নতুন সাজে রাজধানী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর স্টেডিয়ামের পশ্চিম দিকে ফুটপাতে রাখা অলংকৃত নৌকার পাশে দাঁড়ানো স্ত্রীর ছবি তুলছিলেন জিয়া উদ্দিন। তিনি এসেছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে। ছবি তোলা তাঁর পেশা। ব্রাহ্মণবাড়িয়া শহরে তাঁর একটি স্টুডিও আছে। বিয়ে করেছেন সদ্য। টেলিভিশনে বিশ্বকাপের জমকালো উদ্বোধন দেখে সিদ্ধান্ত নেন, ঢাকায় আসবেন সাজসজ্জা দেখতে।‘খবরে দেখলাম, রাজধানীতে সাজসজ্জার খুব বাহার। টিকিট তো নাই। মাঠে খেলা দেখতে পারব না। তাই ভাবলাম, সাজসজ্জা দেখে আসি। আজ বন্ধের দিনও ছিল। এই সুযোগে দুজনে চলে এলাম। সারা দিনের প্যাকেজ।’ বললেন জিয়া। কমলাপুর স্টেশনে না নেমে তাঁরা নেমেছেন ক্যান্টনমেন্ট স্টেশনে। সেখান থেকে বাসে এসেছেন শাহবাগে। এদিক দিয়ে আসার উদ্দেশ্য হলো, বিমানবন্দর থেকে শাহবাগ পর্যন্ত পথের সাজসজ্জা দেখা। সেখান থেকে বাসে এসেছেন মিরপুরে। বিশ্বকাপ উপলক্ষে গুলিস্তান-মিরপুর বাসগুলো নাকি সব ‘ডাইরেক্ট’ হয়ে গেছে। লোকাল বাস নেই। মিরপুর থেকে তাঁরা যাবেন গুলিস্তানে। বঙ্গবন্ধু স্টেডিয়াম দেখবেন। বিকেলে এক ফাঁকে বইমেলা ঘুরে রাতে আলোকসজ্জা দেখে বাসে বাড়ি ফিরবেন।তা কেমন লাগল ঢাকার সাজগোজ? পুলকিত জিয়া উদ্দিন বললেন, ‘আগামী ৫০ বছরের মধ্যেও আর এমন সাজসজ্জা হবে কি না সন্দেহ। বিশ্বকাপ তো আর প্রতিবারই আমাদের দেশে হবে না। এ জন্যই দেখতে এসেছি।’মোটেই বাড়িয়ে বলেননি জিয়া। ঢাকার সাজসজ্জা আসলেই এখন রীতিমতো দর্শনীয়। বিশেষ করে রাতের দৃশ্য অলকাপুরীর মতো, ঠিক যেমনটা বর্ণনা দিয়েছিলেন মহাকবি কালিদাস মেঘদূত-এ। শহরজুড়ে রঙিন আলোর রোশনাই। গাছপালাগুলোতে চমকাচ্ছে রঙিন আলোর বাতি। তার মধ্য থেকে আবার জলধারার মতো ঝরে পড়ছে রজতশুভ্র আলোর বিন্দু। কোনোটিতে আবার জ্বলছে-নিভছে দ্যুতিমান তারা। পথের মাঝখানের বৈদ্যুতিক বাতির খুঁটিগুলোর উভয় পাশে হাওয়ায় দুলছে বড় আকারের ধবল আলোর ক্রিকেট বল। তার ওপর তরঙ্গায়িত অবকাঠামোর সঙ্গে রঙিন আলোর ঝালর। শাহবাগ থেকে মিরপুর স্টেডিয়াম পর্যন্ত পথের মাঝবরাবর এই আলোকসজ্জা। সোনারগাঁও-শেরাটনে তো সন্ধ্যার পর রীতিমতো বিয়েবাড়ির জৌলুশ। সড়কদ্বীপের ফোয়ারাগুলো ফিনকি দিয়ে ছোটাচ্ছে আলোর আভায় বর্ণিল জলোচ্ছ্বাস। পথের পাশের অনেক বেসরকারি প্রতিষ্ঠানের ভবনও আলোকমালায় ঝলমলে হয়ে উঠছে সন্ধ্যার আঁধার নেমে এলে।বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ খেলছে ১৯৯৯ সাল থেকেই। কিন্তু দেশের মাটিতে বিশ্বকাপের আয়োজন এবারই প্রথম। সে কারণে এই বিশ্বযজ্ঞের বিশ্বমানের আয়োজনের অনুষঙ্গ হিসেবে শহরের সাজগোজের উদ্যোগও নেওয়া হয়েছিল। মিরপুর স্টেডিয়াম থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এবং মগবাজার থেকে কাকরাইল, বিজয়নগর হয়ে গুলিস্তান, এমন বেশ কিছু সড়ক দ্রুত সংস্কার করে মসৃণ করে তোলা হয়েছে। সেসব পথের পাশ দিয়ে বসানো হয়েছে ক্রিকেটারদের প্রমাণ আকারের কাটআউট। দৈনিক বাংলার মোড় থেকে বঙ্গভবন পর্যন্ত ডিআইটি সড়ক বিভাজকে সারিবদ্ধভাবে বাসানো হয়েছে দোয়েল, টিয়া, বক, পায়রা, হরিণ, শাপলা, শিমুলসহ হরেক রকম ফুল ও পশুপাখির কাটআউট করা প্রতিকৃতি। বঙ্গভবনের সামনে, স্টেডিয়ামের পশ্চিম প্রবেশপথে বসানো হয়েছে রিকশার প্রতিকৃতি ও বড় বড় হাতপাখা। সেখানে কোনোটি বর্ণমালাখচিত, কোনোটিতে অতিথিদের স্বাগত জানানো নানা উক্তি। জিপিওর সামনে নূর হোসেন চত্বরের উত্তর দিকে বসানো হয়েছে ব্যাট করার ভঙ্গিতে স্টিলের পাইপে তৈরি একটি ভাস্কর্য। শাহবাগ মোড়ে বসানো হয়েছে বিশাল আকারের অলংকৃত নৌকা। বারডেমের সঙ্গে সাঁটানো ইয়া বড় জাতীয় পতাকা। এতে টাইগার ক্রিকেটারদের প্রতি অভিনন্দনবাণী। কাকরাইল মোড়ের সড়কদ্বীপটি ঘিরে শোভা পাচ্ছে টাইগার ক্রিকেটারদের প্রমাণ আকারের প্রতিকৃতি। আর এক সার হাতপাখা সার্ক ফোয়ারার পাশে পান্থকুঞ্জসংলগ্ন সড়কদ্বীপে।এসব নান্দনিক দৃশ্য দেখতে দেখতে ওয়াসা ভবনের সমনে এসে ফুটপাতের দিকে তাকালে কিন্তু নির্ঘাত চমকে যেতে হবে। সেখানে দাঁড়িয়ে আছে মুলার মতো দাঁত, চুলার মতো চোখ, পাতিলের তলার মতো কালো চেহারার এক বিশাল দৈত্য। তবে ভয়ের কিছু নেই, দন্তবিকশিত হাসি দিচ্ছে সে ব্যাট হাতে। তাকে পেছন ফেলে ফার্মগেটে এলে চোখে পড়বে বুক ভরে ওঠার মতো দৃশ্য। পুরো ফার্মভিউ সুপার মার্কেটের সামনের অংশ মোড়ানো জাতীয় পতাকায়।বিজয় সরণি মোড় থেকে রোকেয়া সরণির ফুটপাত দিয়ে খানিক পর পর বসানো বৃহদাকার ডিজিটাল বোর্ড। এসব বোর্ডে আছে দেশের নানা প্রত্নতাত্ত্বিক নিদর্শন, নিসর্গ, বনভূমির চিত্রমালা। সড়কদ্বীপে বসানো হয়েছে বিভিন্ন দেশের জাতীয় পতাকার রঙে রঙিন ব্যাট-বল দিয়ে উদিত সূর্যের আদল। খেলোয়াড়দের কাটআউট বসানো হয়েছে ফুটপাতে। আগারগাঁওয়ের কাছে জাতীয় কুচকাওয়াজ ময়দানের পাশের সড়কদ্বীপটি সাজানো হয়েছে মৌসুমি ফুলের কেয়ারি, আলোকচিত্র, কাটআউটসহ বিভিন্ন অনুষঙ্গে।আগারগাঁও পার হওয়ার পরই পথের দুই পাশে চোখে পড়বে দোকানপাট, বসতবাড়ির ছাদে-কার্নিশে উড়তে থাকা অজস্র লাল-সবুজ পতাকা। ‘বাংলাদেশ ফার্নিচার কমপ্লেক্স’ নামের প্রতিষ্ঠানটি পুরোটাই লাল-সবুজ রঙে রাঙানো। পথের অন্য পাশে ‘নিউ রাঙ্গামাটি টিম্বার’। জাতীয় পতাকার রঙে রঙিন দোকানের ঝাপ। এভাবেই লাল-সবুজের মাঝ দিয়ে এগিয়ে গেলে খানিক পরই ক্রিকেটযুদ্ধের ময়দান—মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম।স্টেডিয়ামের চারপাশে আলোকসজ্জা। পশ্চিমের ফুটপাতজুড়ে টাইগার ক্রিকেটারদের রঙিন ছবি পেপসির সৌজন্যে। ফুটপাতজুড়ে আছে নৌকা, ব্যাট, ক্রিকেটারদের ভাস্কর্য। সেসব দেখতে এসেছেন অসংখ্য উৎ সুক মানুষ। ভাস্কর্যের সামনে ছবি তুলছিলেন মিরপুর কমার্স কলেজের তিন বান্ধবী হুমায়রা আলম, ফারজানা রহমান ও রুমানা ইসলাম। তাঁদের সাফ কথা, ‘বাংলাদেশ ছাড়া আর কোনো দলকে এবার সাপোর্ট করছি না। শুধুই বাংলাদেশ।’ তা কেমন করবে টাইগাররা? আত্মবিশ্বাসে তাঁরা টগবগে। ঝটপট জবাব, ‘কোয়ার্টার ফাইনাল তো অবশ্যই; সেমিফাইনালে গেলে আমরা খুব খুশি।’বিকেলে দেখা গেল টিএসসির মোড়ে ৭১ ফুট লম্বা ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছে একটি গাড়ি। আগ্রহী ব্যক্তিরা মই বেয়ে গাড়িতে উঠে ব্যাটে দস্তখত করছেন। ‘ক্লেমন’ নামের একটি কোমল পানীয় কোম্পানির পক্ষে এ আয়োজন।ছুটির দিনে অনেক মানুষ ঘর থেকে সপরিবারে বের হয়েছেন বেড়াতে। শহরজুড়ে এই সাজগোজের স্মৃতি ধরে রাখতে তাঁরা ভারি উৎ সুক। কেউ আলোকিত গাছতলায়, কেউ অলংকৃত নৌকার সামনে, কেউ ব্যাট-বল দিয়ে তৈরি উদিত সূর্যের সামনে প্রিয়জনদের দাঁড় করিয়ে ছবি তুলছিলেন মুঠোফোনের ক্যামেরায়। অনেকের হাতে আবার ছিল ডিজিটাল ক্যামেরা, যাতে ভিডিও করারও সুবন্দোবস্ত রয়েছে। তাঁদের আশপাশেই ঘুরঘুর করছেন জাতীয় পতাকা আর ভুভুজেলার বিক্রেতারা। এবার ভুভুজেলা নতুন সংযোজন। টিকিট পাওয়া ভাগ্যবানেরা আজ ঢুকবেন স্টেডিয়ামে। অন্যদের চোখ থাকবে টেলিভিশনের পর্দায়। গতকাল সন্ধ্যার পর প্রায় অচল হয়ে পড়েছিল মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে ১ নম্বর গোলচত্বর পর্যন্ত পুরো সড়ক। যানজট শুরু হয়েছিল ফার্মগেট থেকেই। বিজয় সরণি ও রোকেয়া সরণিজুড়ে ছিল মাথায় ব্যান্ড বাঁধা তরুণ-তরুণীদের বিপুল সমাগম। তাঁরা আনন্দ মিছিল করছিলেন পথে। তাঁদের সঙ্গে যোগ দিয়েছিল আলোকসজ্জা দেখতে ঘর ছেড়ে পথে নেমে আসা এলাকার হাজার হাজার আবালবৃদ্ধবনিতা। এতে রাত আটটার পর মিরপুর এলাকার সড়কগুলো যান-জনতার জটলায় কার্যত স্থবির হয়ে পড়ে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় ও গুলিস্তান এলাকাতেও বহু লোকের সমাবেশ ঘটেছিল আলোকসজ্জা দেখতে। জনতার কাপে পরিণত বিশ্বকাপ নিয়ে এবার অতি উচ্চাশা বাঙালির বুকে। আশাই তো প্রাপ্তির পথ দেখায়!