নতুন সরকার, নতুন সংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের জন্য ২০০৯ সালের সবচেয়ে বড় উপহার ছিল গণতন্ত্র। আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোটের ব্যাপক বিজয়ের পর নতুন সরকারের দায়িত্ব গ্রহণ ও নতুন সংসদের যাত্রা—দুটোই পেয়েছি বছরের শুরুতে। জাতীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটি নির্বাচন এই পথচলার সুযোগ করে দিয়েছিল। সরকারের মেয়াদের পাশাপাশি সংসদের মেয়াদও প্রায় এক বছর পূর্ণ হতে চলেছে। বছরের শেষে যখন নানা কিছুর হিসাব মেলাতে আমরা ব্যস্ত তখনই শুনছি, বিএনপির মহাসচিব বলছেন, ‘বিএনপি সংসদে যেতে চায়, তবে যাওয়ার পরিবেশ নেই।’ সিনিয়র যুগ্ম মহাসচিব বলছেন, ‘আমরা সংসদে যাওয়ার পক্ষে, তবে সে ধরনের পরিবেশ সৃষ্টির ব্যাপারে সরকার আগ্রহ দেখা যাচ্ছে না।’ বিরোধী দলে যারা থাকবে, তাদের কাছ থেকে এ ধরনের কথা শোনা যেন দেশবাসীর নিয়তি হয়ে গেছে। তবে আমাদের মনে আছে, বছরের শুরুতে (২৬ জানুয়ারি, ২০০৯) যখন এই সংসদেরও শুরু, তখন আশার মাত্রাটি ছিল ভিন্ন। শুরুটা হয়েছিলও ভিন্নভাবে। সংসদের প্রথম অধিবেশনেই পাওয়া গেছে বিরোধীদলকে, নব্বইয়ের পরের কোনো সংসদেই যা ঘটেনি। আশার আরও অনেক কারণ ছিল। এই সংসদ নির্বাচন হওয়ার আগে দুই বছর দেশে কায়েম ছিল এক বিশেষ শাসন। সেই সময় ঝড় বয়ে গেছে দেশে দীর্ঘ সময় ধরে চলে আসা রাজনীতির ওপর। জনমত তৈরি হয়েছিল রাজনৈতিক সংস্কারের পক্ষে, পুরোনো ধারার রাজনীতি আর নয়—এই ছিল শপথ। একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে পেয়েছি নতুন সংসদ। এরপর বিজয়ী দলের নেতা হিসেবে আওয়ামী লীগের সভানেত্রী শুনিয়েছিলেন আশার কথা, ‘বিরোধী দলকে আমরা সংখ্যা দিয়ে বিচার করব না।’ আর বিএনপিও তাদের নির্বাচনী ইশতেহারে বলেছিল, ‘ইস্যুভিত্তিক ওয়াকআউট ছাড়া কোনো দল বা জোট সংসদের সেশন বা বৈঠক বর্জন করতে পারবে না।’ সেই সংসদের প্রথম বছরের প্রায় পুরোটা বিরোধী দলের অংশগ্রহণ ছাড়া চলবে—এমন আশা কি কেউ করেছিল?শুরুটা শুরুর মতো থাকেনি। সরকারি দলের কাছ থেকে যে উদারতা আশা করা গিয়েছিল, সেখানে হোঁচট খেতে হয়েছে সংসদের শুরুতে। বিপুল বিজয়ের পর আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা প্রতিশ্রুতি দেওয়ায় আশা ছিল, বিরোধী দল থেকে একজন ডেপুটি স্পিকার পাওয়া যাবে। তা হয়নি। এরপর সংবিধান সংশোধন করে একাধিক ডেপুটি স্পিকারের পদ সৃষ্টি ও বিরোধী দলকে একটি পদ দেওয়ার কথা শোনা গিয়েছিল। এখন অবশ্য এমন কিছু আলোচনার মধ্যেও নেই, সরকারি দলের বিবেচনায় আছে বলেও মনে হয় না। আর রাষ্ট্রপতির সংবিধান লঙ্ঘনের অভিযোগ এনে বিএনপি সংসদ অধিবেশনের প্রথম দিন সংসদ ত্যাগ করে যে মহড়া দেখাল, সেটা স্থায়ী রূপ নিল দ্বিতীয় অধিবেশন থেকেই। সংসদে ফিরে না আসার কারণ হিসেবে আমরা দেখেছি, বিএনপি এরপর বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ তুলেছে। সংসদ বর্জন শুরুর কারণটি ছিল অধিবেশন কক্ষের সামনের সারিতে কম আসন দেওয়ার অভিযোগ, এরপর একে একে আরও অভিযোগ যুক্ত হয়েছে। আনুষ্ঠানিকভাবে বিএনপির পক্ষ থেকে সংসদে যাওয়ার শর্ত হিসেবে এ পর্যন্ত যেসব বিষয় তুলে ধরা হয়েছে, তার সংখ্যা এখন কম বেশি নয়টিতে এসে দাঁড়িয়েছে।