এবারের রাষ্ট্রপতি নির্বাচন অন্যবারের চেয়ে একটু ভিন্ন। কারণ, সামনে দশম জাতীয় সংসদ নির্বাচন। বিষয়টি মাথায় রেখে রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। এবারের নির্বাচন অন্য যেকোনো সময়ের চেয়ে কিছুটা হলেও বেশি উত্তপ্ত হবে। লড়াই হতে পারে হাড্ডাহাড্ডি, সমানে সমান। সব দলই জেতার জন্য পেশিশক্তি ও কালোটাকার আশ্রয় নিতে পারে। এ পরিস্থিতিতে অরাজনৈতিক ব্যক্তির চেয়ে রাজনৈতিক ব্যক্তিই রাষ্ট্রপতি হিসেবে বেশি দক্ষতার পরিচয় দিতে পারবেন। কারণ, যিনি রাষ্ট্রপতি হবেন, তাঁকে রাজনীতি বুঝতে হবে এবং দক্ষ হাতে রাজনৈতিকভাবেই পরিস্থিতি মোকাবিলা করতে হবে।আরও কয়েকটি কারণেও আগামী নির্বাচন গুরুত্বপূর্ণ। যেমন বর্তমানে মানবতাবিরোধী অপরাধের বিচার চলছে। এই বিচার আগামী নির্বাচনকে প্রভাবিত করবে। সংসদের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচনের বিষয়টিও গুরুত্বসহকারে বিবেচনা করতে হবে। তা ছাড়া বিদেশি শক্তির দৃষ্টিভঙ্গি পরখ করার ব্যাপারও আছে। আমরা যতটা জানি, উঠতি অর্থনৈতিক শক্তি হিসেবে বর্তমানে বিদেশি শক্তিগুলো বাংলাদেশকে যত্নসহকারে পর্যবেক্ষণ করছে। বাংলাদেশের খনিজ সম্পদ ও সমুদ্রসীমার ব্যাপারে দলগুলোর অবস্থান বিদেশি শক্তিগুলো তাদের মতো করে মূল্যায়ন করবে। সুতরাং এ ধরনের পরিস্থিতিতে রাজনৈতিকভাবে পরীক্ষিত ব্যক্তিই রাষ্ট্রপতি হিসেবে বেশি উপযুক্ত।রাষ্ট্রপতি হিসেবে আমার প্রথম পছন্দ বর্তমান অস্থায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ। তিনি দীর্ঘদিন থেকে রাজনীতি করছেন এবং ছয়বার নির্বাচিত হয়েছেন। নির্লোভ এ মানুষটির ব্যাপারে সাধারণ মানুষের কোনো আপত্তি আছে বলেও মনে হয় না। একজন রাষ্ট্রপতির যা যা গুণাবলি থাকা দরকার, তার সবই আবদুল হামিদের মধ্যে আছে। এই ব্যক্তিকে রাষ্ট্রপতি করা হলে বিরোধী দল থেকে কোনো আপত্তি আসবে বলে মনে হয় না।আমীন আহম্মদ চৌধুরী: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ও সাবেক রাষ্ট্রদূত