নতুন শৃঙ্গ জয় টেন্ডুলকারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোয়ালিয়রের রুপ সিং স্টেডিয়ামে তখন গোধূলি। এই ম্লান আলোতে তো আর ক্রিকেট চলে না! তাই জ্বলে উঠল ফ্লাডলাইট। আর ওই আলোর মধ্যে এসে পড়ল আরেক আলো। অনেক তীব্র সেই আলো। জ্বেলে দিলেন শচীন টেন্ডুলকার। স্টেডিয়ামের রূপটাই গেল বদলে। ওটি তখন সমুদ্রের ফেনিল উচ্ছ্বাসে ভাসছে। কী করেছেন কাল টেন্ডুলকার? না, বেশি কিছু নয়। একটা ডাবল সেঞ্চুরি।একটা ডাবল সেঞ্চুরির এমনই মাহাত্ম্য!টেস্টে ডাবল সেঞ্চুরি তাঁরই আছে চারটি। সতীর্থ বীরেন্দর শেবাগই তো শতক পেরোলে দ্বিশতকের দিকে ছোটান তাঁর দুর্নিবার গতি। কিন্তু এটি ক্রিকেটের বহু প্রার্থিত, বহু প্রতীক্ষিত দ্বিশতক। এটির প্রতীক্ষায় একদিনের ক্রিকেট পেরিয়ে এসেছে ২৯৬১টি ম্যাচ। কাল ২৯৬২তম ম্যাচে টেন্ডুলকারের ব্যাটেই সেটি দেখল। ক্রিকেট-বিশ্ব তা গ্রহণ করল আনত শ্রদ্ধায়। যাঁর ব্যাটে এটি অনূদিত হওয়ার কথা ছিল, তিনিই এটির জনক—শচীন রমেশ টেন্ডুলকার! দক্ষিণ আফ্রিকার পরাজয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে ম্যাচসেরার পুরস্কার পাওয়া ক্রিকেট-বিস্ময় অবশ্য কেবলই ভারতবাসীকে উত্সর্গ করলেন তাঁর ডাবল সেঞ্চুরি। এই শতকোটি মানুষের ভালোবাসাই যে তাঁকে ২০ বছরেরও বেশি সময় ক্রিকেটের অভিযাত্রী করে রেখেছে!দক্ষিণ আফ্রিকার জন্য ম্যাচটি ছিল ভারতের কাছ থেকে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের দুই নম্বর জায়গাটা ছিনিয়ে নেওয়ার শেষ চেষ্টা। সঙ্গে আইসিসির ৭৫ হাজার ডলার পুরস্কার নিশ্চিত করারও উপলক্ষ। টস জিতে ব্যাটিং-স্বর্গে ভারত যখন ব্যাটিং বেছে নিল প্রথম, দক্ষিণ আফ্রিকার জন্য হয়তো সাময়িক মনঃপীড়ার কারণ হয়েছিল তা। কিন্তু তাতে কি, পুরো ম্যাচটাই তো তখন পড়ে ছিল জেতার জন্য! দলীয় ২৫ আর ব্যক্তিগত ৯ রানে বোলারদের খুনি শেবাগকে ফিরিয়ে দেওয়ায় জয়ের আশাটা তাদের চূড়ান্ত রকমের সজীব। তখনই উইকেটে জমে গেলেন টেন্ডুলকার, সঙ্গে দিনেশ কার্তিককে নিয়ে মেতে উঠলেন দক্ষিণ আফ্রিকান বোলিং খুনের নেশায়। দ্বিতীয় উইকেটে গড়লেন ১৯৪ রানের পার্টনারশিপ। এর মধ্যে ওয়ানডেতে হয়ে গেছে তাঁর ৪৬তম সেঞ্চুরি, যেটি আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ৯৩তম। সেঞ্চুরি করেছেন ৯০ বলে, ১৩টি চারে। কার্তিকের বিদায়ের পর টেন্ডুলকারের ব্যাট একটু থেমেছিল বটে, কিন্তু তার মধ্যেও ছিল অন্য একটা তেজ। কিন্তু কে জানত চার্লস কভেন্ট্রি আর সাঈদ আনোয়ারকে অতীতের পাতায় ঠেলে দেবেন! টেন্ডুলকার ঠেলে দিলেন। ৩৭-এ দাঁড়িয়ে সেই ১৬ বছরের উদ্ধত তরুণের মতো।ভারতের বিপক্ষে ১৯৯৭ সালে সাঈদ আনোয়ার ১৯৪ রান করে ওয়ানডের শিখরে ছিলেন ১২ বছর ধরে। গত বছর বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ১৯৪ রানের ইনিংসে আনোয়ারকে ছুঁয়ে ফেলেন জিম্বাবুয়ের কভেন্ট্রি। আর কাল তাঁদের দুজনকে ঠেলে ফেলেই সবার ওপরে উঠলেন ওয়ানডে ও টেস্টের সর্বোচ্চ সেঞ্চুরি ও রানের মালিক। চার্ল ল্যাঙ্গেভেল্টের করা ইনিংসের শেষ ওভারের তৃতীয় বলে একটি সিঙ্গেল থেকে শেষ পর্যন্ত পেয়ে গেলেন সেই ডাবল সেঞ্চুরি এবং অপরাজিত থাকলেন। ভারত ওয়ানডেতে তৃতীয়বারের মতো দেখল চার শতাধিক রান (৪০১/৩)।ব্রায়ান লারা টেস্টে অপরাজিত ৪০০ রান করে বসে আছেন অনতিক্রম্য পাহাড়চূড়ায়। নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের তৃতীয় দশকে এসে কাল ওয়ানডেরও দুর্লঙ্ঘ্য চূড়ায় উঠে গেলেন ভারতের ক্রিকেট কোহিনূর। ওয়ানডে ক্রিকেট তাহলে টেন্ডুলকারের দেওয়া অলংকার পরবে বলেই বসে ছিল এত দিন!