নতুন মৌসুম নতুন তারকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেউ দল বদলেছেন, কেউ বা থেকে গেছেন পুরোনো দলে। নতুন ফুটবল মৌসুমে আলো ছড়াতে পারেন এমন পাঁচ তারকাকে নিয়ে লিখেছেন আবিদুল ইসলামআগুয়েরোর ঘোষণাবড় অনেক দলই চেয়েছিল সার্জিও আগুয়েরোকে। কিন্তু আগুয়েরো চেয়েছিলেন নিজের মনের মতো একটা জায়গা। যেখানে নিজেকে উজাড় করে দিতে পারবেন, যে দলের জন্য লড়তে পারবেন আমৃত্যু! তাঁর কাছে তেমন দল মনে হয়েছে ম্যানচেস্টার সিটিকে। অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে তাই ইংল্যান্ডে পাড়ি জমিয়েছেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। সিটিতে নাম লিখিয়েই ম্যারাডোনার জামাই ঘোষণা দিয়েছেন আমৃত্যু লড়াই করার, ‘আমি সেই খেলোয়াড়, যে আমৃত্যু লড়াই করতে জানে।’ প্রথম মৌসুম থেকেই এ লড়াই করতে চান আগুয়েরো। নতুন ঠিকানা, নতুন প্রেরণা, সব মিলিয়ে নতুন করে জ্বলে উঠতেই পারেন আগুয়েরো। এতে ফুটবল রোমান্টিকদের যেমন পিপাসা মিটবে, তেমনি মিটতে পারে সিটির সাফল্য-তৃষাও।সুয়ারেজের স্বপ্নলুইস সুয়ারেজ খেয়ালি। লুইস সুয়ারেজ স্বপ্নবাজ। নিজে স্বপ্ন দেখেন, অন্যকে স্বপ্ন দেখাতেও ভালোবাসেন। শুধু স্বপ্নের জাল বুনেই ক্ষান্ত হন না উরুগুয়ের এই স্ট্রাইকার। স্বপ্নের জালে সাফল্য আর অর্জনকে ধরেই তবে তাঁর শান্তি। পরিবারকে কথা দিয়েছিলেন ‘যদি ফুটবল খেলার সুযোগ পাই, অর্জন আর সাফল্যের পালকে মোড়াব জীবনকে।’ ক্যারিয়ারের প্রথম থেকেই সেই কথা রাখতে শুরু করেছেন সুয়ারেজ। উরুগুয়ের ন্যাসিওনাল দিয়ে পেশাদার ফুটবলে প্রবেশ, প্রথম মৌসুমেই শিরোপা জিতেছেন। ডাচ পরাশক্তি আয়াক্সেকেও কথা দিয়েছিলেন শিরোপা জেতাবেন, কথা রেখেছেন। সুয়ারেজের নতুন স্বপ্ন লিভারপুলকে ঘিরে। গত মৌসুমের শেষ দিকে আয়াক্স থেকে নাম লিখিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে। এসেই অকূলপাথারে পড়া নৌকাকে টেনে তুলেছেন। লিভারপুলকে বাঁচিয়েছেন অবনমনের লজ্জা থেকে। নতুন মৌসুম সামনে রেখে ঘোষণা দিয়েছেন লিভারপুলের সুদিন ফিরিয়ে আনার। ‘লাল দুর্গে’ যে স্বপ্ন সঞ্চার করেছেন, সেই স্বপ্ন কি পূরণ করতে পারবেন সুয়ারেজ? পারবেন, যদি আয়াক্সে নিজের ফর্মটার অনুবাদ লিভারপুলেও করতে পারেন। সেখানে এক মৌসুমে ৪৮ ম্যাচে ৪৯ গোল করেছিলেন। এক বুক আশা নিয়েই তাঁর দিকে তাকিয়ে অ্যানফিল্ডের সমর্থকেরা।‘বার্সার সানচেজ’নেইমার-ফ্যাব্রিগাসকে নিয়ে অনেক আলোচনা হয়েছে। হয়েছে অনেক লেখালেখি। তবে এই গ্রীষ্মে দলবদলের বাজারে শেষমেশ আলোড়ন যিনি তুলেছেন, তিনি অ্যালেক্সিস সানচেজ। ইতালির উদিনেসে থেকে ২৬ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি দিয়ে চিলির এই ফরোয়ার্ডকে দলে নিয়েছে বার্সেলোনা। বার্সার ক্রিস্টিয়ানো রোনালদো হবেন সানচেজ—২৩ বছর বয়সী ফরোয়ার্ডকে নিয়ে কাতালনিয়ান সংবাদমাধ্যমের উচ্ছ্বাসটা এমনই। বার্সেলোনায় নাম লেখাতে পেরে উচ্ছ্বসিত সানচেজও। উদিনেসে আর চিলির জাতীয় দলের ফর্মটা ধরে রাখতে চান নতুন ক্লাবেও। মেসি-জাভি-ইনিয়েস্তা সমৃদ্ধ বার্সেলোনায়ও নিজেকে চেনাতে চান নিজের মতো করেই। তাই বার্সার রোনালদো নয়, নিজেকে পরিচয় করিয়ে দিতে চান বার্সার সানচেজ হিসেবেই। পাস্তোরের দেখা মিলবে?তাঁকে কেউ নতুন ম্যারাডোনা বলে না। নতুন মেসিও তিনি নন। নতুন পেলে বা রোনালদোর সঙ্গে তাঁর তুলনা করে না কেউ। তা না হলেও ফুটবল বিশ্বে হাভিয়ের পাস্তোরের নামটি উচ্চারিত হচ্ছে জোরেসোরেই। ভবিষ্যতের তারকা অথবা বিস্ময়কর প্রতিভা—এই বিশেষণটি আর্জেন্টাইন এই আক্রমণাত্মক মিডফিল্ডারের নামের আগেই জুড়ে দিচ্ছেন ফুটবল পণ্ডিত এবং ফুটবলপিয়াসীরা। এও বলতে শোনা যায় সবাইকে, পাস্তোরের যা প্রতিভা, এর বিচ্ছুরণ পুরোপুরি এখনো ঘটেনি। আসল পাস্তোরেকে পালের্মো বের করেই আনতে পারেনি। আর্জেন্টিনা দলেও কথিত পাস্তোরের দেখা মেলেনি। পালের্মো থেকে প্যারিস সেন্ট জার্মেইতে নাম লেখানোর পাস্তোরে এবার কি মেলে ধরতে পারবেন নিজেকে? নিজেকে নিয়ে আশাবাদী পাস্তোরে।আবার ফ্যালকাওআন্দ্রে ভিলাস-বোয়াস তাঁর প্রিয় শিষ্যকে নিয়ে যেতে চেয়েছিলেন চেলসিতে। রাদামেল ফ্যালকাও যাননি। গত মৌসুমের মতো এ মৌসুমেও পোর্তোর হয়েই আলো ছড়াতে চান কলম্বিয়ার এই স্ট্রাইকার। ফ্যালকাও কী পারবেন? গত মৌসুমে পোর্তোকে ডাবল জিতিয়েছেন, নিজে হয়েছেন ইউরোপা লিগের সর্বোচ্চ গোলদাতা। এই সাফল্যের পুনরাবৃত্তি ঘটাতে পারলে পের্তোতে হয়তো সোনার হরফেই লেখা থাকবে ফ্যালকাওয়ের নাম।