নতুন সাজে আহসান মঞ্জিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আহসান মঞ্জিল জাদুঘরের গ্যালারিগুলো সাজানো হয়েছে নতুন করে। দীর্ঘদিন ধরে সংস্কারের পর গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে নতুন গ্যালারির দ্বারোদ্ঘাটন করেছেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। ঢাকার নবাবদের আবাসিক ভবন আহসান মঞ্জিলের রংমহল অংশের ৩১টি কক্ষের মধ্যে ২০টির গ্যালারি নতুন করে সাজানো হয়েছে।গতকাল উদ্বোধনী দিনে দর্শকের ভিড়ও ছিল যথেষ্ট। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন ও ভারপ্রাপ্ত সংস্কৃতিসচিব সুরাইয়া বেগম।আহসান মঞ্জিলের ভেতরে সংস্কার করা হলেও বাইরের অংশে তেমন কোনো উন্নয়ন দেখা যায়নি। আশপাশে গড়ে উঠেছে বেশ কয়েকটি সুউচ্চ ভবন। দেয়াল ঘেঁষে তৈরি হয়েছে বেশ কিছু অস্থায়ী দোকানপাট। পশ্চিম ফটকের পাশে ময়লা-আবর্জনার স্তূপ। ভবনের সামনের দিকে অর্থাৎ বুড়িগঙ্গামুখী দরজাটি বন্ধ। দেয়াল ঘেঁষে মলমূত্র ও আবর্জনার জঞ্জাল।আহসান মঞ্জিলের জাদুঘরের উপকিপার মো. আলমগীর প্রথম আলোকে বলেন, আহসান মঞ্জিলের পাশে সুউচ্চ ভবন নির্মাণের ব্যাপারে অতীতে অনেকবার রাজউকসহ বিভিন্ন দপ্তরে চিঠি দিয়ে অভিযোগ করা হয়েছে। কিন্তু কোনো ফল হয়নি।আহসান মঞ্জিল রয়েছে জাতীয় জাদুঘরের তত্ত্বাবধানে। জাতীয় জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস জানান, তাঁরা আহসান মঞ্জিলের ঐতিহ্য রক্ষায় আশপাশের জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিয়েছেন।আহসান মঞ্জিলের ইতিহাস: আহসান মঞ্জিল ঢাকায় উনিশ শতকে ধ্রুপদি বৈশিষ্ট্যে নির্মিত একটি অনবদ্য স্থাপত্য নিদর্শন। ঢাকা মহানগরের দক্ষিণাংশে বুড়িগঙ্গা নদীর তীরে এই সুরম্য অট্টালিকাটি অবস্থিত। নবাব খাজা আবদুল গনি একটি ফরাসি কুঠি পরিবর্ধন করে এই বৃহৎ ও অনুপম প্রাসাদ নির্মাণ করেন। এর নির্মাণকাজ ১৮৫৯ খ্রিষ্টাব্দে শুরু হয়েছিল এবং ১৮৬৯ খ্রিষ্টাব্দে শেষ হয়। ইংরেজদের বিখ্যাত নির্মাণপ্রতিষ্ঠান মার্টিন অ্যান্ড কোম্পানি ভবনটির নির্মাণকাজ করেছিল। নবাব আবদুল গনি তাঁর ছেলে খাজা আহসানউল্লাহর নামে প্রাসাদটির নামকরণ করেন ‘আহসান মঞ্জিল’। ১৮৮৮ সালের ৭ এপ্রিল টর্নেডোর আঘাতে আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষতি হয়। নবাব আহসানউল্লাহ দেশের খ্যাতনামা প্রকৌশলী গোবিন্দ চন্দ্র রায়কে দিয়ে এটি পুনর্নির্মাণ করান।