নতুন মোটরসাইকেলের বায়না, পরে লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবেশীর ছেলের মোটরসাইকেল কেনা দেখে বাবার কাছে মোটরসাইকেলের জন্য বায়না ধরেছিলেন মিঠু। গতকাল বৃহস্পতিবার বিকেলে বাবা তাঁকে একটি মোটরসাইকেল কিনে দেন। আর আজ শুক্রবার সকালে মোটরসাইকেল নিয়ে রাস্তায় বের হওয়ার এক ঘণ্টার মধ্যেই মিঠুর মৃত্যু হয়। সকাল আটটার দিকে ঘটনাটি ঘটেছে রাজশাহী নগরের নতুন বাস টার্মিনাল এলাকায়। মিঠুর বাড়ি নগরের বোয়ালিয়া থানার উজিরপুকুর এলাকায়। তাঁর বাবার নাম মোহাম্মদ আবু। মিঠুর পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি তাঁর বাবার একমাত্র ছেলে। গত সাত মাস আগে তাঁর বিয়ে হয়েছে। প্রতিবেশীর ছেলের মোটরসাইকেল কেনা দেখে তিনি কিছুদিন থেকে মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য বাবার কাছে বায়না করেছিলেন। তাঁর বাবা আবু বলেন, গতকাল বিকেলে মোটরসাইকেল কিনে দেওয়ার পরে তিনি বাড়ির পাশেই একটু চালিয়েছেন। সকাল আটটার দিকে মোটরসাইকেল নিয়ে বড় রাস্তায় চলে আসেন। এর ঘণ্টাখানেক পরেই তাঁরা খবর পান ছেলের দুর্ঘটনা হয়েছে। হাসপাতালে এসে দেখেন ছেলে মারা গেছে। তিনি বলেন, অনভ্যস্ত হাতে মোটরসাইকেল চালাতে গিয়ে তাঁর ছেলের মোটরসাইকেলটি একটি খাম্বার সঙ্গে ধাক্কা খায়।রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক সাইফুল ইসলাম বলেন, হাসপাতালে আসার আগেই পথের মধ্যে মিঠুর মৃত্যু হয়েছে। তাঁরা তাঁকে মৃত অবস্থায় পেয়েছেন। ময়নাতদন্ত শেষে মিঠুর লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।