নতুন মেয়রকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মোহাম্মদ মন্জুর আলমকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শুক্রবার প্রধানমন্ত্রী এক অভিনন্দন-বার্তায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন এবং জনগণকেও অভিনন্দন জানান। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামও গতকাল মন্জুর আলমকে অভিনন্দন জানান।বার্তা সংস্থা বাসসের খবরে বলা হয়, অভিনন্দন-বার্তায় শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রতিজ্ঞাবদ্ধ। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন এর চমৎকার উদাহরণ। তিনি বলেন, ‘এই নির্বাচনে প্রমাণিত হয়েছে, সরকার নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী রাখতে চায়। জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমাদের সব প্রচেষ্টা অব্যাহত থাকবে।’ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারকে ডিজিটাল দেশ গড়ার পথে আরেকটি পদক্ষেপ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘ওই সময় জনগণের রায় রাতভর পাহারা দিতে হয়েছে। জনগণ ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছে। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও নির্বাচনে তাদের রায়কে সমুন্নত রাখতে আমরা অঙ্গীকারবদ্ধ।’ গত সংসদ নির্বাচনের আগের কঠিন সময়ের কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, জনগণের সর্বোচ্চ কল্যাণের জন্য অনেক কষ্টে পাওয়া গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আরও শক্তিশালী করতে হবে। তিনি সারা দেশের সুষম উন্নয়নের লক্ষ্যে সরকারের বর্তমান উন্নয়ন প্রকল্পগুলো অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। সব ধরনের সহযোগিতার আশ্বাস: রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গতকাল বিকেলে চট্টগ্রাম সিটি নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মন্জুর আলমকে অভিনন্দন জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, চট্টগ্রামের উন্নয়নে সরকার তাঁকে সব ধরনের সহযোগিতা দেবে। স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফ বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়েছে। জনগণ নির্ভয়ে ভোট দিয়েছে। তিনি দাবি করেন, নির্বাচন কেন্দ্র থেকে মন্জুর আলমের এজেন্টদের বের করে দেওয়া এবং উদ্দেশ্যমূলকভাবে বিলম্বে ফলাফল প্রকাশের বিএনপির নেতাদের অভিযোগ মিথ্যা। বরং বিএনপির নেতা-কর্মীদের উচ্ছৃঙ্খল আচরণ এবং বিভিন্ন কেন্দ্র ঘেরাওয়ের কারণে প্রিসাইডিং কর্মকর্তারা যথাসময়ে রিটার্নিং কর্মকর্তার কাছে ফলাফল পাঠাতে পারেননি। সৈয়দ আশরাফ আরও অভিযোগ করেন, বিএনপির নেতা-কর্মীরা বিভিন্ন কেন্দ্রের সামনে জড়ো হয়ে হট্টগোল শুরু করেন। তাই আইন প্রয়োগকারী সংস্থার পরামর্শে ভোট গ্রহণে নিয়োজিত কর্মকর্তারা পরিস্থিতি শান্ত হওয়ার জন্য অপেক্ষা করতে থাকেন। এতে ফলাফল প্রকাশে দেরি হয়। স্থানীয় সরকারমন্ত্রী বলেন, চট্টগ্রামের নির্বাচনে প্রার্থীদের প্রতি দলগুলোর সমর্থন থাকলেও এ নির্বাচনের মাধ্যমে কোনো রাজনৈতিক দলের জয়-পরাজয় হয়নি। কারণ এটি দলীয় নির্বাচন নয়। প্রধানমন্ত্রীর পায়ে সফল অস্ত্রোপচার: প্রধানমন্ত্রী শেখ হাসিনার পায়ে গতকাল অস্ত্রোপচার করা হয়েছে। তাঁর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, চিকিৎসক কমল বোস গণভবনে প্রধানমন্ত্রীর পায়ে অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচার সফল হয়েছে। তিনি দ্রুত সেরে উঠছেন। কাল রোববার পর্যন্ত তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্রেস সচিব আরও জানান, প্রধানমন্ত্রী সুস্থ আছেন এবং তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।