এটিএন বাংলায় আজ রাতে দেখানো হবে নাটক ঘটনা যখন ঘটে। এটি লিখেছেন সন্জয় সরকার এবং পরিচালনা করেছেন সৈমো নজরুল। এতে অভিনয় করেছেন মম। কথা হলো তাঁর সঙ্গে।কেমন আছেন?ভালো। বাসায়ই আছি। ফেব্রুয়ারি মাসের গোড়ার দিকে আমি মা হব। এ কারণে অনেক দিন কোনো নাটকে কাজ করা হচ্ছে না। খুব স্বাধীন সময় পার করছি। কম্পিউটারের সামনে বসছি, গান শুনছি, বই পড়ছি, টিভি দেখছি—যখন যেটা খুশি, সেটাই করছি। বিকেলে মুন্নার সঙ্গে বাইরে একটু হাঁটতে বের হই। আসলে এ রকম স্বাধীন আমি কখনো ছিলাম না, ভবিষ্যতেও হয়তো এমন সময় আর পাব না। তবে প্রতিটা মুহূর্ত একটা নতুন মুখ দেখার জন্য অপেক্ষা করছি।পড়াশোনার কী খবর?আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্ব বিভাগের ছাত্রী। এ মাসেই স্নাতক চূড়ান্ত পরীক্ষা শেষ করেছি। আর কয়েক দিনের মধ্যেই ফলাফল জানা যাবে। অন্য তিনটি বছরের তুলনায় এবার আমি পড়াশোনার দিকে পুরো মনোযোগ দিয়েছিলাম। পুরো সময়টাতে নাটকের তেমন কোনো কাজ করিনি। তাই আশা করছি, ভালোই হবে। ‘ঘটনা যখন ঘটে’ নাটকের কাজ কবে করেছিলেন?তা বছরখানেক তো হবেই। এক দিনের একটা ঘটনা নিয়ে নাটকের গল্প। পুরোটাই সাজানো। আর উত্তরায় ‘মামার বাড়ি’ শুটিং হাউসে কাজটা করেছিলাম মাত্র দুই দিনে। আউটডোর-ইনডোরের যন্ত্রণা তেমন ছিল না। তবে গল্পটা বেশ মজার। এনটিভিতে মঙ্গলবার রাতে শেষ হলো ‘ধূপছায়া’ ধারাবাহিকটি।এই নাটকটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই নাটকের নাট্যকার ও পরিচালক এজাজ মুন্না। এখানে কাজ করার সময়ই গত বছরের মার্চ মাসে আমাদের বিয়ে হয়। আর এই ধারাবাহিকটি যখন শেষ হলো, তখন আমি মা হওয়ার স্বপ্ন দেখছি। নতুন নাটকের কাজ কবে থেকে শুরু করবেন?তা এখনই বলতে পারছি না। তবে কয়েক মাস তো লাগবেই। আরিফ খানের ধারাবাহিক নাটক কবির কিছু অংশের কাজ বাকি আছে। আর মাত্র দু-তিন দিন কাজ করতে হবে। শুরুতেই ওটা শেষ করব।