২০১১ ক্রিকেট বিশ্বকাপ সামনে রেখে শুরু হওয়া এই ধারাবাহিকে আজ থাকছে ২০০৩ বিশ্বকাপ। লিখেছেন রণজিৎ বিশ্বাসতো মার বাড়িতে খেলব না আমি, ও বাড়িতে নিরাপত্তা নেই—এমন উচ্চারণ আমরা প্রথম শুনেছিলাম ’৯৬ সালে, উপমহাদেশে যখন বিশ্বকাপ নেমেছিল দ্বিতীয়বারের মতো। শ্রীলঙ্কায় গিয়ে খেলল না অস্ট্রেলিয়া আর ওয়েস্ট ইন্ডিজ। তেমন হুমকি আরেকবার তৈরি হলো, ২০০৩ সালে। একসঙ্গে তিনটি দেশ বলল, নিরাপত্তার দেবী আফ্রিকার দুই ঠিকানায় সুস্থ নেই, আমরা ওখানে যাব না। অস্ট্রেলিয়ার সঙ্গে যোগ দিল ইংল্যান্ড আর নিউজিল্যান্ড। ছোট দুটি আয়োজক দেশে না নামার বিষয়ে ওরা এক রা হয়ে গেল প্রোটিয়াদের দুই প্রতিবেশী জিম্বাবুয়ে ও কেনিয়ার বিরুদ্ধে।রক্ষা, শেষ পর্যন্ত ফেব্রুয়ারিতে ১৪ দেশের অংশগ্রহণে আফ্রিকার তিন দেশে ৪২ দিনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। মাঠে নামল দুবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, দুবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, একবার করে চ্যাম্পিয়নশিপের স্বাদ পাওয়া ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা এবং ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, কেনিয়া, হল্যান্ড, নামিবিয়া, কানাডা ও ১৯৯৯ সালের বিশ্বকাপ বিস্ময় বাংলাদেশ।বাংলাদেশ তাদের দ্বিতীয় আসরেই সাক্ষী হলো চামিন্ডা ভাসের বিস্ময় হ্যাটট্রিকের। ১৪ ফেব্রুয়ারি, পিটার মারিজবার্গে ম্যাচের প্রথম বলে বাংলাদেশের হান্নান সরকার বোল্ড। বোলার চামিন্ডা ভাস। দ্বিতীয় বলে আশরাফুল কট অ্যান্ড বোল্ড। তৃতীয় বলে এহসানুল হক কট জয়বর্ধনে বোল্ড ভাস। ম্যাচের তৃতীয় বলে পুরো হয়ে গেল বিশ্বকাপের তৃতীয় হ্যাটট্রিক (আগের দুজন চেতন শর্মা ও সাকলায়েন মুশতাক)। তবে, এমন প্রকৃতিবিরল ও স্বপ্নসম্ভব ঘটনা বিশ্বকাপে ঘটানো তো অনেক দূরের বাদ্য, ওডিআই ক্রিকেটেও আগে কেউ ঘটায়নি। পরের বলটিও ভাসের জন্য উইকেট নামিয়ে এনেছিল প্রায়। বিধাতাও যেন তাঁর পক্ষপাতের যত ঝোলাঝুলি সব ঢেলে দিচ্ছিলেন ভাসের মাথার ওপর। সানোয়ার কট হতেই যাচ্ছিলেন। নামের মতোই অসামান্য (ওয়ার্নাকুলসুরিয়া পাতাবান্দিগে উশান্ত যোশেফ চামিন্ডা ভাস) চামিন্ডাসাফল্যে হকচকিয়ে যাওয়া ফিল্ডাররা তৎপর থাকলে ডেলিভারিটি বাউন্ডারি না ছাড়িয়ে কারও না কারও হাতের তালুতেই আটকে যেত। কিন্তু, বেঁচে যাওয়া সানোয়ার ঠিক পরের বলেই এলবিডব্লিউ হয়ে বুঝিয়ে দিলেন জীবনের ফ্রেশ লিজ সবাই ভোগ করতে জানে না। একটি ম্যাচের প্রথম পাঁচ বলে চার উইকেট।