সুবা বাংলার নতুন সুবাদার শেখ আলাউদ্দীন ইসলাম খান চিশতি বলেছেন, ঢাকাকে রাজধানী হিসেবে গড়ে যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে, একে তাঁরা কাজে লাগাতে চান। সুবা বাংলার নানা অংশে অরাজকতার শাসন চলছে। দেশি-বিদেশি দস্যুরা এই সুযোগ কাজে লাগিয়ে আমজনতার ওপর যে অনাচার করে চলেছে, এর অবসানে তাঁরা সর্বশক্তি প্রয়োগ করবেন বলে তিনি জানান। গতকাল প্রথম আলোর সঙ্গে এক অন্তরঙ্গ সাক্ষাত্কারে তিনি এসব কথা বলেন। তিনি এ সাক্ষাত্কারে সবাইকে আশ্বস্ত করে বলেন, রাজধানী গড়ে তুলতে অতিরিক্ত যে খরচ হবে তার বন্দোবস্ত করার জন্য তাঁর প্রশাসনের খাজনা বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। সাক্ষাত্কারের বিস্তারিত নিচে দেওয়া হলো:প্রথম আলো: মুহতারাম সুবাদার শেখ আলাউদ্দীন ইসলাম খান চিশতি, সুবা বাংলার প্রথম সুবাদার হিসেবে ঢাকায় আপনাকে খোশ আমদেদ। আশা করি, ঢাকায় আপনার অবস্থানের দিনগুলো আনন্দময় হবে।সুবাদার শেখ আলাউদ্দীন ইসলাম খান চিশতি: সেটি নির্ভর করবে কী ধরনের পরিস্থিতির সম্মুখীন আমাকে হতে হবে তার ওপর। তবে তা যা-ই হোক, আমরা এখানে একটি সুশৃঙ্খল শাসনব্যবস্থা এবং উন্নত নগর গড়ে তুলব, যেমন আমি আমার ভাষণে বলেছি। আশা করি, এতে স্থানীয় জনসাধারণ সর্বাত্মক সহযোগিতা করবে। মহামহিম সম্রাটের পক্ষ থেকে সুবা বাঙ্গালাবাসীকে শুভেচ্ছা।প্র. আ.: ঢাকার কোন বৈশিষ্ট্যের কারণে আপনি একে রাজধানী করার উপযুক্ত বলে ভেবেছেন?সুবাদার: ওহ্, এখানকার লাল মাটি।প্র. আ.: বুঝতে পারলাম না। একটু ব্যাখ্যা করবেন?সুবাদার: আলবত্। আমি যখন দীর্ঘ নদীপথ পাড়ি দিয়ে আসি, তখন লক্ষ করেছি, এই অঞ্চল জঙ্গলাকীর্ণ আর নদীর অববাহিকা নরম পলিমাটি দিয়ে তৈরি। বন্যায় ওই জায়গাগুলি প্লাবিত হয়, পাড় ভেঙে বিলীন হয়ে যায়। আমি কিছুটা উঁচু ও শক্ত মাটির একটি জায়গা খুঁজছিলাম। আবার একই সঙ্গে কৌশলগত কারণে এমন জায়গাও চাইছিলাম, যেখান থেকে পুরো সুবায় সহজে যোগাযোগ করা যায়। এখানে স্থল-যোগাযোগ উন্নত নয়। কাজেই আমি খুঁজছিলাম নদীর পাড়ে শক্ত মাটির উঁচু একটি অঞ্চল। লক্ষ করলাম, এ অঞ্চলে আরও এক রকমের মাটি লাল ও শক্ত। আমি যে রকম জায়গা খুঁজছিলাম, ঢাকা একেবারে তা-ই।প্র. আ.: মুর্শিদাবাদ বা সোনারগাঁও কোন বিবেচনায় বাদ দিলেন?সুবাদার: মুর্শিদাবাদকে বাদ দিয়েছি কৌশলগত কারণে। সেখানে একটি চৌকি থাকবে। অত দূর থেকে এ অঞ্চল নিয়ন্ত্রণ করা কঠিন। আরাকানি মগ ও উপকূলীয় দ্বীপগুলোর পর্তুগিজদের আক্রমণ ঠেকাতে হলে মুর্শিদাবাদ থেকে আরও ভাটির দিকে বড় স্থাপনার দরকার। সোনারগাঁওকেও বিবেচনায় রাখিনি, কারণ ঢাকার যোগাযোগ ও কৌশলগত অবস্থান তার চেয়ে ভালো। তা ছাড়া সে জায়গাটি দীর্ঘদিন বিশৃঙ্খল শাসনের মধ্যে ছিল। সেখানকার অধিবাসীরা স্থানীয় শাসকদের প্রতি দুর্বল থাকতে পারে। স্থানীয়দের সহযোগিতা আমাদের প্রয়োজন। সে ক্ষেত্রে একটি নতুন জায়গা থেকে কাজ শুরু করা আমার কাছে উপযুক্ত বলে মনে হয়েছে। ঢাকার লোকজন আগে থেকে শত্রুভাবাপন্ন হয়ে থাকার কারণ নেই।প্র. আ.: মাননীয় সুবাদার কি তাহলে নিজের শক্তি সম্পর্কে সন্দিহান?