরা স্বপ্ন দেখতে থাকি!আসলে নতুন বছরে স্বপ্ন দেখতে হয়। নতুন আশার বীজ বুনতে হয়। এটি তো ঐতিহ্যেরই অঙ্গীকার!