নতুন মজুরি অনুযায়ী পোশাকশ্রমিকদের ঈদ বোনাস দিতে হবে: শ্রমমন্ত্রী
নতুন বেতনকাঠামো অনুযায়ী পোশাকশ্রমিকদের ঈদুল আজহার বোনাস দিতে হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন,'১ নভেম্বর থেকেই নতুন মজুরি কাঠামো চালু হবে। কাজেই সে অনুযায়ী পোশাকশ্রমিকদের বেতন দিতে হবে। কেউ এটা না মানলে আইনানুগ ব্যবস্থা নেবে সরকার।'আজ রোববার শ্রমমন্ত্রী তাঁর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। মন্ত্রী বলেন, নতুন মজুরিকাঠামোর গেজেট প্রকাশ হয়েছে। ১ নভেম্বর থেকে এ মজুরিকাঠামো কার্যকর হচ্ছে। কারখানাগুলো এ কাঠামো মানছে কি না, তা কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে। তবে নভেম্বর মাসে কাজ করলেও তাঁরা নিয়ম অনুযায়ী পরের মাসে বেতন পাবেন। কিন্তু সামনে ঈদ। ঈদের বোনাস যেহেতু মূল বেতন থেকে হিসাব করা হয়, সেহেতু নতুন মজুরিকাঠামো অনুযায়ী বোনাস দিতে হবে। মজুরিকাঠামো নিয়ে পোশাকশ্রমিকদের আন্দোলন বা রাজপথে নেমে ভাঙচুর ও নৈরাজ্য সৃষ্টি প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ক্ষোভ থাকলে শ্রমিকেরা তাঁদের কারখানার ভেতর বিক্ষোভ করতে পারেন। কিন্তু রাজপথে নামা বা ভাঙচুর বরদাশত করা হবে না। শ্রমিকদের অব্যাহত আন্দোলনের প্রেক্ষাপটে গত ২৮ এপ্রিল নতুন ন্যূনতম মজুরি কমিশন গঠন করে সরকার। কমিশনের সুপারিশ অনুযায়ী সরকার ২৯ জুলাই পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরিকাঠামো ঘোষণা করে। গেজেট হয় ২ জুলাই। এতে শ্রমিকদের ন্যূনতম মজুরি তিন হাজার টাকা ধরা হয়।