নতুন শুরুর স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহখানেক আগের কথা। প্রথম আলোর ক্রীড়া বিভাগে ফোন করে ঢাকার স্কুলপড়ুয়া এক কিশোর জানতে চাইল, কবে শুরু রেটিং দাবা। সময়সূচির জন্য ফেডারেশনের ফোন নম্বর দিতেই সে খুব খুশি।দাবা ফেডারেশনের কার্যালয়ে গেলে চোখে পড়ে এন্ট্রি ফি দিয়ে রেটিং দাবা, সাপ্তাহিক অ্যাকটিভ দাবায় অংশ নিতে ‘অতি-আগ্রহী’ অনেক দাবাড়ুকে। কিন্তু এদের মতো অতি-উৎসাহীদের বাইরে কি খুব বেশি খেলোয়াড় আসছে দাবায়? উত্তর—না। দাবা থেকে বরং মুখ ফিরিয়ে নিচ্ছেন খেলোয়াড়েরা।বর্তমান অ্যাডহক কমিটিকে অবৈধ দাবি করে দাবা খেলা ছেড়েই দিয়েছেন দেশের দুই গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন (রাজীব) ও আবদুল্লাহ আল (রাকিব)। ফেডারেশনে আসেন না তাঁরা, জাতীয় ও আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়া তো দূরে থাক। এত কিছুর পরও এ বছর দাবার সাদা-কালো বোর্ডে রঙের ছোঁয়া লাগবে এমনই প্রত্যাশা। উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ফেডারেশনের জন্য বসে নেই। কাজ করে চলেছেন আপনমনে। গত বছর তাঁকে ব্যস্ত থাকতে দেখা গেছে নিজের সিক্স সিজনস দাবা টুর্নামেন্ট নিয়ে। উদীয়মান খেলোয়াড়দের প্রশিক্ষণও দিয়েছেন। এ বছরও কার্যক্রমটা নিয়ে যেতে চান আরও অনেক দূর, ‘শিশু-কিশোরদের নিয়ে কিছু একটা করতে চাইছি নতুন বছরে। গত বছর তো পারিনি।’ ফেডারেশনে কেমন যেন স্থবিরতা এসেছে বলেই মনে হয়েছে তাঁর, ‘ইদানীং এরা আগ্রহ হারিয়ে ফেলেছে।’ বর্তমান ফেডারেশনের কাছে কিছুই প্রত্যাশা করেন না আরেক গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার। তাঁর একমাত্র চাওয়া যেন এ বছর গণতান্ত্রিক পরিবেশ ফেরে ফেডারেশনে। নির্বাচনটা অতি জরুরি বলে মনে হয়েছে তাঁর। সেই সঙ্গে আরেকটি চাওয়া, এ বছরই যেন আন্তর্জাতিক মাস্টার হতে পারেন আবু সুফিয়ান (শাকিল) ও মিনহাজউদ্দিন আহমেদ (সাগর)। মিনহাজের নিজের ইচ্ছাও সেটাই, ‘গত বছরটা ভালোই কেটেছে। জাতীয় চ্যাম্পিয়ন হয়েছি। এশিয়ান গেমসে ভালো খেলেছি। নর্মটা হতে হতেও হলো না। তবে আশা করছি এই বছর সেটা পূরণ হয়ে যাবে।’ আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদের চাওয়া মেয়েদের নিয়ে বেশি, ‘গত বছর মোটামুটি ভালোই খেললাম। এশিয়াডে, দাবা অলিম্পিয়াডেও মেয়েরা অন্যবারের তুলনায় অনেক ভালো করেছে। আশা করছি এ বছর মেয়েরা আরও ভালো করবে। তবে এ জন্য আরও পরিকল্পনার দরকার। উঠতি বয়সের ছেলেমেয়েরা যাতে উঠে আসতে পারে, তার জন্য আলাদা পরিকল্পনা করতে হবে।’ যোগ করলেন আরও, ‘যদিও মেয়েদের সামগ্রিক পারফরম্যান্স হতাশাজনক। এখন মেয়েদের সবচেয়ে বেশি প্রয়োজন সমর্থন। পরিবার ও ফেডারেশন, দুই জায়গা থেকেই এটা দরকার। এই সমর্থন না পেলে প্রত্যাশা করেও লাভ নেই। এখন যারা খেলছে, তারাও ঠিকমতো খেলার সুযোগ পাচ্ছে না। মফস্বলের একটা মেয়ে ঢাকায় এসে থাকবে কোথায়? খেলবে কীভাবে? এগুলো ভেবে দেখতে হবে।’ উদাহরণ টানলেন রানী, ‘কুষ্টিয়া থেকে প্রতিভা তালুকদার নামের একটা মেয়ে শুধু পরিবারের সমর্থনে এত দূর উঠে এসেছে। কিন্তু তার পরিবারের মতো তো সবাই সমর্থন দেয় না। এ জন্য মেয়েদের আলাদা বাজেট ও পরিকল্পনা জরুরি।’ ২০০৮ সালের সেপ্টেম্বরে দায়িত্ব নেয় বর্তমান অ্যাডহক কমিটি। চোখে পড়ার মতো কাজ করতে পারেনি এই কমিটি। এখনো ফেডারেশনেও দ্বিধাবিভক্ত। বর্তমান কমিটিরই অনেকে আসেন না ফেডারেশনে। তবে আশার কথা শোনাচ্ছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মোকাদ্দেস হোসাইন, ‘আশা করি নতুন বছরে বেশি বেশি টুর্নামেন্ট করতে পারব। ছোট-বড় মিলিয়ে শতাধিক টুর্নামেন্ট করতে চাই এবার। ঢাকার বাইরে দাবাকে ছড়িয়ে দেওয়ার যে পরিকল্পনা হাতে নিয়েছি, সেটা আরও বড় পরিসরে করব এবার। আরও বেশি বেশি জেলায় হবে টুর্নামেন্ট।’ কথার সঙ্গে কাজের মিল থাকলেই হয়! হকি-রঙ্গের শেষ হোক: এশিয়ান গেমসে ভরাডুবি, দল নির্বাচন নিয়ে বিতর্ক, কোচ-রঙ্গ—সব মিলিয়ে গত বছরজুড়ে আলোচনায় ছিল হকি। ঢাকা ছাড়ার আগে জার্মান কোচ পিটার গেরহার্ড ফেডারেশনকে একটা বিশেষণ দিয়ে গেলেন, ‘পুরোনো ঢাকার মাফিয়া’। বিদায়ী কোচের এ কথার প্রতিফলন দেখতে চান না হকি অঙ্গনের কেউই। নতুন বছরে নতুন যাত্রা হোক মৃতপ্রায় হকির।ফেডারেশনের সাধারণ সম্পাদক খোন্দকার জামিল শোনালেন আশার কথা, ‘নতুন বছরে হকিকে ঢেলে সাজানোর পরিকল্পনা আছে আমাদের। নতুন কোচ আনা হবে। অনিয়মিত টুর্নামেন্টগুলো নিয়মিত করব। যুব হকি, জাতীয় হকি এবং উপজাতি হকি—কিছুই বাদ যাবে না। বিকেএসপিতে অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প হবে। এটা চলবে টানা এক বছর। সব মিলিয়ে একটা আশার বছর হিসেবে দেখতে চাইছি আমি।’ জাতীয় দলের সাবেক তারকা রফিকুল ইসলাম (কামাল) চাইছেন এসব কথার বাস্তবায়ন। কর্তাদের কথার তুবড়ি আর শুনতে চান না তিনি, ‘নতুন বছরে চাইছি হকি নিয়মিত মাঠে থাকুক। শুধু ঢাকাকেন্দ্রিক নয়, দেশজুড়ে হকি হোক।’ জাতীয় দলের আরেক সাবেক আরিফুল হক প্রিন্সের চাওয়াও অভিন্ন, ‘বড় দলগুলো দায়িত্বশীল হোক, এটাই আমার বড় চাওয়া। এরা এক জোট হয়ে হকি সর্বনাশ করে।’ জাতীয় দলের স্ট্রাইকার রাসেল মাহমুদ (জিমি) চাওয়া, ‘গত বছরের বাজে পারফরম্যান্স কাটিয়ে নতুন বছরে ভালো খেলতে চাই।’