সুবাদার: মোটেই তা নয়। আমি বলতে চেয়েছি, মনোভাবের সঙ্গে সম্পর্কের বিষয়টি গুরুত্বপূর্ণ। যা হোক, নতুন রাজধানীতে আমরা আমজনতার সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। তাদের নিরাপত্তার বিষয়টিকে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি। মগ, বর্গি, পর্তুগিজদের অত্যাচার বন্ধ করলে মানুষের জীবনযাত্রার মান বাড়বে। স্থানীয় শিল্পেরও বিকাশ ঘটবে। এতে আমাদের প্রশাসনের ওপর তাদের আস্থা তৈরি হবে। পারস্পরিক সুসম্পর্ক সৃষ্টির সুযোগ ঘটবে।প্র. আ.: আপনি মগ বা পর্তুগিজদের কথা বলেছেন। কিন্তু বারো ভুঁইয়াদের প্রসঙ্গে কিছু বলেননি। এখানে মোগলদের প্রধান লক্ষ্য কি তারাই নয়?সুবাদার: দেখুন, তাঁদের সম্পর্কে বিশেষ কিছু বলার আছে বলে আমি মনে করি না। এ কথা সত্য যে, বিশাল মোগল সাম্রাজ্যের দূরপ্রান্তবর্তী এই সুবার ওপর কেন্দ্রীয় শাসন সব সময় সুদৃঢ় থাকেনি। তবে এর বাস্তব কারণও ছিল। দুর্গম জঙ্গলাকীর্ণ এই অঞ্চলের স্থল-যোগাযোগ উন্নত নয়। নৌপথ ধীরগতির। কেন্দ্র থেকে প্রয়োজনে দ্রুত প্রচুর সৈন্যসমাবেশ সহজসাধ্য নয়। তার পরও মহামান্য শাহানশাহ্ আকবর তাঁর অসামান্য প্রজ্ঞা ও পরাক্রমে সমগ্র ভারতবর্ষকে তাঁর নিয়ন্ত্রণে এনেছেন। কঠোর হাতে স্থানীয় বিদ্রোহ দমন করেছেন। সামাজ্যে আইনশৃঙ্খলা ও শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। তাঁর সময়েই আপনি যাদের কথা বলেছেন, তাদের দমন করা হয়েছে। বাদবাকি যে সীমিত ক্ষমতা তাদের উত্তরাধিকারীদের মধ্যে ছিল, তা উত্পাটন করা হয়েছে। আমরা এখানে আসার পথে বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ করেছি। আপনি নিশ্চয়ই জানেন, তারা মোগল সম্রাটের সম্পূর্ণ বশ্যতা কবুল করেছে। কাজেই এই প্রসঙ্গ নিয়ে আমরা আর ভাবছি না।প্র. আ.: সুবাদার হিসেবে আপনার প্রথম কাজ কী হবে?সুবাদার: কাজ তো অনেক। প্রধান কাজ, সড়ক ও জলপথ উন্নয়ন এবং বাণিজ্যের পরিবেশ সৃষ্টি। তবে সবচেয়ে আগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমজনতার জানমাল ও ধর্মকর্মের নিরাপত্তা। প্রাথমিক দিক থেকে গুরুত্বের বিষয় সেটিই। নদীপথে টহল বাড়ানো এবং কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে দ্রুত সেখানে জলদুর্গ গড়ে তুলতে চাই। তবে সুনির্দিষ্টভাবে কোনো একটি প্রথম কাজের কথা ভাবলে তো বলতে হবে সেটি আমরা ইতিমধ্যেই করেছি—রাজধানী শহরের সীমানা নির্ধারণ।প্র. আ.: আপনি এর আগে বিহারের সুবাদার ছিলেন। সেখান থেকে সুবা বাংলার দায়িত্ব পাওয়ার বিষয়টিকে কীভাবে মূল্যায়ন করেন।সুবাদার: আমি নিজেকে একজন সেনাপতি হিসেবে ভাবতে পছন্দ করি। সেদিক থেকে একটা নতুন জায়গায় এসে একটি নতুন রাজধানীতে সবকিছু নতুন করে গড়ে তোলার বিষয়টিকে আমি যুদ্ধের মতোই ভাবি। আর আপনি যখন যুদ্ধের ময়দানে নামবেন, তখন জয় ছাড়া অন্য কোনো কিছুই ভাববেন না। প্র. আ.: একমাত্র এই বিষয়টিই কি গুরুত্বপূর্ণ?সুবাদার: আমার দিক থেকে ঠিক তা-ই। তবে সামগ্রিক দিক বিবেচনা করলে মোগল সাম্রাজ্যে সুবা বাংলার অর্থনৈতিক ও কৌশলগত গুরুত্ব অত্যন্ত অসীম। আমার তাই মনে হয়, নতুন এই রাজধানীর অপার সম্ভাবনা রয়েছে।প্র. আ.: কী কারণে?