আহসান মঞ্জিল দুটি সুষম অংশে বিভক্ত। মাঝখানে গোলাকার কক্ষের ওপর সুউচ্চ অষ্টকোণ গম্বুজটি স্থাপিত। এর পূর্বাংশে রয়েছে বসার ঘর, পাঠাগার, তাস খেলার ঘর এবং তিনটি অতিথি কক্ষ ও বৃহদাকার খাবার ঘর। পশ্চিমাংশে রয়েছে নাচঘর, হিন্দুস্তানি কক্ষ ও তিনটি শয়নঘর, দরবারগৃহ, বিলিয়ার্ড কক্ষ, তোষাখানা বা সিন্দুক কক্ষ।আহসান মঞ্জিলের গুরুত্ব বিবেচনা করে সংরক্ষণের জন্য পাকিস্তান আমল থেকেই প্রচেষ্টা চালানো হচ্ছিল। জানা গেছে, নবাব পরিবারের উত্তরাধিকারীরা অর্থাভাবে ভবনটি নিলামে বিক্রির সিদ্ধান্ত নেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আহসান মঞ্জিলের ঐতিহাসিক গুরুত্ব অনুধাবন করে ১৯৭৪ সালের ২ নভেম্বর প্রাসাদটি বিক্রির প্রস্তাব নাকচ করে দেন এবং একে সংরক্ষণ করে সেখানে জাদুঘর ও পর্যটনকেন্দ্র নির্মাণের নির্দেশ দেন। বঙ্গবন্ধুর নির্দেশের পরিপ্রেক্ষিতে তৎকালীন ঢাকা জাদুঘরের পক্ষ থেকে এক কোটি ৬৪ লাখ টাকার প্রকল্প নেওয়া হয়। বিভিন্ন পর্যায়ে সংস্কারের পর ১৯৯২ সালের ২০ সেপ্টেম্বর আহসান মঞ্জিল জাদুঘর উদ্বোধন করা হয়।নতুন গ্যালারি: উপকিপার জানান, রংমহলের ৩১টি কক্ষের মধ্যে ২৩টি কক্ষে প্রদর্শনী গ্যালারি নতুন করে সাজানো হয়েছে। তবে সাতটি কক্ষের সংস্কারকাজ কিছুটা বাকি। আপাতত ২০টি কক্ষের গ্যালারি খুলে দেওয়া হয়েছে। এর নয়টি গ্যালারি ১৯০৪ খ্রিষ্টাব্দে জার্মান ফটোগ্রাফার ফ্রিৎজকপের তোলা আলোকচিত্রের সঙ্গে মিলিয়ে সাজানো। এগুলো হলো: খাবারঘর, বিলিয়ার্ড কক্ষ, হিন্দুস্তানি কক্ষ, কাঠের সিঁড়িঘর, পাঠাগার, তাস খেলার ঘর, অতিথিদের শয়নঘর, বসার ঘর ও নাচঘর।ঢাকার নবাব এস্টেটের পুরোনো অফিস ‘এডওয়ার্ড হাউস’ থেকেও কিছু জিনিস সংগ্রহ করা হয়। এ ছাড়া ফ্রিৎজকপের তোলা ছবির সঙ্গে মিলিয়ে নকশা করে প্রয়োজনীয় আসবাব তৈরি করে প্রদর্শনী সাজানো হয়েছে। বাকি কক্ষগুলো এ ভবনের ইতিহাস ও বৈশিষ্ট্যের সঙ্গে মিল রেখে সাজানো হয়েছে।ভবিষ্যৎ পরিকল্পনা: জাতীয় জাদুঘরের মহাপরিচালক জানান, ভবিষ্যতে আহসান মঞ্জিলের অন্দরমহল অংশের কক্ষগুলোতে নতুনভাবে নিদর্শন উপস্থাপনের পরিকল্পনা রয়েছে। নবাবদের গৃহাভ্যন্তরীণ দৃশ্য দেখানোর পাশাপাশি সেখানে ঢাকার উন্নয়নে তাঁদের বিভিন্ন কর্মকাণ্ডের তথ্য-উপাত্ত প্রদর্শন করা হবে। এ ছাড়া আহসান মঞ্জিল প্রাঙ্গণের চতুর্দিকে পায়ে চলার পথ এবং কয়েকটি ফোয়ারা নির্মাণের পরিকল্পনা রয়েছে।