বিরোধী দল ছাড়া সংসদ প্রায় পুরো এক বছর চলল, জাতীয় বাজেটও পাস হলো। এই হতাশার মধ্যেও এবারের সংসদ ভালো কিছু দৃষ্টান্ত রেখেছে। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংসদ ও মন্ত্রণালয়-সম্পর্কিত সব স্থায়ী কমিটি গঠিত হয়েছে এবারই প্রথম। এর আগে এই কমিটি গঠনে বছর পার হয়ে গেছে, এমন নজিরও রয়েছে। আরও একটি কাজ প্রথমবারের মতো হয়েছে এবারের সংসদে—বিরোধী দলের সাংসদদের মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচন করা হয়েছে। ভালো হতো, সরকারি হিসাব কমিটির সভাপতির পদটি বিরোধী দলকে দেওয়া হলে। তা অবশ্য হয়নি। তবে আগে যেখানে কমিটির সভাপতি পদে বিরোধী দলের সাংসদদের কোনো জায়গাই ছিল না, সেখানে এই পরিবর্তনকে একটি শুভসূচনা বলে মানতেই হবে। ৪৫টি সংরক্ষিত নারী আসনে নির্বাচনও প্রথম অধিবেশনেই শেষ হয়েছে। সংসদে গত তত্ত্বাবধায়ক সরকারের কার্যক্রম সাধারণভাবে অনুমোদন পেয়েছে। তবে বিভিন্ন সংস্কারমূলক কাজের জন্য বিগত তত্ত্বাবধায়ক সরকার বেশ কিছু অধ্যাদেশ জারি করেছিল। যার মধ্যে ৩২টি অধ্যাদেশ সংসদ পাস করলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ অধ্যাদেশ অনুমোদিত হয়নি। প্রধানমন্ত্রীর নিয়মিত প্রশ্নোত্তর পর্বকেও গত এক বছরের সংসদীয় কার্যক্রমের উল্লেখযোগ্য দিক হিসেবে বিবেচনা করতে হবে। সংসদের প্রথম অধিবেশনে যুদ্ধাপরাধের বিচারের সিদ্ধান্ত গ্রহণ করে আওয়ামী লীগ তাদের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের আশাবাদ জাগিয়েছে।নতুন সংসদ নিয়ে শুরুতে যে আশার আলো দেখা গিয়েছিল, সামান্য অর্জনের পর তার পুরোটাই যেন বিসর্জনে যেতে বসেছে। বিরোধী দল ছাড়া সংসদ চলেছে ঠিকই, কিন্তু তাতে প্রাণ থাকে না, এটাই স্বাভাবিক। প্রথম অধিবেশনের পর থেকে টানা সংসদ বর্জন করা বিএনপি ও তাদের সমমনা দলগুলোর সাংসদেরা অবশ্য সুযোগসুবিধা ও বেতন-ভাতা বর্জনের পথে যাননি। সাংসদ হিসেবে পাওয়া সব সুযোগসুবিধা, এমনকি বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে বিদেশে যাওয়ার সুযোগও ছাড়ছেন না, শুধু সংসদ অধিবেশনে যোগ দেওয়া ছাড়া।২০১০ সালে নতুন বছরের শুরুতে ৪ জানুয়ারি শুরু হতে যাচ্ছে সংসদের চতুর্থ অধিবেশন। ছোট বিরোধী দলও সংসদে কার্যকর ভূমিকা রাখতে পারে—এটা প্রমাণ করার সুযোগ বিএনপি ২০০৯ সালে হারিয়েছে। নতুন বছরে কি বিএনপি সেই সুযোগটি নেবে? এই অধিবেশনে বিএনপি যোগ দেবে—এমন কোনো নিশ্চয়তা দলটির পক্ষ থেকে পাওয়া যায়নি। আমরা শুধু আশাই করতে পারি, আহ্বানও জানাতে পারি। বলতে পারি, বিএনপি সংসদে যোগ দিক, সংসদই হোক সব আলোচনা, তর্কবিতর্ক, সরকারের কাজের বিরোধিতা বা সমালোচনা—সবকিছুর কেন্দ্রবিন্দু। এ রকম একটি কার্যকর সংসদের আশা দিয়েই শুরু হোক নতুন বছর।