সুবাদার: এখানকার শিল্পসামগ্রীর কদর বিশ্বব্যাপী। বিশেষত মসলিন তো সারা জাহানে মশহুর। কিন্তু সে অনুযায়ী এই অসামান্য বস্ত্রের উত্পাদন ও বাণিজ্য বিস্তারিত হয়নি। এখন বিদেশি বণিকেরা আসতে শুরু করেছে। দক্ষিণ ও উত্তর ভারত থেকে তারা মসলা নিয়ে যাচ্ছে। এখন ঢাকায় আমরা একটি উন্নত বন্দর গড়ে তুলব। এখান থেকে মসলিন সারা বিশ্বে রপ্তানি হবে। তাঁতি ও স্থানীয় জনসাধারণও এতে লাভবান হবে। একটা বড় রকমের রাজস্বও আদায় হবে। তা ছাড়া এখানে বিপুল উর্বর সমভূমি। কৃষিপণ্য থেকেও সরকারের আয় বাড়বে। আমরা আমাদের ঐতিহ্যবাহী উদ্যানমুখী কৃষি উত্পাদনের দিকটি চালু করতে পারি। আমার বিশ্বাস, অচিরেই এই নতুন রাজধানী বাণিজ্যে বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ হয়ে উঠবে। এ জন্য আমাদের এখানে নিরাপত্তার বিধান করতে হবে। সেটা আমরা করব। আরাকান পর্যন্ত আমরা আমাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করব। তাতে সব ধরনের অরাজকতারই অবসান ঘটবে।প্র. আ.: আপনারা কি তাহলে খাজনা বাড়ানোর কথা ভাবছেন?সুবাদার: না, না, এই মুহূর্তে সে ধরনের কিছুই আমরা ভাবছি না। আমি যা বলতে চেয়েছি তা হলো, এখানে বাণিজ্য বা কৃষি উত্পাদন বাড়ানোর দিকেই আমরা প্রধানত নজর দেব। উত্পাদন ও বাণিজ্যের পরিমাণ বাড়লে সেখান থেকে স্বাভাবিকভাবেই সরকারি খাজনাও বাড়বে। আপনারা নিশ্চয়ই লক্ষ করেছেন, মোগল সাম্রাজ্যের কোথাও প্রজাদের ওপর আমরা অন্যায় শোষণ ও জুলুম চাপিয়ে দিইনি। সুশাসন, সমতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, সহযোগিতা—এসব আমাদের শাসনের মৌলিক ভাবাদর্শ। খাজনা কেন, কোনো কিছুই আমরা জনসাধারণের ওপর জুলুম করে চাপিয়ে দিতে চাই না। তুর্কি বা আফগান কিংবা অন্যদের মতো আমরা এসে লুটতরাজ করে যা পাই তা-ই নিয়ে চলে যেতে আসিনি। মোগল শাহানশাহ্রা একে নিজের দেশে বলেই ভেবেছেন। এটাই মোগল বাদশাহির মূল শক্তি।প্র. আ.: এবার একটি ব্যক্তিগত প্রশ্ন। শোনা যাচ্ছে, আপনি নাকি বজরাতেই বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন?সুবাদার: আপাতত কিছু দিন তাই থাকতে চাই। অন্য কোথাও আমার থাকার পাকা বন্দোবস্ত এখনো হয়নি। ঢাকা কেল্লায় গিয়ে উঠতে পারতাম। কিন্তু তার চেয়ে বজরায় নদীবক্ষে থাকতেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। নদীপথে দীর্ঘ পথ পার হয়ে আসার সময় খোলা হাওয়া আর এ অঞ্চলের নদীর সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে।প্র. আ.: আপনি একটি সুবার রাজধানী প্রতিষ্ঠা করলেন। নিজেকে আপনি ইতিহাসে কীভাবে দেখতে চান?সুবাদার: ভবিষ্যতের চেয়ে আমি বর্তমানের চিন্তায় এখন বেশি মগ্ন। আমার একটা পরিকল্পনা আছে। তা বাস্তবায়িত করতে হবে। ইতিহাস অনেক বড় বিষয়। এই শহর নিজেই তার ইতিহাস সৃষ্টি করবে বলে আমি বিশ্বাস করি। বহুকাল ধরে বহু মানুষ সেখানে অবদান রাখার সুযোগ পাবে। কে কখন এই শহরের পত্তন করেছিল তার নামই হয়তো সুদূর ভবিষ্যতের লোকেরা ভুলে যাবে। ইতিহাসের বিষয়টা অতীতের, কিন্তু এর চর্চা তো ভবিষ্যতের দিকে তাকিয়েই। এই শহরের যে ভবিষ্যত্ সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, সেটি সফল হলে সে সাফল্যের মধ্যে নামহীনভাবে হলেও তো আমি থেকে যাব।প্র. আ.: আপনার কুশল কামনা করি।সুবাদার: আপনার ও এই সুবার সকলের কুশলও আমি কামনা করি।