এই বিশ্বকাপ ঘটন-অঘটনের নকশি কাঁথা রচে মাঠের পর মাঠে ম্যাচের পর ম্যাচে বিছিয়ে দিয়েছিল। টেন্ডুলকারের ১১ ইনিংসে বুঝিয়ে দিল ৬৭৩ (গড় ৬১.১৮) বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ।আসরের প্রথম পর্বই বিদায়পর্ব দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের। টেস্ট পরিবারের বাইরের একটি দেশ এবারই প্রথম সেমিফাইনাল খেলে। কেনিয়া।ফাইনালে অস্ট্রেলিয়া টস জিতে প্রহার পেতে বুকপাতা সৌরভ গাঙ্গুলীর ভারতকে লক্ষ্য দিয়েছিল ৩৬০ রানের। এত বড় পরীক্ষায় এর আগে কোনো দল পাস করতে পারেনি। অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হওয়ার পথে ‘অন ইয়র মার্ক গেট সেট গো’ বলার সঙ্গে সঙ্গে জহির খানের প্রথম ওভার থেকে ১৫ রান তুলেই বুঝিয়ে দিয়েছিল, ভুলেও যেন কেউ না ভাবে যে তাদের তৃতীয় চ্যাম্পিয়নশিপ রোখার সাধ্য ভারতীয়দের আছে। হলোও তাই। ৪০ ওভারের (৩৯.২) মধ্যেই ২৩৪ রানে অলআউট হয়ে ভারত হারল ১২৫ রানে। ২০০৩ বিশ্বকাপ ওয়াসিম আকরামকে বসায় ওডিআই ক্রিকেটে ৫০০ উইকেট পাওয়া প্রথম বোলারের আসনে। বিশ্বকাপে ৫০ উইকেট পাওয়া প্রথম বোলারও হন তিনি। ৬৭ বলে বিশ্বকাপ আসরের দ্রুততম সেঞ্চুরি করেন কানাডার ডেভিসন; তা-ও আবার ওয়েস্ট ইন্ডিয়ান বোলারদের নির্দয় প্রহর্তা সেজে [১১১ রানের ইনিংসে আটটি চার, ছয়টি ছয়]। এই মানুষটিকে দলে নিয়েই কানাডা আবার ১৮ ওভারে ৩৬ রানে অলআউট হয় শ্রীলঙ্কার মোকাবিলায়। বৃষ্টির মতিগতি আর ডাকওয়ার্থ লুইস আইনের হিসেবে ভাবনার কিতাবে না রাখা নিজেদের বিশ্বকাপজীবনে তৃতীয় ধোঁকা খেয়ে (প্রথমবার ১৯৯২ সালে ইংল্যান্ডের কাছে সেমিফাইনালে, এক বলে ২২ রান তোলার পরীক্ষায় ‘ফেল’ করে দ্বিতীয়বার ১৯৯৯ সালে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ও তৃতীয়বার শ্রীলঙ্কার কাছে প্রথম পর্বে নিজেদের শেষ ম্যাচে টাই করার পরও ডাকওয়ার্থ লুই নিয়মের গিলোটিনে গলা হারিয়ে) নিজেদের বাড়ির উঠোনে দক্ষিণ আফ্রিকা ভাগ্যের বামে থেকে শেষ করে নতুন শতাব্দীর প্রথম বিশ্বকাপ। একনজরে ২০০৩ বিশ্বকাপদলীয় সর্বোচ্চ : অস্ট্রেলিয়ার ৩৫৯/২, ভারতের বিপক্ষেসবচেয়ে বেশি রান : শচীন টেন্ডুলকারের, ৬৭৩সর্বোচ্চ ইনিংস : ক্রেইগ উইশার্টের, ১৭২*সবচেয়ে বেশি উইকেট : চামিন্ডা ভাসের, ২৩সেরা বোলিং : ৭/১৫, গ্লেন ম্যাকগ্রারসেরা জুটি : ২৪৪ রানের, টেন্ডুলকার-সৌরভেরম্যান অব দ্য ফাইনাল : রিকি পন্টিংম্যান অব দ্য টুর্নামেন্ট : শচীন টেন্ডুলকার