নতুন মাদক ‘ফেনিড্রিন-সি’
‘ফেনিড্রিন-সি’ একটি কফের ওষুধ। সিলেটে নতুন মাদক হিসেবে এটি ব্যাপকভাবে ব্যবহূত হচ্ছে। সীমান্ত দিয়ে ভারত থেকে আসা এই মাদক মূলত কফের ওষুধ। কিন্তু হাতের নাগালে সহজেই পাওয়া যায় বলে এটি এখন সিলেটে মাদকসেবীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। ফেনিড্রিন-সি মাত্রাতিরিক্ত সেবন করার কারণে নেশার মাত্রা বেশি হচ্ছে বলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯) কর্মকর্তাদের বিশেষ অনুসন্ধানে বেরিয়ে এসেছে।জানা যায়, মাদকসেবীদের কাছে বর্তমানে ফেনিড্রিন-সির কাটতি থাকায় সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে এটির পাচার বেড়ে গেছে। এটি ছাড়া আরও বেশ কিছু নতুন ধরনের কফের ওষুধ এবং পেথিডিন, ডান্ডিসহ বিভিন্ন মাদকদ্রব্য সিলেটে আসছে বলে র্যাবের কর্মকর্তারা জানিয়েছেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, সিলেটে এমন কিছু দ্রব্য মাদক হিসেবে বিক্রি হয়, যা মাদকদ্রব্যের সংজ্ঞার মধ্যে পড়ে না। কর্মকর্তারা ফেনিড্রিন-সি ব্যবহারকে এখনকার যুবসমাজের বখে যাওয়ার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেন। প্রবাসী অধ্যুষিত এলাকা হওয়ায় সিলেটে টাকার কোনো সমস্যা নেই। তাই এ অঞ্চলের অধিকাংশ প্রবাসী পরিবারের সদস্যরা ইয়াবা নেশায় আসক্ত হয়ে পড়েছে। এর বিস্তার ঘটেছে আশঙ্কাজনকভাবে। র্যাব জানিয়েছে, গত মে মাসেই সিলেটের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭৫টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।জানা যায়, ইয়াবা নেশায় আচ্ছন্ন হয়ে পড়েছে সিলেটের ধনী পরিবারের যুবসমাজের বিরাট এক অংশ। নগরের অভিজাত এলাকাগুলোয় চলে ইয়াবার ব্যবসা। ওই সব এলাকায় সহজেই ইয়াবা পাওয়া যায়, নতুন নতুন ছদ্মবেশে বিক্রেতা আর ক্রেতার মধ্যে যোগাযোগ হয়। স্থানীয় মাদক পাচারকারীদের অনেকেই এখন ইয়াবা পাচারে জড়িত। এই চক্রে শতাধিক পাইকারি ও খুচরা বিক্রেতা রয়েছে। র্যাবের এক কর্মকর্তা বলেন, ইয়াবার ছোবলে উচ্চবিত্ত শ্রেণীর সন্তানদের একটা অংশ ধ্বংসের পথে। এই মাদকের ছোবলে অভিজাত এলাকার অনেক অভিভাবকের ঘুম হারাম হয়ে গেছে।নাম প্রকাশে অনিচ্ছুক ইয়াবায় আসক্ত কয়েকজন যুবক জানায়, হেরোইনের চেয়েও ভয়াবহ মাদক ইয়াবা কয়েক বছর আগে যৌন উত্তেজক বড়ি হিসেবে সিলেটে বিক্রি হলেও এখন নেশার বড়ি হিসেবে বিক্রি হচ্ছে। বিশেষ করে হেরোইন ও ফেনসিডিলে আসক্ত ব্যক্তিরা ইয়াবার মূল গ্রাহক। তিন রঙের (লাল, কমলা ও ক্রিম) এই বড়ির গায়ে ইংরেজিতে ‘ডব্লিউ ওয়াই’ শব্দ দুটি লেখা থাকে। রকমভেদে এসব ইয়াবা ৫০০ থেকে ১৪০০ টাকায় বিক্রি হচ্ছে।সংশ্লিষ্ট সূত্রমতে, ইয়াবা বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়ার জন্য পেশাদার নারীরা জড়িত রয়েছে। সচ্ছল পরিবারের তরুণ-তরুণীরা মূলত ইয়াবার গ্রাহক। মাদক ব্যবসায়ীদের বিপণনদক্ষতা ও নতুন কৌশলের কারণে সিলেটে উচ্চবিত্ত শ্রেণীর কাছে ইয়াবা এখন অনেক জনপ্রিয় বলে জানা গেছে। অনেকে আবার কৌতূহলবশত ইয়াবা সেবন করে পরে আসক্ত হয়ে যাচ্ছে।