নতুন শেয়ার ছাড়ার প্রস্তাব আটকে আছে, নিয়ন্ত্রণে থাকছে না বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে প্রতিদিন বিনিয়োগকারীর সংখ্যা বাড়লেও ভালো কোম্পানির শেয়ার বাড়ছে না। পরিশোধিত মূলধনের ৪০ শতাংশ প্রাথমিক শেয়ার হিসেবে বাজারে ছাড়তে হবে বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে নতুন শেয়ার ছাড়ার বেশ কিছু প্রস্তাব আটকে গেছে। এদিকে চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ১০ দিনে নতুন বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব খোলা হয়েছে এক লাখ ২৩ হাজারের মতো। অর্থাত্ এ সময় গড়ে প্রতিদিন ১২ হাজার বিও হিসাব খোলা হয়েছে। শেয়ারবাজারে বিনিয়োগ করতে বিও হিসাব খোলা বাধ্যতামূলক। শেয়ারের তথ্য সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) তথ্য অনুসারে, বর্তমানে বিও হিসাবের সংখ্যা ২১ লাখ ৭০ হাজার। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) মনে করে, সরকারের সিদ্ধান্তে বাজারে ভালো শেয়ারের সরবরাহ আরও সংকুচিত হতে পারে। পরিশোধিত মূলধনের কমপক্ষে ৪০ শতাংশ প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বাজারে ছাড়তে হবে বলে অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাজারবান্ধব হয়নি। এসইসির মতে, অর্থ মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গেলে বিনিয়োগকারীদের ঝুঁকি অনেক বেড়ে যাবে, যা দেশের পুঁজিবাজারের স্বার্থের অনুকূল হবে না। গত ৩১ জানুয়ারি অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে এ ব্যাপারে একটি চিঠি পাঠায় এসইসি। চিঠিতে এসইসি জানিয়েছে, সাম্প্রতিক বাজার পরিস্থিতি বিশ্লেষণে দেখা গেছে, আইপিওতে অংশগ্রহণকারীসহ বিপুলসংখ্যক বিনিয়োগকারী শেয়ারবাজারে দৈনন্দিন লেনদেনে অংশ নিচ্ছে। এ সংখ্যা দিনদিন বাড়ছে। কিন্তু সে তুলনায় ভালো শেয়ারের সরবরাহ বাড়ছে না। এসইসি বলেছে, পরিশোধিত মূলধনের ৪০ শতাংশ আইপিওর মাধ্যমে বাজারে ছাড়ার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গেলে বাজারে ভালো শেয়ারের সরবরাহ আরও সংকুচিত হয়ে পড়বে। ফলে ইতিমধ্যে তালিকাভুক্ত বিদ্যমান শেয়ারগুলো অযৌক্তিকভাবে মৌলভিত্তির অধিক মূল্যে লেনদেন হওয়ার সম্ভাবনা থাকবে, যাতে বিনষ্ট হবে বাজারের বৈশিষ্ট্য ও স্বাভাবিকতা।সরকারের এই সিদ্ধান্তের কারণে এসইসিতে বর্তমানে বিকন ফার্মাসিউটিক্যালস, আইআইডিএফসি এবং এলএসআই ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের তিনটি কোম্পানির প্রাথমিক শেয়ার (আইপিও) ছাড়ার প্রস্তাব আটকে আছে বলেও জানা গেছে। পরিস্থিতি সামাল দিতে এসইসি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে বিকল্প একটি প্রস্তাব পাঠিয়েছে বলে জানা গেছে। এতে বলা হয়েছে, আইপিওর ক্ষেত্রে ন্যূনতম পরিশোধিত মূলধন হবে ৪০ কোটি টাকা। তবে ৭৫ কোটি টাকা পর্যন্ত পরিশোধিত মূলধনের ক্ষেত্রে আইপিওর জন্য ৪০ শতাংশ বরাদ্দ রাখতে হবে। ৭৫ কোটি টাকা থেকে ১৫০ কোটি টাকা পর্যন্ত পরিশোধিত মূলধনের ক্ষেত্রে আইপিওর আকার হবে ২৫ শতাংশ বা ৩০ কোটি টাকা, এর মধ্যে যেটি বেশি। পরিশোধিত মূলধন ১৫০ কোটি টাকার বেশি হলে আইপিওর আকার হবে ১৫ শতাংশ বা ৪০ কোটি টাকার মধ্যে যেটি বেশি। আইপিওর অনুমোদন পেতে ন্যূনতম যোগ্যতা কোম্পানির বিদ্যমান পরিশোধিত মূলধন ও বাজারে শেয়ার ছেড়ে নতুন যে পরিমাণ মূলধন বাড়াতে চায়, তার সম্মিলিত পরিমাণ ৪০ কোটি টাকা হতে হবে। পরে এর ন্যূনতম ৪০ শতাংশ শেয়ার ছাড়ার প্রস্তাব দিতে হবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারী প্রথম আলোকে জানান, এসইসির এই প্রস্তাবের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া যায়নি। তবে দ্রুত একটি সিদ্ধান্ত নেওয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ও ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ খান আইপিওর আকার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত এবং এসইসির নতুন প্রস্তাব—উভয়েরই সমালোচনা করেন। তিনি বলেন, অর্থ মন্ত্রণালয়ের ওই সিদ্ধান্ত বাজারবান্ধব নয়। বাজারে এখন পর্যন্ত তালিকাভুক্ত নয় এমন একটি মোবাইল ফোন কোম্পানির পরিশোধিত মূলধনের কথা উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, এ রকম শর্ত দেওয়া হলে কোম্পানিটি কি তার শেয়ার ছাড়বে। এসইসির নতুন প্রস্তাব সম্পর্কে তিনি বলেন, এ রকম ফর্মুলা দিয়ে বাজারের প্রতি আকর্ষণ তৈরি করা যাবে না। বাজারের স্বার্থেই এসব উদ্ভট চিন্তা বাদ দেওয়া উচিত। এদিকে, এ রকম পরিস্থিতিতে বিনিয়োগকারীর আধিক্য এবং ভালো শেয়ারের সংখ্যা কম থাকায় বাজারে তারল্যপ্রবাহ বেড়েই চলছে। চলতি বছরে প্রথম দেড় মাসে পুঁজিবাজারের গড় লেনদেন হয়েছে এক হাজার ৩০০ কোটি টাকার ওপরে। সর্বোচ্চ লেনদেন হয়েছে এক হাজার ৬৯০ কোটি টাকা। এ সময় লেনদেন কখনোই এক হাজার কোটি টাকার নিচে নামেনি। অথচ গত বছরে এক হাজার কোটি টাকার লেনদেন হয়েছে মাত্র ২৩ বার। অর্থাত্ পুঁজিবাজারে বিনিয়োগকারীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে তারল্যও বেড়েছে বিপুলভাবে। গত দেড় মাসে মাত্র দুটি নতুন কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়েছে। এ দুটি কোম্পানি আবার শেয়ার ছাড়ার প্রক্রিয়া শুরু করেছিল গত বছর। কোম্পানি দুটির লেনদেনযোগ্য মোট শেয়ার সংখ্যা ৩৯ লাখ। অভিহিত মূল্যের হিসাবে যার মোট মূল্য ৩৯ কোটি টাকা, যা চাহিদার তুলনায় খুবই সামান্য। স্বল্পসংখ্যক শেয়ারের পেছনে বেশি পরিমাণ তারল্যপ্রবাহ বাজারে শেয়ারের দাম বাড়িয়ে দিচ্ছে, যা শেষ পর্যন্ত বিনিয়োগকারীদের ঝুঁকিই বাড়াচ্ছে। এ অবস্থায় বাজার নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খাচ্ছে এসইসি।