নতুন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চক হ্যাগেল (ভিডিও)
সাবেক সিনেটর চক হ্যাগেলের নতুন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। গতকাল মঙ্গলবার সিনেটে ৫৮-৪১ ভোটে তিনি নির্বাচিত হন। ডেমোক্র্যাটদের পাশাপাশি রিপাবলিকান সিনেটররাও তাঁকে এ পদে মনোনীত করেন। আজ বুধবার বিবিসির অনলাইনের খবরে এ কথা জানানো হয়।৬৬ বছর বয়সী চক হ্যাগেল নেব্রাস্কার সিনেটর ছিলেন। তিনি বর্তমান প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টার স্থলাভিষিক্ত হবেন। তবে মার্কিন কংগ্রেসের ভোটাভুটির মাধ্যমে চূড়ান্ত অনুমোদন পাওয়ার পরই তিনি প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পাবেন।চক হ্যাগেলকে প্রতিরক্ষামন্ত্রী মনোনীত করার বিষয়ে তীব্র মতবিরোধ ছিল ডেমোক্রেট ও রিপাবলিকানদের মধ্যে। গতকালের নির্বাচনে মাত্র চারজন রিপাবলিকান সিনেটর চক হ্যাগেলের পক্ষে ভোট দেন।দুই সপ্তাহ আগে সিনেটে প্রতিরক্ষামন্ত্রী নিয়োগের কথা থাকলেও রিপাবলিকানদের তুমুল বিরোধিতার মুখে তা পিছিয়ে যায়। প্রতিরক্ষামন্ত্রী হিসেবে চক হ্যাগেলের যোগ্যতা নিয়ে তাঁরা প্রশ্ন তোলেন। ইসরায়েল ও ইরান প্রসঙ্গে চক হ্যাগেলের দৃষ্টিভঙ্গি মার্কিন নীতির পরিপন্থী বলে দাবি করেন রিপাবলিকানরা। ২০০৮ সালে সাবেক পররাষ্ট্র দপ্তরের কার্যালয় থেকে প্রকাশিত একটি বইয়ে ওয়াশিংটনের নীতিনির্ধারকেরা ‘জিউয়িস লবি’ দ্বারা প্রভাবিত—এমন মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছিলেন চক। তিনি ইরাক যুদ্ধের জন্য সাবেক বুশ প্রশাসনের কঠোর সমালোচনা করেছিলেন। এ ছাড়া, তাঁর বিরুদ্ধে উত্তর কোরিয়ার কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে। রিপাবলিকান সিনেটরদের ভাষ্য, ইরানের বিষয়েও তুলনামূলক নমনীয় থাকবেন চক।তবে জানুয়ারিতে সিনেট আর্মড সার্ভিসেস কমিটির কাছে চক অঙ্গীকার করেন, ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে তিনি ‘বদ্ধপরিকর’। ইসরায়েল ও ইরান প্রসঙ্গে মার্কিন নীতি মেনে চলার অঙ্গীকারও করেছেন তিনি।চক হ্যাগেল নির্বাচিত হওয়ার পর প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ‘জাতীয় নিরাপত্তার প্রশ্নে আমরা কেউ ডেমোক্র্যাট বা রিপাবলিকান নই। আমাদের পরিচয় আমরা আমেরিকান। আমাদের বৃহত্তর দায়িত্ব হলো মার্কিন জনগণের নিরাপত্তা নিশ্চিত করা।’