নতুন সপ্তাশ্চর্যের একটি ‘ইগুয়াজু’ জলপ্রপাত (ভিডিও)
ব্রাজিলের সীমান্তবর্তী আর্জেন্টিনার ইগুয়াজু জলপ্রপাত বিশ্বের নতুন প্রাকৃতিক সপ্তাশ্চর্যের একটি বলে নির্বাচিত হয়েছে। ভোটাভুটির ভিত্তিতে ইগুয়াজুর সপ্তাশ্চর্যের তালিকায় স্থান করে নেয়। নতুন সপ্তাশ্চর্য নির্বাচন সংস্থার সভাপতি বার্নার্ড ওয়েবার এ কথা জানিয়েছেন। গত শনিবার ইগুয়াজুর আনুষ্ঠানিক স্বীকৃতির বিষয়টি ঘোষণা দেন তিনি।ওয়েবার জানান, দাপ্তরিক ঘোষণা ও উদ্বোধনের মধ্য দিয়ে একবিংশ শতাব্দীতে বিশ্ব-স্মৃতির অংশ হলো ইগুয়াজু। এ সাতটি স্থান পৃথিবীতে যত দিন টিকে থাকবে তত দিনই স্মরণীয় হয়ে থাকবে। রয়টার্স জানায়, বিশ্বের সপ্তাশ্চর্য নির্বাচনের উদ্দেশে ২০০৭ সালের ডিসেম্বর থেকে ২০০৯ সালের জুলাই পর্যন্ত বিশ্বব্যাপী ভোট গ্রহণ করা হয়। ভোটে অংশ নেয় বিশ্বের ৪২০টি প্রাকৃতিক স্থান। তবে ১০ লাখ ভোট গ্রহণ শেষে প্রাকৃতিক স্থানের সংখ্যা কমে ৭৭টিতে নেমে আসে। জানা গেছে, বিশ্বের প্রাকৃতিক সপ্তাশ্চর্যের অপর ছয়টি নিদর্শন হলো—আমাজান চিরহরিত্ বনাঞ্চল, ভিয়েতনামের হালং বে, দক্ষিণ কোরিয়ার জিজু উপদ্বীপ, ইন্দোনেশিয়ার কুমোদো উপদ্বীপ, ফিলিপাইনের পুয়ের্তো প্রিন্সেসা আন্ডারগ্রাউন্ড রিভার ও দক্ষিণ আফ্রিকার টেবিল পর্বত। রয়টার্স।